“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১২ আগস্ট, ২০১৮

ছবি ও চোখ

।। অভীক কুমার দে ।।


(C)Image:ছবি










নিজের স্থির ছবি দেখলেই
ভয়ে ভয়ে নিজের ভেতর ঢুকি,
ডুব দিয়ে আসি গভীরে
আরও গভীর জীবনজলে,
এখানে অনেক গভীরতা, অচেনা আমি
বুঝতে পারি ভেতর খুঁড়ে--
খুঁড়ে খুঁড়েই অস্থির ডুবুরি বাতাস
শরীর ছেড়ে শরীরে চোখ রাখে
 
ছবির স্থির চোখ দেখে হাঁপিয়ে ওঠে নিঃশ্বাস।
বন্ধ দমের দরজা ঠেলে কেউ
একসময় বেরিয়েও যায়,
অতঃপর চোখের চোখ হাসে তো হাসে
কাঁদে যদি কাঁদে নিজের মৃত্যু- মহড়ায়,
দুই ছবির এক আমি তখনও ভেতর খুঁড়ি
জানি, একদিন সব রঙ শুষে নেবে চোখ।


মানুষ কাহিনি


    ।।  এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C)Image:ছবি













একটা মানুষ জেলে থাকে, একটা মানুষ বনে।
একটা মানুষ সহজ সরল থাকে সবার মনে।।
একটা মানুষ হয়নি মানুষ বাঁচছে হয়ে ছাগল।
একটা মানুষ বকছে বসে হয়েই আছে পাগল।।
@
শব্দ তরঙ্গ,  পৃষ্ঠা নং ৮
( কপিরাইট সংরক্ষিত ) 

সাঁইসংলাপ

।। অশোকানন্দ রায়বর্ধন ।।
(C)Image:ছবি







তোমার কথা অক্ষরে অক্ষরে মানলাম গুরু
তোমার কথায় জীবন করলাম শুরু
'পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া আমি রই'
মাগো তুমি জনম দিয়া ফালাইয়া গেলা কই ৷
আব আতস খাক বাত এই মাটি মিশাইয়া 
আমার জৈবন আমার জীবন এইখানে কাটাইয়া
দুঃখে সুখে হাসিমুখে জীবন করলাম পার
পারঘাটাতে আইয়া জানলাম সবই যে অসার
সাঁই গো, আট কুঠুরি নয় দরোজার ঘরটা গেল কই
ভবের ঘরের দরজা বন্ধ আমি মালিক নই

দেশি কী বিদেশি কী কাঁটাতার কয় কারে
মনের সুখে মানুষ থাকুক এই দুনিয়া জুড়ে
দুনিয়ার মালিক দীন দুনিয়ার দরোজা খুলেন হাজার
বান্দা এসে দরোজা বান্ধে আজব ব্যবহার
সাঁইজী পরের জা'গা পরেরই হয় পরেরই ভূমি
তোমার আউলা কথা বাসি হইব ঘর পাইবা না তুমি ৷
 
গান বাঁধবা ঘরের কথা কইবা আর কত
আজব ফরমান জারি হইল তুমি বহিরাগত ৷


শনিবার, ১১ আগস্ট, ২০১৮

ভালোবাসা


     ।।  এম রিয়াজুল আজহার লস্কর  ।।

(C)Image:ছবি










আসছে মাঠে শত পাখি খাচ্ছে কী যে খুটে।
বাচ্চা পাখির জন্যে খানা যাচ্ছে নিয়ে ঠোঁটে।।
আটকে আছে পশু পাখি ভালোবাসার জালে।
মায়ের কাছে নিষ্ঠুরতা হয়না কোনো কালে।।
@
শব্দ তরঙ্গ, পৃষ্ঠা নং ২৭
( কপিরাইট সংরক্ষিত )

মা নু ষ

।। অশোকানন্দ রায়বর্ধন।।
(C)Image:ছবি











তোমাদের ভেতর যখন শ্বাপদের ঘুম ভাঙে
বুঝবে নির্বাচন এসেছে ৷ আর নির্বাসনে গেছে তোমাদের মানবতার মুখোশটিও ৷
অথচ এই উপকরণটিকে এতোদিন যত্ন করেছ ৷
এখন তোমাদের ভেতর থেকে প্রকট হয়ে ওঠে এক উন্মাদের আলখাল্লা ৷
নিজেকে ছাড়া প্রতিপক্ষকে পাগল মনে করো তোমরা ৷
তোমাদের সহযোগীদের উসকে দাও
  চিহ্নিত বিকৃতজনের বিরুদ্ধে ৷
অভিধানের সমস্ত স্বল্পব্যবহৃত শব্দের বহুল প্রয়োগ
শুরু করে দাও তোমরা একে অন্যের বিরুদ্ধে ৷ তোমাদের উচ্চারণে কেউ অবতার ইতর তো কেউ মহাপ্রস্থানের মিথপ্রাণী ৷
তোমরা এতোবেশি আত্মবিশ্বাসে ভরপুর থাকো যে
পরাজয়ের কোন আভাস থাকে না তোমাদের সামনে ৷
জয়ের বহু আগেই তোমরা বিজয়োল্লাস করো ৷
কটা দিন মানুষের জন্যে স্বপ্নের তালগাছ পুঁতে দাও ৷
তালগাছের রঙ সোনালি ৷ গাছটাও সোনার ৷ দুখিজন অভাগামানুষ স্বপ্নে তালগাছ দেখে ৷ তালগাছের সোনালি ঝিলিক দেখে ৷ তোমাদের মতো মানুষ দেখে না ৷
কারণ সে কদিন তোমাদের তো আর চেনা যায় না ৷ 
তোমাদের দাঁত বেরোয়, তোমাদের নখ বেরোয় ৷
তোমরা গর্জনে পটু হয়ে ওঠো পরস্পরের বিরুদ্ধে ৷
এভাবেই তোমরা মার্চ করো গণআদালত অব্দি ৷
পশমবাহী প্রাণীর মতো মিছিলে মিছিলে
তোমরা যে মানুষ থাকো না তখন আর ৷
তোমরা যে মানুষ হও না আর ৷


শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮

বিষণ্ণ শহর


 ।। দেবলীনা সেনগুপ্ত।।

(C)Image:ছবি







আমার শহর ঢেকে যাচ্ছে গাঢ় কুয়াশায়
জমাট ক্ষোভের মত বিষণ্ণ কুয়াশায়
ঢেকে যাচ্ছে আমার শহর
যে কোন সময় বিস্ফোরণ হতে পারে
ভয়াল বিস্ফোরণ—অন্তর্নিহিত কথার।
উৎসব শেষে যারা ফিরেছে ঘরে
তারা কেউ আনন্দিত নয়।
কেউ শোকগ্রস্ত নয়, যারা
এইমাত্র ফিরে এল টাটকা কবরে
তাজা ফুল ছড়িয়ে ।
শোক ও সুখ সমার্থক আজ।
ক্রিয়া-প্রতিক্রিয়াহীন স্থবির সময়
ঢেকে যাচ্ছে ধুসর কুয়াশায়
গাছের পাতা অস্বীকার করেছে বাতাসের গতি
নদীজল স্থির চিত্রের মত শুয়ে আছে
চলাচল ভুলে।
আগ্নেয় লাভায় রুদ্ধ সভ্যতার পটভূমে
জন্মায় না ইতিহাস।
প্রাগৈতিহাসিক  প্রাণীর  ধুম্রনিঃশ্বাসে
ক্রমশ; অস্পষ্ট জীবনের অবয়ব।
তবু হে অলৌকিক করপুট
তুলে নাও জীবনের বীজ ও সংগ্রাম
শুরু হোক, প্রেম ও  প্রাপ্তির
আশ্চর্য অধ্যায়।






শহরে ই-রিক্সা চলাচলে বাধা প্রদান যুক্তিযুক্ত নয়।


।।শৈলেন দাস।।
            
     
(C)Image:ছবি
 
যেকোন ধরণের পরিষেবার প্রাথমিক শর্ত হল সহজলভ্যতা, অধিক সুবিধা এবং কম খরচ। বর্তমানে শহরাঞ্চলে যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য ই-রিক্সা একটি আধুনিক মাধ্যম। এতে একদিকে যেমন কম খরচে যাত্রীরা নিজ গন্তব্যে পৌঁছতে পারেন সহজে, স্বল্প সময়ে। তেমনি অন্যদিকে সাধারণ শ্রেণীর বেকারদের সমস্যাও দূর হয়েছে বহুলাংশে। তাছাড়া ই-রিক্সার অন্যতম গুণ হল সেটি পরিবেশ বান্ধব। ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়ণ যখন পরিবেশকে প্রভাবিত করছে নিদারুণভাবে তখন জৈব জ্বালানী ছাড়া ই-রিক্সার চলাচল বিজ্ঞানসম্মত এবং অবশ্যই প্রযুক্তিগতভাবে পরিবেশের জন্য মঙ্গলজনক।
            শিলচর শহরে ই-রিক্সা চলাচলের ক্ষেত্রে যে বাধা রয়েছে তার প্রধান কারণগুলি হল - ১) অটো চালক/মালিক সংস্থাগুলির যৌথ আপত্তি। ২) বছর দুয়েক আগে জারি করা একটি সরকারি নির্দেশ এবং ৩) সামান্য রাজনীতির ক্ষেত্র প্রস্তুত করার কারক।
ই-রিক্সা শহরের যেকোন জায়গা থেকে যাত্রী তুলে তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছে দেয় সামান্য ভাড়ার বিনিময়ে এবং শহরের প্রধান রুট ছাড়া যেকোন গলিতে যাত্রীদের পৌঁছে দিতে কোন ধরনের গড়িমসি করেনা। অপরদিকে অটো রিক্সা তাদের নির্ধারিত রুট ছাড়া অন্য কোথাও রিজার্ভ না নিলে যায়না। বোঝাই যাচ্ছে এতে যাত্রীদের খরচের বহর কতটা বাড়ে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা স্পষ্ট হবে। শিলচর রেল ষ্টেশন বা ইণ্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে কোন অটোই একজন বা দুইজন যাত্রী নিয়ে বিবেকানন্দ রোড বা কলেজ রোড যাবেনা, গেলে রিজার্ভ নিতে হবে সেক্ষেত্রে কম করেও ভাড়া হবে  পঞ্চাশ বা ষাট টাকা বা তারও বেশি। অথচ ই-রিক্সা একজন বা দুজনকে নিয়েই রওয়ানা দেবে রিজার্ভ ছাড়াই। ভাড়া হবে জন প্রতি দশ টাকা মাত্র।
         ই-রিক্সার আরেকটি সুবিধা হল এর বহিঃগঠন একদম খোলামেলা, ফলে যাত্রীদের অনেক সুবিধা হয়েছে। তারা আগে থেকেই বুঝতে পারে, যে ই-রিক্সাটি আসছে সেটিতে কতজন যাত্রী রয়েছেন, তার বসার জায়গা হবে কিনা বা হলেও কোন সীটে তার বসার সম্ভাবনা ইত্যাদি। অন্যদিকে অটোর ক্ষেত্রে এই সুবিধাগুলি অপ্রতুল। একে তো বুঝাই যায়না, যে অটোটি আসছে সেটি অপেক্ষারত যাত্রীকে তুলবে কিনা। আর যদি তুলেও অটো থামানোর পর দেখা যায় বসার সীট নিয়ে অসুবিধা। বিশেষ করে কোন মহিলা যাত্রী যখন অটোতে উঠতে গিয়ে দেখেন ভেতরে দুজন পুরুষ যাত্রী রয়েছেন তখন সংকোচ বোধ করা স্বাভাবিক এবং থামিয়ে অটোতে না উঠতে বলাও এক ধরনের বিরক্তিকর অভিজ্ঞতা।
         অটো রিক্সা পরিবেশ বান্ধব নয়। জৈব জ্বালানি ব্যবহার করে যেহেতু অটো চলে এতে ন্যূনতম হলেও পরিবেশের ক্ষতি হয়। তাছাড়া বেশিরভাগ অটোই মেকানিক্যাল ত্রুটির জন্য অধিক ধোঁয়া ছাড়ে যা শহরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
        ই-রিক্সা নন-মোটরাইজড বাহনের আওতায় পড়ে বলে ট্র্যাফিক নিয়ম-কানুন এই বাহনের ওপর প্রযোজ্য নয়৷ তাছাড়া পারমিট বা রেজিস্ট্রেশন নেবার দরকার হয় না বলে ই-রিক্সা চালকরা যেমন খুশি চালায় এবং যেখানে সেখানে পার্ক করে৷ স্বাভাবিকভাবেই তা ট্র্যাফিক জ্যামের কারণ হয়। তবে শরের ব্যস্ততম রুটে অনুরূপ  সমস্যা সৃষ্টির অভিযোগ অটো রিক্সার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। বাকি থাকল সরকারি নির্দেশ এবং রাজনৈতিক ক্ষেত্র প্রস্তুত করার কথা। জনগণের বৃহত্তর সুবিধার কথা বিবেচনা করে পুরনো কোন নির্দেশ প্রত্যাহার করে নতুন নির্দেশ জারি করা সরকারের কাছে এমন কোন জটিল বিষয় নয়। প্রয়োজনে যাত্রী-বাহন হিসেবে ই-রিক্সার লাইসেন্স ও রেজিস্ট্রেশন ইস্যু করার শর্ত জুড়ে দিলেই হল যাতে ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন করলে শাস্তি দেয়া যায়৷
       একটি বিশেষ ব্যবস্থাকে সুবিধা পাইয়ে দিতে যুক্তিসংগত  নতুন ব্যবস্থাকে অবদমিত করার প্রয়াস রাজনৈতিকভাবে আত্মঘাতী। যেহেতু নিজেদের জন্য সুবিধাজনক বলে নতুন ব্যবস্থাটিকে জনগণ গ্রহণ করেছেন সাদরে তাই যাত্রীদের সুবিধার কথা ভেবে যেকোন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করাই শ্রেয়।
      অটো চালকদেরকে তাদের পরিষেবা যেমন সহজলভ্য এবং সরলতর করতে হবে তেমনি শহরে ই-রিক্সার চলাচলকে স্বাগত জানিয়ে সাধারণ শ্রেণীর বেকার ভাইদের প্রতি মানবিক দায়িত্ব পালনে উদার এবং সহনশীলও হতে হবে, প্রয়োজনে কিছুটা ক্ষতি স্বীকার করেও।

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

গরীবের আত্মকথা


।। রফিক উদ্দিন লস্কর।।
   

(C)Image.ছবি









নিঃস্বদের খাবার অভাব
নেইকো তাদের ঘর,
ছায়া সঙ্গী দুঃখ তাদের
থাকে জীবন ভর।
পথে পথে ঘুরছে শুধু
পেতে একটি কাজ ,
কামাই করতে সৎ পথে
নেইকো কোন লাজ।
থাকার মতো জায়গা নেই
গরম কিংবা শীতে,
কষ্ট করে রাতটা কাটায়
ষ্টেশনে বা ফুটপাতে।
শীর্ণ দেহে অল্প কাপড়
কেউ করে যে  ভিক্ষা ,
অসুখ বিসুখ হলে পরে
কে করিবে রক্ষা !
দুঃখ নিয়ে জন্ম যাদের
দুঃখের সাথে লড়ে ,
ছিন্নভিন্ন জীবন তাদের
কাল বোশেখির ঝড়ে।
তারা মানুষ আমরা মানুষ
মরার পরেই লাশ,
তাদের কাছে মানব জনম
ঘটালো সর্বনাশ ??
===========

০৯/০৮/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম)