“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৪ জুন, ২০১৮

ঘুণেধরা স্পৃহা


      ।।       রফিক উদ্দিন লস্কর      ।। 


(C)Image:ছবি














আকাশের গায়ে লিখে দিলাম সিঁদুর দিয়ে
অশ্রুকণায় যেনো মুছে না যায়,
কিছু প্রলাপ একদিন বাস্তব রূপ নিয়ে, আর
দুহাত বাড়িয়ে পথ আগলে রবে।
বৈশাখী বাতাসে উড়ে নিয়ে যাবে, কিছু স্মৃতি
পাতায় পাতায় সাজানো বিন্যাসে।
ধুলো পড়া ইতিহাস ছাপবে  নতুন সংস্করণে
অন্ধত্বের অবসানে প্রকাশ পাবে,
সিন্ধু হিল্লোলে ভিজে যাবে তপ্ত অধরের কোণ।
হয়তো আসতে পারে এক নতুন দৃশ্যে, 

দস্যুবৃত্তিতে জীবনের ইতিরেখা।
তবুও মননে গড়বে তার নতুন কারুকাজ
কিছু স্বপ্ন,স্মৃতি আর কটুকথায়,
টিপটিপ পায়ে এগিয়ে যাবে জীবন সমরাঙ্গনে।
সহসা সাহসে দর্শকের করতালিতে
তোলপাড় করে দেবে জীবনের অসমাপ্ত ডায়েরি। 

সমস্ত বাঁধার শিকল ডিঙিয়ে সেদিন 

আনমনে সাঁতার কাটবে আশার স্বচ্ছজলে।
মৃদু হাসি লেগে থাকবে ঠোটের কোণে
জেগে উঠবে ঘুণেধরা স্পৃহা। 

...
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম-ভারত)

শুক্রবার, ২২ জুন, ২০১৮

বারবনিতা

।। সুপ্রদীপ দত্তরায়।।
(C)Image:ছবি














অমন করে ডাকবে নাতো আর
সুখের তরে ঘর যে বাঁধা আমার 
ঘর তো নয় স্বপ্নবিলাস
দেওয়ালগুলোয় কুসুম তোলা
কোণায় রাখা ফুলদানিটা --
বিদেশী সব, অনেক দামী 
বেলজিয়ামে সেবার গেছি ---
কোম্পানিতে গিফট পেয়েছি,
আকাশটাতো স্বপ্ন দিয়ে ভরা ;
সেই স্বপ্নগুলো তারার মধ্যে  রাখা ।
সবই আমার নতুন আবিষ্কার ।
অমন করে ডাকবে নাতো আর ।
এখন আমার বাউণ্ডুলে ইচ্ছেগুলো 
লতার মতো বাড়ে ।
শক্ত করে জড়িয়ে ধরে শূন্যে ঝুলে ।
স্বপ্নগুলো ফুলের মতন
রঙিন ভীষণ কোমল গড়ন নজর কাড়ে ।
আবেশ দিয়ে বিভোর করে ইন্দ্রজালে 
এই সবই আমার নতুন আবিষ্কার ।
অমন করে ডাকবে নাতো আর ।
কেউ বলে আমি বাজে মেয়ে, অর্কিড 
আমি বলি তাতে তোমার  কী ভাই
তুমি তো জানো না, ইন ডিড --
আমি তো তাই হতে চাই।
আমি তো পরগাছা হই, হাঁড়িচাছা
পরের রক্ত শুষেই আমার জীবন বাঁচা 
আমি চাই দেখুক সবাই, আমার এই রূপ 
হিংসে করুক, অবাক চোখে  আগুন জ্বালুক 
কামনার লোলুপ ঠোঁটে লালসা ঝরুক ।
প্রতিদিন নতুন রূপে খুঁজবো আবার  ।
নতুন করে আপনারে করব আবিষ্কার ।
অমন করে ডাকবে নাতো আর ।
কী বললে , ভালবাসো ?
ভালবাসার কী ছাই বোঝো 
জানো কি তা কীসের সংমিশ্রণ ?
ভালোবাসতে কী চাই জানো ?
একটা ভালো বাড়ির প্রয়োজন ।
ভালো একটা বাড়ি চাই, সাথে একটা গাড়ি
যখন তখন দিতে হবে সুদূর বিদেশ পাড়ি
সেইজন্যেতে  থাকা চাই পকেট ভীষণ ভারী ।
এই কাঁধে ঝোলা, চোখে চশমা উদাস করা চোখ 
সে চোখেতে কাব্য মানায়, স্বপ্ন দেখায় 
কালির কলে তুফান তুলে বিবেক জাগায় 
ভালবাসা জাগায় না যে , ঘামেই ভিজে বুক।
এ আমার অভিজ্ঞতা, নিত্যদিনের তিক্ততা 
আমার অভাব মনের আতুর ঘরে 
চোখের জল আর রুক্ষতা 
আমার সকল তিরস্কার ।
আমার নতুন আবিষ্কার ।
অমন করে ডাকবে নাতো আর ।


মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

আমি একটি নদী বহন করি

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি






আমি একটি নদী বহন করি,
যতই স্থির- অস্থির উপর উপর চলন যেমন
চলার মতোই এক ঢালু পথ।
ধর্ম গতির।
ঋতুর গলন।
জলীয়চলন।
নিম্নমুখী নদীকে দেখলে মনে হয়--
স্বর্গহারা অশরীর আমার
গড়িয়ে পড়ছি এবং
মোহনাবিলাপ...
ভয়ানক সমুদ্র সামনে।
আবার যখন উল্টোদিকে
হতাশায় বা উল্লাসে গা ঢাকা দিয়ে চলা,
পাহাড়ি পথ,
কিছু মেঘসাজ তুলে রাখি।
উজানমুখী এই নদীকে দেখলে মনে হয়--
মর্ত্যের বাইরে শরীর আমার
বিপথে আমি এবং
আঘাত আর জলীয়ব্যথা,
ভয়ানক পাহাড় সামনে।
দূরে থেকেই দূরত্ব বোঝে শরীর,
এমন দূর থেকে দেখি গন্তব্য স্থির
অথচ অস্থিরতা সেখানেও !
আমি'র ভেতর এক পৃথিবীর জন্ম যদি
এক পৃথিবীর মৃত্যু দেখি রোজ।
ভেতর আমার
 
অনেক আমি
আমার আমি
একটি নদী বহন করি,
একটি নদী বহন করি বলেই
গতিশীলতা শেখায় গতি এবং
 
ভেতর জানে, পথিকের ক্লান্তি নেই।


রবিবার, ১৭ জুন, ২০১৮

বন্যা

।। সুপ্রদীপ দত্তরায়।।

(C)Image:ছবি
"এই যে দিদি, জল দেখতে এসেছেন বুঝি?  এদিকটায় আসুন, এখান থেকে ভালো ফটো তোলা যায়। " অচেনা লোকের মুখে দিদি ডাকটা শুনে প্রথমে বুঝতে পারিনি আমাকেই উদ্দেশ্য করে লোকটা কিছু বলছে , কাছে এগিয়ে আসতেই জিজ্ঞেস করলাম, "আমাকে কিছু বলছো বুঝি? "
--- "হ্যাঁ দিদি জল দেখতে এসেছেন তো ?"
খানিকটা ইতস্তত করে বললাম, " হ্যাঁ - না মানে এদিকটায় এসেছিলাম, তাই ভাবলাম কোনদিন তো বন্যা দেখা হয়নি, তাই আর কি ।"
--- "ভালো করছেন দিদি, খুব ভালো করেছেন । কোনদিন যদি কোথাও আলোচনা হয়, আপনিও বলতে পারবেন । নিজের চোখকে দেখা বলে কথা ।"
--- " ঠিক বলেছো ভাই, খবরের কাগজে পড়া আর নিজের চোখে দেখার মধ্যে আকাশ পাতাল ফারাক ।"
ছেলেটি সম্পূর্ণ সহমত পোষণ করে পথ দেখিয়ে নিয়ে চলছে । দুপাশে জল মধ্যে ইএনডির বাঁধ। আমরা বাঁধের উপর দিয়ে হেঁটে যাচ্ছি ।  চওড়া বাঁধ, তার উপর ছোট ছোট অস্থায়ী তাবু আর ছাউনি তৈরি করে মানুষ আর গবাদি পশুর সহাবস্থান । মহিলারা এরই মধ্যে খড় কুটো যোগাড় করে কিছু একটা খাবার তৈরি করতে ব্যস্ত । কোথাও কোথাও বয়স্ক সদস্যরা উদাস চোখে বসা । হয়তো নিজের ভাগ্যের সাথে শেষ দর কষাকষি সেরে নিতে ব্যস্ত । ছেলেটি আমাদের গরু মহিষ ছাগল আর  ছাউনি  টপকে সাবধানে এগিয়ে নিয়ে চলছে । আমার খুব ভয় করছিল । আমি সাঁতার জানি না । এত লোকের চলাচলে বাঁধের মাটি খুব নরম মনে হচ্ছিল । ভয় হচ্ছিল যে কোন মুহূর্তে পায়ের নিচে মাটি জলের তোড়ে ভেসে যেতে পারে । তারই মধ্যে যথাসম্ভব নিজেকে বাঁচিয়ে বেশ কিছু ফটো আর সেলফি তুলে নিলাম । এরকম সুযোগ তো আর সচরাচর আসে না । একটা লেংটা বাচ্চা মেয়েকে ক্যাডবেরি খাইয়ে একটা মহিষের বাচ্চার সাথে ফটো নিলাম । আমার ঠিক পাশে বাচ্চা মেয়েটা আর পিছনে দুরে একটা বাচ্চা সহ মহিষ। খুব ভালো এসেছে ফটোটি । আবার সাবধানে এগোচ্ছি । ছেলেটি আমাকে সাবধান করে দিয়ে বললে, "জলের খুব কাছাকাছি যাবেন না, বিপদ হতে পারে ।"
বাঁধের দুপাশে জল । একপাশে স্থির অন্য পাশে স্রোতস্বিনী নদী। একটা চাপা আক্রোশ নিয়ে এগিয়ে চলেছে । তারই মধ্যে ভেসে যাচ্ছে জার্মানি ফেনা, ছোট বড় গাছ আরো কত কি । ওপাশে কোমর অবধি জলে ডুবিয়ে একটা যুবতী মেয়ে বসা । বুঝলাম প্রাকৃতিক কাজ সারতে ব্যস্ত । এতক্ষণ আমাকে দেখছিল । চোখাচোখি হতেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলে। আমি অভ্যাস বশে নাকে রুমাল চাপা দিলাম । ছেলেটি নির্বিকার এগিয়ে চলছে । ওকে ওর বাড়ি কোথায় জিজ্ঞেস করায় দুরে জলের সমুদ্রের মধ্যে একটা টিনের চালা দেখিয়ে বললে, "ওই যে ওইটা আমার বাড়ি ।"
আঁতকে উঠলাম । বললাম, "সত্যি তোমাদের খুব কষ্ট, তাই না ?
--- " ও অভ্যাস হয়ে গেছে । প্রতি বছরই এভাবে বানের জলে ঘর ভাসে। আমরা বাঁধের উপর ঘর বাঁধি । মন্ত্রী আমলা , বিভিন্ন সংগঠন আসে । কেউ খাবার দেয়, কেউ কাপড়। কখনো সবাই পায় আবার কখনো পায় না।
-- "কেন -- ?" আমি মুখ ফসকে জিজ্ঞেস করলাম ।
--- " আসলে সবটাই যার যার সামর্থ্যের উপর নির্ভর করে । নানাভাবে ফটো সেশন হয় , পত্রিকাতে ফলাও করে ছাপে । পরদিন থেকে সেই দল উধাও, আবার অন্য দল আসে। এই কদিন আমাদের আর রান্না বান্না করতে হয় না। আমরা এই বাঁধের উপরেই পিকনিক সারি ।"
--- " কিন্তু তোমাদের ঘর বাড়ি ?"
--- " যে কদিন জল থাকে, ওভাবেই থাকে । তারপর জল কমলে, রিলিফ বন্ধ হলে আমরা আবার ফিরে যাই।"
--- " কিন্তু তোমাদের জিনিসপত্তর ?"
ছেলেটি হয়তো কিছু একটা উত্তর দিচ্ছিল, আমার শোনা হলো না । আসলে ঐ সময়ে একটা মাঝারি বয়সের মহিলা গলা অবধি জল ভেঙে বাঁধের দিকে আসছে । মাথায় গামলা জাতীয় একটা পাত্রে কিছু জিনিস ।
আমি এত সুন্দর ছবিটার ভিডিও করার লোভ সামলাতে পারলাম না । ছেলেটি পাশ থেকে বললো , "আমার বৌদি --।"  তারপর চিৎকার করে মেয়েটির সাথে নানা কথা বলতে লাগল ।
আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে ছবিটা তুলতে থাকলাম । ধীরে ধীরে মেয়েটি জল থেকে বেরিয়ে আসছে । একটা ব্লাউজহীন ভেজা শাড়ি শরীরের সঙ্গে মিশে আছে । শরীরের প্রতিটি ঢেউ প্রতিটি খাঁজ সুস্পষ্ট । যৌবনের জোয়ারে ভরা শরীর । মেয়েটি আঁচলের শেষ প্রান্ত দিয়ে নিজের লজ্জাটুকু ঢাকার অসহায় চেষ্টা নিল। আমি হাসলাম । মনে মনে  বললাম, যত চেষ্টাই কর না কেন আমার ক্যামেরার চোখকে ফাঁকি দিতে পারবে না । মনটা খুশিতে ভরে গেল ।খুব ভালো ছবি এসেছে । আজকের জন্য ফেসবুক হিট। একবার রিভিউ করে ছবিগুলো দেখে নিচ্ছিলাম,  হঠাৎ আশেপাশে লোকদের মধ্যে দৌড়ঝাঁপ আর ব্যস্ততা দেখে বুকের ভিতরটা কেঁপে উঠলো । কোথাও বাঁধ ভাঙলো নাতো ? একমুহূর্তের জন্য মনে হলো এত ঝুঁকি নেওয়া ঠিক হয়নি । ছেলেটি ও দেখলাম বেশ উদ্বিগ্ন হয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করছে ।
আমি হতভম্ব । সবার চোখে মুখে আতঙ্কের ছাপ । সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে । আমার সাথের ছেলেটি অনেক আগেই চলে গেছে । অনেক কষ্টে একটা ছেলেকে থামিয়ে জিজ্ঞেস করে জানতে পারলাম একটা লাশ জলে ভেসে যাচ্ছে । মনের মধ্যে যেটুকু ভয় উদয় হয়েছিল সবটুকু একনিমেষে উধাও হয়ে প্রচণ্ড কৌতূহল সৃষ্টি হলো। আমিও ওদের পেছনে পেছনে ছুটলাম ।ততক্ষণে আমার ডর ভয় সব চলে গেছে । ওদের পাশে গিয়ে দেখতে পেলাম সেই ছেলেটিও সেখানে দাঁড়িয়ে । আমাকে দেখালো ফুট বিশেক দুর দিয়ে  একটা কিছু ভেসে যাচ্ছে । আর বেশ কয়েকটা কাক ওইটির ওপরে বসে ওই লাশটাকেই খুঁটে খুঁটে খাচ্ছে । ওরা বলল এটা নাকি কোন মহিলার লাশ। আমি কিছুই বুঝতে পারলাম না । মুখ দেখা যাচ্ছে না, জলে ডুবানো। খুব হতাশ হলাম, ভালো ফটো আসবে কিনা সন্দেহ ।তথাপি যথাসম্ভব  জুম করে যতটা সম্ভব  ফটো নিলাম ।বলা যায় না হয়তো তার মধ্যে থেকে কিছু একটা লেগে যেতে পারে । মনটা খুশিতে ভরে গেল । যাক আসাটা সার্থক হয়েছে ।
অনেকটা সময় ওদের সাথে কাটিয়ে সবার কাছে থেকে বিদায় নিলাম । ফিরে আসছি পিছন থেকে কেউ একজনের দিদি ডাকে হাসি মুখে ঘুরে  বললাম,  "কিছু বলবে -- ?"
ওদের মধ্যে থেকে একটা ছেলে এগিয়ে এসে বললো, " দিদি কেমন দেখলেন ?"
বললাম, " খুব ভালো, সত্যি খুব ভালো ।ফটোগুলোও খুব ভালো এসেছে ।"
ছেলেটি হাসলো । পকেট থেকে মোবাইল বের করে বলল, "আমার নম্বরটা রেখে দিন। সময় পেলে আবার আসবেন । বন্যার জলে শেষ বেলার সূর্য ডোবার ছবি এখানে খুব ভালো আসে ।" তারপর খানিকটা ইতস্তত করে বললো, " কিছু মনে করবেন না দিদি, একটা কথা বলি ।"
বললাম, " বল---।"
---"  আপনাদের ফ্ল্যাট বাড়িতে যদি কখনো আগুন লাগে তবে দয়া করে একটা ফোন করবেন প্লিজ । ফ্ল্যাট বাড়ি আগুনে পুড়তে আমরা কখনো দেখিনি দিদি ।"

শনিবার, ১৬ জুন, ২০১৮

লজ্জা

।। সুপ্রদীপ দত্তরায়।।

(C)Image:ছবি








এমন একটা দিনের জন্য 
আমায় লজ্জা দিলেন ভাই ।
আমার মন প্রাণ সব অবশ করা
 
এমন একটা দিন যাচ্ছেতাই ---
যেন মনকে আমার ধমকে দিলে
গর্ব করার জায়গাটাকে
 
শূন্যে তুলে আছাড় মেরে
আঙুল তুলে দেখিয়ে দিলে
 
আমার মিথ্যে গরবটাই ।
আমি ঘাবড়ে গেলাম তাই ।
এমন একটা দিনের জন্য
 
বড্ড লজ্জা পেলাম ভাই ।
আমার আকাশটা আজ হঠাৎ যেন 
চূর্ণ হলো, দীর্ণ হলো
 
গুমড়ে গুমড়ে
  কান্না আমার 
ডুকরে ওঠা রুদ্ধ শ্বাসে
ডান বুকের ঐ জ্বলন্ত ঘায়
আগুন ছড়ায়, বিষাক্ততায়
ভাবতে কষ্ট হয় ।
আমি বুক চাপড়ে বলতে চাই
 
এই কি আমার শিক্ষাটাই ?
পৈশাচিক এক বর্বরতায়
 
কেমন করে নিলেম আমরা
 
ভাইয়ের জীবনটাই ?
আমি চমকে গেলাম তাই।
এমন একটা দিনের জন্য
 
বড্ড লজ্জা পেলাম ভাই ।
কি ছিল তার মনে 
খানিকটা সে ভবঘুরে
 
প্রকৃতিকে ভালবেসে
 
নীল পাহাড় আর সবুজ বনে
ঘুরছিল সে অলস ব্যস্ততায়।
কি অপরাধে আনলে বেঁধে
 
প্রকাশ্যে ঐ রাজপথে
পৈশাচিক এক উল্লাসেতে
নির্মম সব লাঠির ঘাতে
 
দল বেঁধে সব বর্বরেরা
কাড়লে জীবনটাই।
জাহির করতে বীরত্ব সব
বন্দি করে মোবাইল ঘরে
ছড়িয়ে দিলে গোটা বিশ্বটাই ?
কাঁপলো না যে হাতটা কারো
কাঁদলো নাতো মনটা বড়
 
মনুষ্যত্বের টুঁটি চেপে
 
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে দৃশ্যটাই!
ওরা যে দুজন অসহায়, কাঁদছিল,
যন্ত্রণা আর চিৎকারেতে বলছিল
 
দোহাই তোমাদের,
  আর মেরো না --
আর মারলে মরে যাবো
অনেক হলো, এবার ছাড়ো, বাড়ি যাবো
ভুল করেছি, ভুল করেছি ঘুরতে এসে
 
প্রকৃতিকে ভালবেসে
 
অজান্তেতেই ঢুকে গেছি তোদের এলাকায় ।
 
থাকিতো ঐ পাশের জেলায়
তোদের গায়ের ছেলে মেয়েরা
 
অনেক থাকে আমার পাড়ায়
 
ওদের সাথেই সকাল সন্ধ্যা কাটাই।
ওদের বলা গল্প শুনে
 
এসেছি হায় এই শহরে ,
 
এমন ভুল আর করবো নাকো জেনো।
দোহাই তোদের পায়ে পড়ি
 
এইবারটি ক্ষমা করি
আর মেরো না, ছেড়ে দাও, এবার বাড়ি যাই।
আর মেরো না দাদা ওগো , তোমার
তো ভাই আছে
দিদিরা সব দেখছো
কী , প্লিজ তোমরা বাঁচাও এসে
দোহাই তোমাদের
  আর মেরো না --
আর মারলে মরে যাবো
অনেক হলো, এবার ছাড়ো, বাড়ি যাবো
ভুল করেছি, অজান্তেই ঢুকে গেছি
এমন ভুল আর করবো নাকো জেনো।
শুনলে না সেই মড়া কান্না, নিষ্ঠুর সব --
হত্যা করে ছেলে দুটো আনন্দ রব --
ভাবছো বুঝি করলে বিজয় দেশ ।
পৈশাচিক এক উল্লাসেতে, লাঠির ঘাতে
মনের মধ্যে লুকিয়ে থাকা হিংস্রতাকে
আরো একবার
  জাগিয়ে দিয়ে 
সাময়িকী উপস্থিতির বাহাবা কুড়ালে বেশ ।
মরলো নাতো ছেলে দুটো, মারলে যারা
 
মারলে নিজের মনুষ্যত্ব , দৃষ্টি হারা
 
বুঝিয়ে দিলে সভ্যতো নও মুখোশপরা,
 
অন্তরেতে লুকিয়ে রাখা, যত্ন করে আবাদ করা
শয়তানেরই দেশ।
ধিক্কার -, ধিক্কার এই মানসিকতার
ধিক্কার এই গবেট শিক্ষার
ধিক্কার এই ক্লীব সমাবেশ ।


বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম

( ভয়াবহ বন্যার কবলে হাইলাকান্দি, প্লাবিত বহু গ্রাম )
=== দৈনিক ছড়া সংবাদ আসাম===
-------এম রিয়াজুল আজহার লস্কর-----
@
দু'দিন হলো বৃষ্টি ভারি হঠাৎ এলো বান।
ঘরটা ছেড়ে ভাগছে মানুষ উড়ছে ভয়ে জান।।
জলের ঠেলায় ভাংছে সেতু,ভাংছে লোকের বাড়ি।
এদিক ওদিক জলটা বাড়ছে বিপদসীমা ছাড়ি'।।

জলের তলে রাস্তা গেলো,জলের তলে বাড়ি !
জলের তলে অফিস গেলো,জলের তলে গাড়ি !!
কোথাও বাঁধ ভাঙ্গা আধা, মারছে জলে ঠেলা !
মানুষ এখন কাঁদছে দুঃখে ভাসছে চড়ে ভেলা !!

গরু ছাগল মুরগি হাসে ভয় যে পেয়ে ডাকে।
কোথাও লোক পাতছে তাবু টিলায় উঠে থাকে।।
সবজি ক্ষেত সব ডুবল জলে হচ্ছে ক্ষতি বড়ো।
পাচ্ছে না যে ত্রাণটা লোকে মন্ত্রী নেতা লড়ো।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে  "দৈনিক ছড়া সংবাদ আসাম ")
DSPP- 3-6.13/06/2018

বুধবার, ১৩ জুন, ২০১৮

বৃষ্টি ভেজা ঈদ

।।           রফিক উদ্দিন লস্কর           ।। 

(C)Image:ছবি













ঈদ বড়ো ভালো লাগে, ভালো লাগে বৃষ্টি
বানের জলে ঈদ যেনো জুড়ে দিলো দৃষ্টি,
বৃষ্টিতে ভিজে ভিজে কেনাকাটা চলছে,
দোকানির পসরা যে বাতাসেতে দুলছে।
হাটে ঘাটে জটলায় পথচলা বড় দায়,
কেহ হাটে কাঁদা জলে কেহ চড়ে রিক্সায়।
রোদ উঠে তাই দেখে খোকা যায় বাইরে
মাঝপথে বৃষ্টিতে খোকা ভিজে যায়রে।
জল পড়ে ঝরে পড়ে খুকি-দের মেকআপ 
সময় তো বড়ো কম চলতে হবে একধাপ।
 
ঈদ ভেলা ভেসে গেলো কৃত্রিম বানেতে
তাই দেখে সবলোকের ভয় বাড়ে প্রাণেতে।
শহরের প্রায় গলি জলে মিশে চেনা দায়!
তবু ও সাহস করে খোকা খুকি চলে যায়।
হাতে গোনা একদিন তারপরে যে আসছে
ঈদের খুশিতে সবাই নব ভেলায় ভাসছে।
**************
১৩/০৬/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)