“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

পরিবেশের পাঁচমিশেলি





                                   

(১) রাজস্থানের চিঠি

ভারত বাংলাদেশ সীমান্তের পাথারিয়া সংরক্ষিত বনাঞ্চলে কমতে কমতে বর্তমানে পাঁচটি হাতি রয়েছে। এদের সব কটিই স্ত্রী। অনেকের হয়তঃ বা মনে আছে, সেটা ১৯৮৩ কিম্বা ৮৪ সাল হবে। দামাল হাতির একটি দল কাছাড়ের কুম্ভা, কুম্ভিরগ্রাম বাগান থেকে থাইলু, বড়থল ইত্যাদি হয়ে দেওয়ান চা বাগান পর্যন্ত গেছিল।  স্ত্রী-পুরুষ-বাচ্চা মিলিয়ে আনুমানিক ৪০-৪৫ টি হাতি ছিল ঐ দলে। পরবর্তীতে এই বিশাল হাতির দলটি কোথায় গেলো, তার হিসেব আমরা কেউ রাখি নি!
গোটা বরাক উপত্যকায় এদের সংখ্যা কমে গিয়ে বর্তমানে পাঁচটিতে এসে দাঁড়িয়েছে।  ব্যক্তিগত মালিকানায় থানা গোটা কয়েক হাতি বাদ দিলে উপত্যকায় থাকা বন্য হাতির সংখ্যা এই পাঁচটিই। সীমান্তের কাটাতারের বেড়া পেরিয়ে এরা কখনো কখনো বাংলাদেশে যায়, তো খাবারের সন্ধানে আবার এদেশে চলে আসে। কাটাতারের বেড়া ভেঙ্গে নিজেরাই নিজেদের যাতায়াতের রাস্তা তৈরি করে নিয়েছে। বি-এস-এফ-রাও এদের যাতায়াতে বাধা দেয় না।  এই ক বছর আগেও সেখানে  একটি পুরুষ সমেত আটটি হাতি ছিল। কে বা কারা দলের ঐ একমাত্র পুরুষ হাতিটিকে মেরে ফেললো, তার সঠিক বিবরণ পাওয়া যায় নি! তবে মনে করা হচ্ছে,  ওর ঐ  মৃত্যুটা প্রতিশোধের শিকার (retaliation killing)। বেঁচে থাকা বাকি স্ত্রী হাতিদের মধ্যে ২০১৭ সালে মেদলি চা বাগানে একটা বিদ্যুৎ সম্পৃক্ত হয়ে, ২০১৮ সালে আরেকটা শরীরে ঘা হয়ে মারা যায়।  বর্তমানে হারাধনের মাত্র পাঁচটি ছানাই রয়েছে। হ্যাঁ,  আবারো বলছি, সবকটি ছানাই স্ত্রী। যেহেতু দলে পুরুষ নেই, তাই  কমতে কমতে একদিন এরা হারিয়ে যাবে। হারিয়ে যাবে, বরাক উপত্যকা থেকে বুনো হাতির দল... চিরতরে...
এই বিষয়টাই বৈজ্ঞানিক (তথা সংরক্ষনবাদীদের) মহলে তুলে ধরার জন্য প্রয়াস করেছিলাম। Journal of Threatened Taxa নামক জার্নালে প্রকাশিত হয়েছিল, ২০১৮/১৯ সালে। সমাদৃতও হয়েছে যথেষ্ট।  গবেষণা পত্রখানার নির্যাস দেশ-বিদেশের প্রায় ছ’খানা সংবাদ পত্রে বেরিয়েছিল। রাজস্থানের জনৈক ভদ্রলোক ( Ashok Choudhary)  দি হিন্দু পত্রিকায় খবরটি পড়ে উনার প্রতিক্রিয়া জানিয়ে একটা পোস্ট কার্ড পাঠালেন।  হিন্দিতে তিনি লিখেছেন…
আদরণীয় প্র. পার্থঙ্করজী,
সাদর নমস্কার। The Hindu মে Transboundary conservation মে 06 হাথিও কে সমুহ কে বারে মে পড়না বহুত রুচি বর্ধক লগা। আসাম ও বাংলাদেশ মে সময় সময় পর  ইনকা জান, ইনকা স্বভাব বিচারণীয় হ্যাঁয়। প্রকৃতি ও বন্য জীব কিসি Human boundary মে নেহি রহতি হ্যাঁয়। য়ে ইনকা উদাহরন হ্যাঁয়। Article য়ে  The journal of threatened Taxa মে প্রকাশিত আপকে আলেখ কা ভি সন্দেশ হ্যাঁয়। ইয়হ আলেখ হামে নই দিশা, নয়া বিচার দেতা হ্যাঁয়।  Transboundary Conservation পর হমে আজ বিচার ও কামকরনা  আবশ্যক হ্যাঁয়। হমারে ইয়হা ভি  Great Indian Bustard কে সম্বন্ধ মে ইয়হ  কারগর স্থাবিত হ শকতা হ্যাঁয়। Transboundary Conservation পর আধারিত আপকা Article বহুত প্রেরক হ্যাঁয়। আপ কো বহুত বহুত ধন্যবাদ। শুভ কামনাএ… Ashok Choudhary, (33, Sindhi Muslim Basti, Mazuria, Jodhpur, Rajasthan 342003)।
প্রশস্তি পত্র পেয়েছি ঠিকই। কিন্তু এদের বাঁচানোর জন্যও আজ পর্যন্ত তেমন কিছু একটা করে উঠতে পারি নি। বিষয়টা নিয়ে অধ্যাপক আর সুকুমার (Elephant Man of India) এর সঙ্গেও  সাক্ষাতে কথা বলেছি, কিন্তু  কিছু হিল্লে হয়ে উঠে নি…!
দেখা যাক এর পর রাজ্যের বন ও পরিবেশ দপ্তর যদি কিছু একটা সদর্থক ভূমিকা নেয়!!

(২) পলিথিন কাসুন্দি

পলিথিন বা ‘ক্যারি-ব্যাগ’ ব্যবহারের উপর কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল, দেশজুড়ে, রাজ্যজুড়ে, এমন কি জেলা জুড়েও।  সেটা তো এই কদিন আগের কথা। রাস্ট্রসঙ্ঘের পরিবেশ মন্ত্রকের কার্যালয় (UNEP)  থেকে ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের শ্লোগান ছিল, ‘সে নো টু প্লাস্টিক’... সেদিনটা, অর্থাৎ ৫ই জুন, ২০১৮  দল-মত / ধনী-গরিব/ পন্ডিত- মূর্খ নির্বিশেষে আমরা এক দিনের জন্য হলেও অল্প বিস্তর প্লাস্তিক ব্যবহারের কুফল অনুভব করেছিলাম, এবং তা ব্যবহার বন্ধ করা উচিত, সেরকম অমায়িক বক্তব্য দিয়েছিলাম, মাইক হাতে নিয়ে। এর পর পর যেই কে সেই...
‘স্বচ্ছতা হি সেবা’, ‘স্বচ্ছ-ভারত’, সে নো টু অয়ান টাইম প্লাস্টিক’, ‘ প্লাস্টিক ফ্রি নেশন’ ইত্যাদি ইত্যাদি শ্লোগান অল্প-বিস্তর আমরা দূরদর্শন, রেডিও, পত্র-পত্রিকা এবং অন্যান্য বিজ্ঞাপন মারফত শুনেছি এবং শিখেছি যদিও, কিন্তু তার সিকি ভাগও আদতে রপ্ত করতে পেরেছি কি না তা পাঠক মহলের বিচার্য। ২০১৯এর স্বাধীনতা দিবসের  ভাষণে প্রধানমন্ত্রীর দেশবাসীর উদ্দেশ্যে গোটা দেশে প্লাস্টিক বর্জনের যে আবেদন জানিয়েছিলেন, তা কার্যকর করতে গিয়ে রাজ্য এবং জেলা প্রশাসনিক স্তরে মাস খানেক কিছু সরকারি অনুষ্ঠান এবং পত্র-পত্রিকায়  পরদিন সেসব অনুষ্ঠানের সচিত্র প্রতিবেদন ছাড়া, বাস্তবে ফলপ্রসূ করা যেতে পারে সেরকম দীর্ঘ মেয়াদি কি কি পদক্ষেপই হাতে নেওয়া হয়েছে, তা আপনা দের অজানা নয়!  
১৫ই আগস্ট, ২০১৯-এ প্রধান মন্ত্রীর প্রদত্ত ভাসনের সুত্র ধরে ১১ সেপ্টেম্বর, ২০১৯ থেকে বিভিন্ন কর্মসূচির মাধমে পর্যায় ক্রমে দেশজুড়ে স্বচ্ছতার কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ে, ১১ সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর সহর এবং গ্রামে জন সচেতনতা সভা, আবর্জনা সংগ্রহ, আবর্জনা ধ্বংস করা, জায়গায় জায়গায় শ্রমদান কর্মসূচি, দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ, ২রা অক্টোবর প্লাস্টিক সংগ্রহ এবং বর্জ্য পদার্থ পৃথকীকরণের জন্য গোটা দেশজুড়ে শ্রমদান, এবং তৃতীয় পর্যায়ে, ৩রা অক্টোবর থেকে ২৭শে অক্টোবর পর্যন্ত প্লাস্টিক রিসাইক্লিং করা এবং বর্জ্য প্লাস্টিক সমূহ ভালো উপায়ে বিনষ্ট করা। এই তৃতীয় পর্যায়ের ২৫ দিনের মধ্যে প্রথম পাঁচদিন (অর্থাৎ ৩ -৭ অক্টোবর) দেশের ৭৮,০০০ ওয়ার্ড এবং ৬ লক্ষ গ্রাম থেকে সংগৃহীত আবর্জনা শহর এবং জেলার সংগ্রহণ কেন্দ্রে নিয়ে আসার কথা; পরের দু দিন (অর্থাৎ ৮-১০ অক্টোবর) পুনর্নবীকরন যোগ্য এবং পুনর্নবীকরন অযোগ্য, এই দুই ভাগে ভাগ করা, আর এর পরের ১৭ দিন (অর্থাৎ ১১-২৭ অক্টোবর) পুনর্নবীকরন যোগ্য প্লাস্টিক গুলোকে কারখানায় স্থানান্তরিত করা, যাতে করে এগুলো সড়ক নির্মাণ ইত্যাদি কাজে ব্যবহার করা যায়।
ব্যক্তিগত তৎপরতায় গোটা দেশ তথা বিশ্ব এটাও দেখতে পেল যে ১২ অক্টোবর, ২০১৯ তামিলনাডুর মামালাপূরম সমুদ্র তটেদেশের প্রধানমন্ত্রী প্রাতঃভ্রমনে বেরিয়ে থেকে প্লাস্টিক-সামগ্রী  এবং অনান্য আবর্জনা সংগ্রহ করছেন, যা নিঃসন্দেহে সবার কাছেই একটি বার্তা বহন করে। ২রা অক্টোবর, ২০১৯, অর্থাৎ বাপুজির জন্মদিনটা থেকে আমরা, অর্থাৎ আপামর ভারতবাসী স্বচ্ছতার মন্ত্রে দীক্ষা নিলাম। ঘরে-বাইরে, হাটে-ঘাটে, মাঠে-বাজারে, মন্দিরে-মসজিদে, সভা-সমিতিতে সর্বত্র এটাই স্থির করা হয় যে, এখন থেকে আর প্লাস্টিক নয়। তার বিকল্পে হোক অন্য কিছুর ব্যবহার। কথা এমনটাই ছিল। দেশের জনক-এর নামে  উনার জন্মদিনে নেওয়া সপথ গুলো কতটা আন্তরিক ভাবে পালন করেছি, তার কি কোনও পরিসংখ্যান রয়েছে? অন্ততঃ এই উত্তর পূর্ব ভারতের রাজ্য গুলোতে? এবং পৃথক ভাবে বরাক উপত্যকার তিন জেলায়?

ঐসব হম্বি-তম্বি দেখে আশা করা যাচ্ছিল, হয়তঃ এবার কিছু একটা হলে হতেও পারে! কিন্তু না! হয়নি! ‘কেউ কথা রাখে নি’! আমরাও না…! সাময়িক ভাবে কিছু অন্য রকমের বিকল্প কেরি-ব্যাগ বাজারে এসেছিল যদিও, দশ-পনেরো দিনের জন্য হলেও  আম-জনতা একটু একটু করে বিকল্প ভাবতে শুরু করে ছিলেন যদিও, কিন্তু প্লাস্টিক ব্যবসায়ীর আকুল আবেদনে, ২রা অক্টোবর, ২০১৯ অব্ধি প্লাস্টিক ব্যবহারের উপর সাময়িক ভাবে নিষেধাজ্ঞা মৌখিক ভাবে রদ করা হল, এবং তার পরের ঘটনাগুলোর জন্য আমাদের নিত্যদিন ব্যবহ্ত এক জোড়া চোখ সাক্ষী। দেদার পরিমান প্লাস্টিক আজকের দিনে হাটেবাজারে বেপরোয়া ভাবে ব্যবহ্ত হচ্ছে। ‘ক্যারি-ব্যাগ’ বানিজ্য তো আর পাঁচটা শিল্পের মতই মুনাফাদায়ী, এবং এর পেছনে লগ্নী কৃত ধনরাশির পরিমাণটাও যে  একেবারে নগন্য নয়! কিন্তু, তবুও একটা কথা থেকেই যায়! প্লাস্টিক বর্জনের এই আহ্বান তো  গোটা দেশজুড়েই, দ্বীপ সদৃশ বরাক উপত্যকার জন্যও যে শুধুমাত্র এই সমস্যা তা তো নয়! তাহলে? শরণার্থী সুলভ মানসিকতার এ যেন এক জাজ্বল্য উদাহরন!  

(৩) গুয়াহাটিতে কাছাড়ী উল্লুক

ব্রহ্মাপুত্র উপত্যকা এবং বাংলাদেশের কিছু এলাকা ছাড়া  পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এমন প্রজাতির বানর ( হুক্কু বানর, বৈজ্ঞানিক পরিভাষায় এদের নাম, Hoolock hoolock ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন রোজকান্দি চা বাগানের পিছনের জঙ্গলে রয়েছে। ঘন জঙ্গল ছাড়া এরা বাস করতে পারে না, কারন গাছের এক ডাল থেকে অন্য ডালেই এরা ঘুরে বেড়ায়।  হাত দিয়েই যেহেতু এক গাছ থেকে অন্য গাছে যায়, তাই ইংরেজিতে এদেরকে ‘Brachiators’ বলা হয়। এরা কক্ষনো মাটিতে নামতে পারে না। যেহেতু এরা এক গাছ থেকে অন্য গাছে যায়, তাই অরণ্যে গাছের ঘনত্ব কমে যাওয়াটা এদের জন্য অশনি সঙ্কেত। অনৈতিক বৃক্ষছেদন দেশ তথা পৃথিবীর অন্যত্র দেদার চলছে। রোজকান্দি চা বাগানের পিছনের জঙ্গলের অংশটুকুও এর ব্যতিক্রম নয়। ফলে যা হওয়ার তাই হচ্ছে।
সালটা ২০১৬। এই প্রজাতির বানরের উপর গবেষণা করছিলেন এক গবেষক। এক সন্ধ্যায় খবর পাওয়া গেল, একটি স্ত্রী হলুক গাছ থেকে পড়ে গিয়ে মারাত্মক জখম হয়েছে। ঘটনা স্থলে গিয়ে দেখা গেলো, তিরিশ ফুট উঁচু একটা গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে যেতে চাইছিল, স্ত্রী বানরটি। যেহেতু, মধ্যের জায়গাটা ফাঁকা, তাই যেতে পারে নি, ফস্কে পড়ে গেছে মাটিতে, এবং এর পরই মহা বিপত্তি। হাত পা কোমরে প্রচণ্ড চোট, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে সে প্রায় মৃত্যুপথযাত্রী।
দুর্লভ প্রজাতির বানরের এই অবস্থা দেখে চারদিকের সব সংরক্ষণ কর্মীদের সাথে যোগাযোগ করা হল। আর এতে বিশেষ লাভও হল বৈ কি! গুয়াহাটি চিড়িয়াখানা থেকে ভেটেরিনারি বিশেষজ্ঞ ডাক্তার মোহন লাল স্মিথ বিমানে করে ছুটে এলেন, একে বাঁচানোর জন্য। একদিন শিলচরে থেকে, প্রাথমিক চিকিৎসার পর বানরটিকে নিয়ে বিশেষ একটা গাড়ি দিয়ে গুয়াহাটি খানাপাড়া ভেটেরিনারি হাসপাতালে নিয়ে গিয়ে এক্স-রে, সনোগ্রাফি ইত্যাদি সবই হল। সপ্তাহ খানেক হাসপাতাল থাকার পর সে সুস্থ হয়ে উঠল। এরপর একে নিয়ে যাওয়া হয়েছিল  গুয়াহাটি চিড়িয়াখানায়। চিড়িয়াখানার বর্তমান দ্বায়িত্বে থাকা ডি এফ ও, শ্রী তেজস মেরিস্বামি-র সঙ্গে সেদিন কথা বলে জানা গেলো, এখনও গুয়াহাটি চিড়িয়াখানায় স্ত্রী হলুকটি রয়েছে এবং সুস্থই আছে। সময়োচিত তৎপরতায় দুর্লভ প্রাণীটিকে বাঁচাতে পারার আনন্দই আলাদা।


লকডাউন


।। এম রিয়াজুল আজহার লস্কর ।।










করোনাটা রুখতে মানুষ ঘরের মধ্যে রুদ্ধ,
নিয়ম কানুন ভাংলে বিপদ, সেনা পুলিশ ক্রুদ্ধ।
গদা নিয়ে সেনা পুলিশ রাস্তার মধ্যে নামল,
স্কুটি বাইক ও রিক্সা ঠেলা সবই শেষে থামল।

রাস্তাতে কেউ গেলে পরে পড়ছে পিঠে লাঠি,
সেনা পুলিশ এসপি ডিসি করছে হাঁটাহাটি।
রোগটা রুখতে সহে মানুষ হরেক দুঃখ জ্বালা,
বাজার দোকান আড্ডাখানায় ঝুলছে শুধু তালা।

লক ডাউন ২

 ।। এম রিয়াজুল আজহার লস্কর ।।














করোনাটা রুখতে দেশে পুলিশ হলো গরম,
লাঠির বাড়ি খেয়ে মানুষ ভাগছে পেয়ে শরম।
দোকান বাজার সবই খালি  দৌড়ে মানুষ ভয়ে,
রাস্তাঘাটে হাঁটছে পুলিশ বাঘের মত হয়ে।

লকডাউনটা ভাঙবে যারা বিপদ তাদের ভারি,
রাস্তাঘাটে পুলিশ আছে, আছে থানার গাড়ি।
লকডাউন তো মানতে হবে, এটা সবার জন্য,
সঙ্গ ছেড়ে থাকলে সবাই ভারত হবে ধন্য।

শনিবার, ৪ এপ্রিল, ২০২০

করোনা মানেই মৃত্যু নয়

ll জাকারিয়া ইছলাম ll


ভদ্রলোক খুব বিরক্তিভরে ফোনগুলো রিসিভ করেন। তার কথার মধ্যে তীব্র বিরক্তি প্রকাশ পায়। কয়েকজনকে তিনি বলেই ফেলেন, দু’এক মাস বাঁচবেন কিনা  ঠিক নেই; পরের মাসের কথা তিনি কিভাবে বলবেন ? সারকথা এইযে, করোনা ভাইরাস নিয়ে তিনি খুবই  আতংকিত । কেমন যেন মৃত্যুভয় পেয়েছেন তিনি । এই কয়েক দিনে আমি আরও কয়েকজনের কথা শুনেছি; ফেসবুকসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিভিন্ন জনের মতামত বোঝার চেষ্টা করেছি । আমার মনে হয়েছে করোনা ভাইরাসকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাতে এরূপ ধারণা তৈরি হওয়া স্বাভাবিক যে, বর্তমান মানব সভ্যতার বিলীন হওয়াটা এখন সময়ের ব্যাপার।  কিন্তু, প্রশ্ন হোল, পৃথিবীর জন্য এ ধরণের ভয়াবহ বিপদ কি এই প্রথম? করোনা ভাইরাস কি পুরাতন সব কয়টি বিপদের থেকে অনেক বেশী মারাত্মক? 

যেমন 
২০০৩ সালে সারস ভাইরাসে অ্যাটাক করেছিলো প্রায় ২৬ টি দেশ। মৃত্যুহার ছিলো ১০%।
২০০৯ সালে সোয়াইন ফ্লুতে ৫৭ মিলিয়ন মানুষ আক্রান্ত হয়। মৃত্যুহার ৪.৫%
২০১৪ সালে ইবোলায় মৃত্যুহার ২৫% । মারা যায় ১১,৩১০ জন।
আর ২০২০ সালে করোনা ভাইরাসে মৃত্যুহার মাত্র ২%। মারা গেছে এ পর্যন্ত ৬২৩৯৯ জন।

               এই দুটি প্রশ্নের উত্তরও আমি ইতোমধ্যে জেনেছি । জেনেছি  পৃথিবীতে এ ধরণের বিপদ এই প্রথম নয় এবং এই বিপদ পূর্বের বিপদের তুলনায় ভয়াবহতমও নয় । তবে পার্থক্য হোল,  আগের মানুষ এসব বিপদের কথা সাথে সাথে জানতে পারত না । ২০০৩ সালে ফেসবুক , হোয়াটসআপ ছিলোনা। যখন সারস ভাইরাসে ২৬ টি দেশ আক্রান্ত হয়। ২০০৯ সালে সোয়াইন ফ্লুর সময় দুনিয়া ব্যাপী ফেসবুক ব্যবহারকারী ছিলো মাত্র ১৫০ মিলিয়ন। ২০১৪ সালে ইবোলার সময় হোয়াটস্যাপ ব্যবহার কারী মাত্র ২৫০ মিলিয়ন। আর ২০২০ সালে অন্যান্য মিডিয়া বাদ শুধু ফেসবুক আর হোয়াটসআপ ব্যবহার করছে লাখ, কোটি, মিলিয়ন না। প্রায় চার বিলিয়ন মানুষ। সোসালমিডিয়ার এই শক্তি ব্যাপক। প্রতি সেকেন্ডেই খবর ছড়াচ্ছে। কথায় বলে দুঃসংবাদ ঘোড়ার আগে ছুটে। একটা ভাইরাসে একজন মানুষের মৃত্যু সংবাদ এখন মুহূর্তেই বিলিয়ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।
এখন  তথ্যপ্রযুক্তি ব্যবহার সুবিধার কারণে  স্বল্পতম সময়ে যে কেউ দেশী বিদেশী সব  ঘটনার খুঁটিনাটি জানতে পারছে । কোন বিষয়ে বেশী জানলে মানুষ অনেক বেশী সচেতন হবার কথা । সেই সচেতন করার জন্যই  সরকারি এবং বেসরকারি বিভিন্ন নির্ভরযোগ্য মাধ্যম থেকে বার বার বলা হলেও ফল হচ্ছে বিপরীত । বিভিন্ন প্রচারণায় মানুষ সচেতন  না হয়ে অনেক বেশী আতংকিত হচ্ছে । আতংকিত মানুষ কোন সমস্যার সমাধান করতে পারে না; বরং নতুন নতুন সমস্যা সৃষ্টি করে । এ কারণে বিষয়টি সংশ্লিষ্ট সকলের ভেবে দেখা এখনই প্রয়োজন ।
   

          প্রাণীজগতে মানুষ অন্য সকল প্রাণী থেকে আলাদা। দর্শনশাস্ত্র মতে মানুষ একটি ‘বুদ্ধিবৃত্তিসম্পন্ন’  প্রাণী । পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘মানুষ সহজাত বিচারবুদ্ধিসম্পন্ন’ একটি প্রাণী । এই ‘বুদ্ধিবৃত্তি’ বা ‘ সহজাত বিচারবুদ্ধি’ গুণই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করেছে । আর একটি বিশেষ গুণও মানুষের আছে । সে গুণটি হোল ‘খাপ খাওয়ানোর ক্ষমতা’ ।  একজন মানুষ যেকোনো পরিবেশ-পরিস্থিতির সাথে খুব সহজে নিজেকে খাপ খাওয়াতে পারে – যা অন্য কোন প্রাণী পারে না । একসময় ডাউনোসরের মত বিশালদেহী প্রাণী এই পৃথিবীতে ছিল । কিন্তু, পৃথিবীর  জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পেরে, ডাইনোসোর প্রাণী পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে। আমাদের প্রথমে বুঝতে হবে, মানুষ সেই ডাইনোসোর নয়। মানুষ বিরল গুণসম্পন্ন একটি প্রাণী । পবিত্র কোরআনের ভাষায় ‘মানুষ সৃষ্টির সেরা জীব’। কিন্তু, এই সৃষ্টির সেরা জীবের সবচেয়ে  দুর্বল দিক হোল, এই ‘বুদ্ধিবৃত্তিসম্পন্ন’ প্রাণী 

কোন বিষয়ে নিজের সহজাত বিচারবুদ্ধি’ প্রয়োগ করতে চায় না । এই মানুষ, বিশেষ করে আমাদের দেশের মানুষ বেশীরভাগ ক্ষেত্রে গুজব এবং অন্যের কথা  দ্বারা পরিচালিত হয়। করোনাভাইরাস জনিত এই সংকটময় মুহূর্তেও আমরা প্রায় সকলেই  একই কাজ করছি । আতংকিত না হয়ে সচেতন হবার কথা বলে হলেও, আমরা অন্যের দেখাদেখি নিজেরাই  অনেক বেশী আতংকিত হচ্ছি। কিন্তু, ভবিষ্যৎ অনিবার্য বাস্তবতা হোল, এই মানুষ করোনা সংকটও কাটিয়ে উঠবে। বহাল তবিয়তে বেঁচে থাকবে এই সৃষ্টির সেরা জীব ।
আজ ফেসবুকে দেখলাম অফিসে কর্মরত একজন  কর্মকর্তার ছবি পোস্ট করা হয়েছে । ছবিটি নিচে দেওয়া হোল। ছবির ভদ্রলোক করোনার ভয়ে রীতিমত একজন নভোচারীর পোশাক পরে  অফিস করছেন ।

আমার ম্যাসেঞ্জারে  একজন ফেসবুক বন্ধু একটি খুদেবার্তা পাঠিয়েছেন । বার্তায়  তিনি লিখেছেন, ‘করোনাভাইরাস এর এই মহা-দুর্যোগের পর কার সাথে কার দেখা হবে অনিশ্চিত! আমরা সবাই কি বেচে থাকব? তাই, আসুন আমরা পরস্পর পরস্পরকে ক্ষমা করে দেই।
আমিও একজন ক্ষমা প্রার্থী’।
তারমানে আমার ফেসবুক বন্ধু  রীতিমত সবার কাছ থেকে শেষ বিদায় নিয়েছেন । 

কিন্তু,আমার প্রশ্ন করোনা ভাইরাস সত্যিই  কি এমন প্রাণঘাতী? সত্যিই কি এত ভয়ংকর ? আমি নিজেও অবশ্য করোনা ভাইরাস যে ভয়ংকর নয়,  তা বলতে চাইনে । করোনাভাইরাস অবশ্যই ভয়ংকর । কারণ, এই ভাইরাস মানুষের মাধ্যমে অতিদ্রুত গতিতে বিস্তার লাভ করে । ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগে  ব্যবস্থা না নিলে, মহামারি আকার ধারণ করে । কিন্তু, এই ভাইরাস যে খুব বেশী প্রাণঘাতী নয়, তা পরিসংখ্যান দ্বারা প্রমাণিত। এই ভাইরাসে গড় মৃত্যুর হার ২% । সবচেয়ে খারাপ অবস্থা ইতালির। সে দেশে করোনাভাইরাস  আক্রান্ত রোগীর মৃত্যু হার ১০% । ইতালির খারাপ পরিস্থিতির মধ্যেও করোনা আক্রান্ত শতকরা ৯০ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন। তাই, পৃথিবীর অনেক ভাইরাস থেকে এই ভাইরাস অনেক কম প্রাণঘাতী। সুস্থসবল মানুষ করোনাভাইরাসে মারা যাচ্ছেন -  তাও নয়। সাধারণত যারা বয়স্ক এবং অন্য কোন রোগের কারণে শরীরে রোগপ্রতিরোধ শক্তি কম- মূলত তাঁরাই করোনা ভাইরাসের মূল শিকার। দ্রুত রোগ সনাক্ত করা এবং আক্রান্ত রোগীদের আলাদা করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া- এই রোগ প্রতিরোধের প্রধান  উপায়। এই পদ্ধতি অনুসরণ করে ইতোমধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিংগাপুর ইত্যাদি দেশ সফলতা পেয়েছে। আমাদের সরকার সেভাবেই ব্যবস্থা নিচ্ছেন । কিন্তু আতংকিত মানুষ এবং তাঁদের অযৌক্তিক কৌতূহল এখানে বড় বাঁধা। অযৌক্তিক কৌতূহল এই পর্যায়ে যে, করোনা আক্রান্ত আলাদা করা রোগী  দেখতে শত শত মানুষের ভিড় হচ্ছে। একজন মানুষ এই আতংকবোধ এবং অযৌক্তিক কৌতূহল নিজের সহজাত বিচারবুদ্ধি প্রয়োগ করেই দূর করতে পারে । কিন্তু, সেই চেষ্টা করা হচ্ছে না।

আমাদের বুঝতে হবে ভয়ংকর কোন বিষয়ের মোকাবেলা করতে  মাথা ঠাণ্ডা রাখতে হয়। একজন আতংকিত মানুষের মাথা ঠাণ্ডা থাকে না । ফলে,  আতংকিত মানুষ কোন সমস্যার সমাধান করতে পারে না। চীনের করোনাভাইরাসের কথা প্রকাশ পায় ২০১৯ সালের  ৩১ ডিসেম্বর । আজ থেকে ঠিক ৯১ দিন আগে । চীনের দ্রুতগতির উন্নতি যারা পছন্দ করেননি, তাঁরাই এ  বিষয়টি ‘হাতী কাদায় পড়েছে’ হিসেবে গ্রহণ করেন। সে সময়ে এমনভাবে পরিকল্পিত উপায়ে করোনাভাইরাস নিয়ে প্রচারণা শুরু করা হয়,  যেন সবাই আতংকিত হয় এবং চীনের সাথে যোগাযোগ বন্ধ করে। তাঁদের সেই চেষ্টা সফলও হয়। সত্যিই অতিঅল্প সময়ে চীনের অর্থনীতিতে ধ্বস নামে । কিন্তু, তাঁরা কখনও ভাবেননি যে,  করোনা ভাইরাস তাঁদের নিজেদের দেশ আক্রমণ করবে। তাই কোন রকম প্রস্তুতি নেওয়ার প্রয়োজন তাঁরা বোধ করেননি। সত্যিই যখন তাঁদের দেশ আক্রান্ত হয়, তখন নিজেদের ছড়ানো আতংকে তাঁরা নিজেরাই বেশী আতংকিত হয়ে পড়েন। সব লেজেগোবরে জড়িয়ে যায়। অথচ প্রথম দিকে আতংক সৃষ্টি না করে সবাইকে করোনা বিষয়ে  সচেতনতা সৃষ্টির কথা বলা হলে, বর্তমানের দৃশ্যপট ভিন্ন রকম হত। যাহোক, এসব কথা এখন বলে লাভ নেই । আতংকও এক ধরণের সংক্রামক ব্যাধি। বিশ্বায়নের এই যুগে প্রথম দিকের সেই ছড়ানো আতংকে আমাদের দেশের সাধারণ মানুষও আক্রান্ত হয়। আতংকিত মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ কিছুটা সময় লাগে। আমরা বোধ হয় সেই  ক্রান্তিকালে আছি। এখন নিজেদের সামলে নেওয়া খুবই জরুরি। 
        একজন মানুষ দৈনন্দিন জীবনে লক্ষকোটি অদৃশ্য ভাইরাসের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। করোনা ভাইরাসও একটি ভাইরাস। তার শক্তি একটু বেশী। সেই বেশী শক্তির সাথে মোকাবেলা করতে কি ধরণের খাদ্য দরকার; কি পদ্ধতি অবলম্বন করতে হবে –সবই  বিস্তারিত বলা হচ্ছে। এখন সংশ্লিষ্ট সকলের মাথা ঠাণ্ডা রাখা দরকার। ব্যক্তিগত সুরক্ষার জন্য যে উপকরণের কথা বলা হচ্ছে; প্রয়োজনীয় যে কিটের কথা বলা হচ্ছে নিজেদের সক্ষমতায় কিভাবে তা নির্বাহ করা যায়- সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক  সকল পর্যায়ের সার্বিক সহযোগিতায় কিভাবে এই জাতীয় দুর্যোগ মোকাবেলা করা যায় তা নিয়ে আমাদের কাজ করতে হবে। তার আগে এই বিশ্বাস থাকা জরুরি যে, এ ধরণের দুর্যোগ মোকাবেলা মানুষই করতে পারে এবং আমরাই তা পারি।
            আর একটা বিষয় এখানে না বললেই নয়। পৃথিবীর কোন দেশ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের গুলি করে মারছে; কোন দেশ বৃদ্ধদের বাদ দিয়ে শুধু অল্প বয়সীদের চিকিৎসা দিচ্ছে-এটা আমাদের বিষয় নয়। আমাদের সমাজে বয়স্কদের সম্মান করা হয়, রোগীদের সম্মান করা হয়- রোগী বহনকারী এ্যাম্বুলেন্সকে ভি.আই.পি মর্যাদা দেওয়া হয়।  এটা আমাদের নিজেদের ধর্ম এবং সংস্কৃতির অঙ্গ। সামান্য একটা ভাইরাস আমাদের এতদিনের লালিত ঐতিহ্য নষ্ট করুক এটাও কাম্য নয়। আমাদের মিডিয়া আমাদেরকে গুমরাহ করছে, আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা বোঝতে পারছেনা, আমাদের সমাজের শিক্ষিত ব্যক্তিদের উচিত তাদের না বোঝা বিষয়গুলো তাদেরকে বুঝানোর চেষ্টা করা। তাঁদেরকে আমরা যেন অসম্মান না করি; নিজেদের নিরাপদে রেখে, সকলের সম্মান বজায় রেখে আমরা যেন এই জাতীয় সমস্যা মোকাবেলা করি । 
        দেশের সমস্ত শহর এখন ফাঁকা। মেহনতি ও  শ্রমজীবী মানুষেরা এখন তাঁদের নিজ নিজ এলাকায় । মাঠ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের জন্য এখন এটা অনেক বড় চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী নিজে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। তবে, সরকারের  একার পক্ষে এই জাতীয় মহাদুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। আমাদের সকলকে যার যার সামর্থ্য অনুযায়ী মেধা, অর্থ ও শ্রম দিয়ে এই দুর্যোগ মোকাবেলায় অংশ নিতে হবে। আমরা নিজেরা যদি এই করোনাভাইরাসে আক্রান্ত হই এবং এতে যদি মৃত্যুবরণও করি; আমরা যেন সত্যিকার ধার্মিক এবং মানুষ হিসাবে তা করি । কোন আতংকিত অর্থহীন জীবন নিয়ে আমরা যেন বিদায় না নিই ।

           মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।




বুধবার, ১ এপ্রিল, ২০২০

নবোদয়


।। সিক্তা বিশ্বাস ।।


















কালস্রোতে অসহায় লাচার
আধেক ভাসা! আধেক  ডোবার! 
তবে কি জীবন তলানিতে ঠেকে !!!
কেমন যেন আবছা পারাবার!! 

আজ অস্ত্র বিহীন লড়াই সবার! 
অনুজীবের কাহিনী যে এবার! 
জীব নয়! জীবের হাতেই সৃষ্টি যার 
এ কেমন উদ্দাম তাণ্ডব তার!

স্পর্শকোপের ঝঞ্ঝা সমাহার
সংশ্লিষ্টতাই ঝটিকা বাহার! 
সঙ্ঘবদ্ধতার আজ সংহার 
এ কেমন দশা মানব সভ্যতার!

মহাকাব্য যদি সত্যি কয়
মহাভারত তবে সাক্ষী রয়
সংহারেতেই নব্য সৃষ্টি হয়
নব-সভ্যতার আবার হবে উদয়...
           ***********