“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

মথগন্ধা




মথগন্ধা
...............
মেয়েরা বড়ো অস্পষ্ট হয় নিজের কাছে
তার ইচ্ছা, গোপন গোলাপ, সোনালি চুমু
উল্টানো সঙ্গম, হাত ছুঁয়ে রাখা ডিনামাইট
কোনটাই তার নিজস্ব নয়
গরম কে চেখে দেখে ললিপপের মতো
শিশু মনে ত্রিকাল জুড়ে পড়ে থাকে এক ন্যাড়া পাহাড়
কোন ঘাসের নামও কোনদিন মেয়েটি একা দেয়নি
অথচ পুরো পাহাড়কে গিলে ফেলতে পারে
আধচুমুক নেশাতেই
তার চোখ, ঠোঁট, জিহ্বা ......
পোড়া কফির গন্ধ মেখে .....মেখে
লম্বা দীঘল পা ফেলে ....ফেলে পুরুষের চোখে
মুগ্ধতা খোঁজে
মৌমাছির আঠালো রসের শৌখিন রসকলি যেন
একটা চোখ, কিছুটা মন, অসংলগ্ন কাম
তার নিজের হওয়া দরকার
কেউ কেউ যে সমকামী পাতা ঝরানোর কথা বলে
সেটাও তার ভুল চন্দ্রগ্রহণ
একটুখানি খাঁটি পারমাণবিক সত্ত্বা গড়ে উঠতে
ভাষার চারপাশে কেবলই জমে ওঠে মোম লালা
মথস্থবির হয়ে ক্যামেরার আশেপাশে
সেজে ওঠে ঝুটমুট গয়না
চুড়ির খাঁজে খাঁজে মিথ্যে বালির .... অরণ্য দ্বীপ...

 

শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬

চলমান গল্প; কবি ২.


কবিকে যারা সামাজিক ভাবনায় মঝে যেতে প্ররোচিত করেছিল তারা ছিল ডবল ষ্ট্যাণ্ডার্ডের। 'আমরা নিপীড়িত', 'আমরা অবহেলিত', 'আমাদের বঞ্চিত করা হয়েছে' ইত্যাদি ইত্যাদি  প্রবচন আওড়ে প্রান্তিক জনগোষ্ঠীর মগজ ধোলাই করা এবং তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখা ভোগবাদীদের চাপে ফেলাই ছিল তাদের উদ্দেশ্য। ভোগের প্রসাদ লাভ করাই তাদের অভিলাষ। কবিকে তারা ব্যবহার করতে চেয়েছিল পোস্টার, ব্যানার তৈরির জন্য কিছু শ্লোগান বা অপরিপক্ব কিছু পদ্য লেখার কাজে যাতে 'সামাজিক মুক্তি'র লড়াইয়ের আড়ালে তাদের 'অঙ্গরাজ্য' প্রাপ্তির চুক্তি সম্পাদনের কাজটা তরান্বিত হয়। কিন্তু কবির মগজ বলে কথা! 'লাইম ওয়াশ' আর 'হোয়াইট ওয়াশ' এর ফারাক বুঝবেনা? বাগড়া দিল কবি।

মহাবলীপুরম






















।। চিরশ্রী দেবনাথ ।।

.....................

নিগাম্মা আম্মার রূপোর মল ঝমঝমিয়ে উঠছে
দুপুরের ক্লান্তি ভিজিয়ে দিচ্ছে না আজ নোনা ঘোল
নরসিংহ নারায়ণের দরবারে  তাকে যে করেই হোক
পৌঁছুতে হবে সন্ধ্যার শুকতারা জ্বলে ওঠার আগে

মামাল্লাপুরমের গ্রাম থেকে কাঞ্চীপুরমের পথে
ঝাঁ ঝাঁ রোদ্দুর ঢেলে দিচ্ছে ষষ্ঠশতকের সূর্য

মেদুর অলঙ্কার আর সোনালী বস্ত্র পসরা নিয়ে
বাণিজ্য তরী ভেসে গিয়েছিল সিংহল সমুদ্রে

ফেরেনি ছেলে

জুঁই ফুলের মালায় জমে উঠছে এখন বিষাদ বিকেল

গোপুরমের ঘণ্টায় ফিরে আসার সংকেত আসে কি......

ঐ তো যায় শ্রমণ শ্রমণী ...কাষায় বস্ত্রে কি আছে
দারুচিনি দ্বীপের খবর

একটি কালো দীঘল শরীর, সোনার মাকড়ি কানে

 কমলা বসনে সুগন্ধি আদর, ধাতব পাত্রে
মায়ের হাতের নারকেল মিষ্টি
মাঙ্গলিক ঘৃতকুমারীর একটি টুকরো বাঁধা পেশীবহুল হাতের আঙিনায়

পথের ধারে ধারে ব্যস্ত শ্রমিকের ছেনিতে ছেনিতে
জেগে উঠছে পাথুরে নারী, পুরুষ,
মহাভারত কথকতা, যুদ্ধ
আর দিনান্তের অবশিষ্ট সঙ্গম ...

আস্তাবলে কালো ঘোড়া দমকে দমকে
শান দিচ্ছে প্রতিদিনের পল্লব রাজ

নিগাম্মার কানে জোর করে ঢুকে যাচ্ছে বিষ্ণুমন্ত্র
আজ তার গহনশরীরে দেবভাব নেই
মাতৃহৃদয় কেটে কেটে চুয়ে পড়ছে সমুদ্রঝড়

অশ্রুহীন চোখে ভেসে যাচ্ছে ঘরের নতমুখী
কালো চোখের নবীন প্রতীক্ষাটি

বন্দর নগরীর ঝলসানো দুপুরে
উপচানো সমুদ্রে পালতোলা যুবক জাহাজ
লাল, সবুজ, হলুদ সিল্কের পতাকায় উড়ছে
নানা ভূখণ্ডের সোনালী সময়

কাঞ্চীপুরমের মন্দিরে সিঁদুর রাঙানো সন্ধ্যা
ঐ তো যাচ্ছেন রাজা, মুণ্ডিত মস্তকে গর্বিত চোখে
সাম্রাজ্যের দ্যুতি
রাশি রাশি পুজোর থালায় ফলসম্ভার, আভরণ,
উপকরণে বন্দিত ভক্তি

রাজা তোমার পাঠানো বণিক জাহাজে
কোথায় হারিয়ে গেছে আমার কালো ছেলে.....

সোহাগ রাতের হীরক আংটি তোমার পায়ে
সমুদ্র পথ থেকে ফিরিয়ে আনো আমার নিঃশ্বাস

শায়িত বিষ্ণু.....
আমার ছেলের অশরীরী শ্বাস

দেখো হাজার বছর পেরিয়েও ছুঁয়ে দেবে তোমাকে

বিংশ শতকের এক অতৃপ্ত সুনামি হয়ে.....





[চেন্নাই ২১-০৪-২০১৬]
 

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬

চলমান গল্প; কবি ১.


কবিকে গ্রেপ্তার করা হয়েছে দুদিন আগে। সুস্পষ্ট কোন অভিযোগ ছাড়াই একদল পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তুলে এনেছে কবিকে। রাষ্ট্র এবং সমাজব্যবস্থাকে খুঁচা দিয়ে সামান্য কিছু লেখালেখি তাছাড়া সর্বহারাদের সাথে মিশে থাকার প্রবণতা বা সামাজিক সমতা দাবী করার মত কয়েকটি সভাসমিতিতে যাওয়াতেই কি আজকের এই পরিণতি?  পুলিশ লক আপে বসে ভাবছেন কবি। ইতিমধ্যে পুলিশের অধস্তন কর্মচারীদের কাছ থেকে কবি জানতে পেরেছেন প্রভাবশালী এক ব্যক্তির ফোন পেয়েই নাকি তাকে তুলে আনা হয়েছে। পুলিশের এই আচরণে সুশীল সমাজের কয়েকজন রুষ্ট হয়েছেন, তারা উপর মহলে নালিশ জানানোর পাশাপাশি কবিকে মুক্ত করে দেওয়ার আর্জি জানিয়েছেন। স্থানীয় একটি দৈনিকেও গুরুত্বসহকারে ছাপা হয়েছে বিষয়টি।

বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

আমার শাড়ি বালিকারা

।। চিরশ্রী দেবনাথ ।।
.................................









আমার শাড়িগুলো সব বেলাভূমির মত,
প্রত্যাখ্যান মেলে দিয়ে ছড়িয়ে যায়
আধবুড়ো জ্যোৎস্নায়।
যে শাড়ি মায়ের মৃত্যুদিনে পরেছিলাম,
তাকে সরিয়ে রেখেছি না দেখা কোণে।
থেমে থেমে ফুলে ফুলে উঠছে সেখানে
আরেকটি মৃত্যু প্রস্তুতি।
আনমনা গ্রাম পেরিয়ে যাওয়া ট্রেনের মত
প্রথম দেখার শাড়িটি, ফিরে দেখি না....
কত ঢেউ দিয়েছি তাকে,
এখন শ্যাওলা এসট্রে তে জমাচ্ছি স্বর্ণরেণু,
শাড়ির পাড়ে ঘাপটি মেরে  অম্লস্বাদ, ছুঁড়ি প্রেম।
মা হওয়ার দিন যে শাড়ি পড়া ছিলাম,
তাও আছে, সেখানে কিছু  'আমি' জারিত হচ্ছে,
বয়ঃসন্ধির সব রং গুলছি তাতে
রক্ত, শিরা, ধমনী, তাজা হরমোন ....
মেয়ের সামনে এ শাড়ি তেপান্তর হবে।
তোমার দেওয়া প্রথম শাড়ি,
সাত সমুদ্র তেরো নদীর
বংশীবালিকা অপেক্ষা তাতে ,
লুকিয়ে লুকিয়ে তার গন্ধ স্নান হয়
কদম, ভাসন্ত কদম হয়ে  প্রতিদিন
সঘন বৃষ্টিদিন আমার।
একটি শাড়ি আছে,
এক বিপ্লবীকে ভালোবেসেছিলাম কোনোদিন।
রঙমশাল জ্বলে থাকে ঐ শাড়িতে,
থেকে থেকে নিভে যায় ময়ূরকণ্ঠী শরৎ
তাকিয়ে তাকিয়ে দেখি ....
কি অজস্র লজ্জাবতী গাছে ঢেকে গেছে
শখের মিছিলভাঙা ভোর রাস্তা।
একটি মাছরাঙা রঙের শাড়ি,
পড়া হয়নি এখনো .....
দীঘির জলে ডুবন্ত দুপুর, সরু লম্বা ঠোঁটে,
তুলে নিচ্ছে একটি একটি অবাধ্য মুহূর্ত,
ঐ শাড়িটি পরবো সেদিন,
ছাই ছাই বিশুদ্ধ বিকেল হবো যেদিন।
আমার শাড়ি, এতো মেয়েলি কথা!
বলে নাকি কেউ?
শুধু একটু খানি ভাদ্র দুপুর দিয়েছি ঢেলে,
তাতেই আমার শাড়িবালিকারা
ভালোবেসে জড়িয়ে ধরে আমায়,
জলে, ঘামে, প্রেমে, বিষাদে, ঋতুস্নানে,
প্রতিক্ষণে আমিই কি তাদের
পদ্মাবতী, সোহাগবতী, রাজকন্যেটি.....

শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬

চূর্ণগ্রীষ্ম.....এক

।। চিরশ্রী দেবনাথ ।।

(C)Image:ছবি















এক এক করে জমবে ঘামফসল
সব রোদজ্বলা দুপুর তার সহজ যাত্রী
আমি তাদের সঙ্গী নই
আমার আয়নায় জলছোঁয়া মেয়ে রোদ
বিচূর্ণ ফুলসম্ভারে সাধিকা যাপন
উষ্ণতা ভিজিয়ে দেবে ওষ্ঠ কথকতা
প্রিয় চা গন্ধে ডুবে থাকা নতুন সময়ে
একটি উদাসীন  মাল্যগ্রন্থি ....
যে  নরম পলির মতো রঙ্ বসন্ত ফেলে গেছে
চিনে নেই, ছুঁয়ে দেখি
তুলে রাখবো ধুয়ে, শুকিয়ে...
গহন গভীর গ্রীষ্মে..

বর্ষ আসে দুষণ মেখে...



.............. ॥ নীলদীপ চক্রবর্তী ॥
এইভাবে বহুদিন আগেই চলা শুরু হয়েছিল
বহুদিন আগেই পাতায় ভরেছিল গাছ
ভূমিষ্ট নবজাতকেরা শিখেছিল দুপায়ে দাঁড়ানো ।

বায়ু জল মাটি পরিশীলিত হয়েছিল ক্রমে
প্রাণ স্পন্দন সব সজীব হচ্ছিল অতি ধীরে
মুক্ত বিহংগেরা সব মেলে দিয়েছিলো ডানা

অথচ এরি ফাঁকে কবে –

কাল ধোয়া খানিকটা মিশল বাতাসে
জমি মাটিতে ছড়িয়ে পড়ল বিষাক্ত রাসায়নিক
শব্দের সাথে মিশে গেল অতিশব্দ ভীষণ

জলধারা সব শুষ্ক হয়ে ক্ষীণতর হতে লাগলো
সবুজের আলিঙ্গন পাশ কেটে
পৃথিবী ধুসর হতে থাকলো ক্রমাগত

পৃথিবী ক্রমাগত ধুসর হতে থাকলো  !!