“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

ভালোবাসার পাথরকুচি : অমলকান্তি চন্দের কাব্যগ্রন্থের আলোচনা

।। সেলিম মুস্তাফা ।।





...'সাদা বকেদের সাথে কথার খেলাপি করে মাছরাঙা'...

বিগত ধর্মনগর বইমেলায় কাঞ্চনপুর থেকে এসেছিলেন কবি অমলকান্তি চন্দ । উপহার দিলেন তাঁর দ্বিতীয় কবিতার বই ‘ভালোবাসার পাথরকুচি’ । তাঁর ছড়ার সঙ্গে পরিচয় ছিল ফেসবুকের মাধ্যমে । এবছর মার্চে বইটি প্রকাশ করেছেন কুমারঘাটের ‘স্রোত প্রকাশনা’ ।
দুয়েকটি শব্দ-সংকট থাকলেও বইটির কাগজ বাঁধাই আর মুদ্রণ খুব ভালো । সুন্দর এবং যথাযথ প্রচ্ছদ করেছেন ধর্মনগরবাসী চিত্রশিল্পী তথা কবি বাপ্পা চক্রবর্তী । গ্রন্থের শুরুতেই কবির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আরেক কবি মিলনকান্তি দত্ত ।
এ পাঠপ্রতিক্রিয়া নিতান্তই আমার ব্যক্তিগত । যারা ইতিমধ্যে অমলকান্তির এই কবিতাগুলো পড়ে নিয়েছেন, তাদের সঙ্গে আমার অনুভব মিলতে না-ও পারে বা মিলবে না, ধরেই নেয়া যায় ।
অমলকান্তি বেশিরভাগ কবিতাই ক্ষুদ্রাকৃতির । দীর্ঘদিন ছড়া লিখছেন, খুব স্বাভাবিকভাবেই শব্দ সম্পর্কে সুন্দর সমীহ রয়েছে । তাঁর কবিতায় রঙের আর দৃশ্যের নৈপুণ্য সহজেই চোখ টানে । দৃশ্য আঁকাতেই তাঁর তীব্র অবসেশন রয়েছে যেন । কাব্যিক আদরে কবিতায় টেনে রাখতে পারেন সহজেই । দশদা কাঞ্চনপুর বিখ্যাত হয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, যার রয়েছে এক তীব্র বুনো আকর্ষণ । কারণ এই দুই জায়গা থেকেই, চোখ তুললেই দেখা যায়, অদূরে এক আকাশ রোদের নিচে তীব্র কামনায় হাতছানি দিচ্ছে সঙ্গলোভী নীল যুবতি জাম্পুই, যার হলুদ কমলার তুলনা আর কোথাও নেই । তার বনজ সুবাস আর কোথাও নেই । বুনো লতায় তার বাহুপাশ আর কোথাও নেই ।

“নারীকে ছুঁয়ে দেখি অনেকবার
নাভিতে কালো মেঘেরা
কুণ্ডলী পাকায়

মেঘ গাঢ় হলে
কালো ছায়া নেমে আসে
রাতের কামুক চোখে।”  (নারী)

অনেক কবির মধ্যেই, তার নিজের জীবনকে— জীবনের মহার্ঘতাকে ছুঁয়ে দেখার, তাকে স্বীকৃতি দেবার কোন আয়োজন দেখি না, যা একজন পাঠকের প্রত্যাশার মধ্যে সঙ্গোপনে থেকেই থাকে, এমনকি পাঠকের অজ্ঞাতসারে হলেও । এই কবির মধ্যে কিছু যেন পাওয়া যায় ।

“দুটো হাত যতটুকু প্রসারিত করা যায় দক্ষিণ ও বামে
যতটুকু নাগালের ভেতর পাই
লক্ষণরেখা বরাবর বৃত্তের মাঝে ভাসতে থাকি ।

বৃত্তের চারিদিকে ফণিমনসার ঝাড়
ফণাতে ঝুলে থাকে আমার মনখারাপের বেলা ।... ...

আমার সংসার ডমরুর তালে তালে
বৈরাগী তিলক কাটে প্রশস্ত কপালে ।

কষ কষ দুধ শিব ভাঙ
ঢোঁকে ঢোঁকে পান করি বৃত্তের সদর দরজায় বসে ।” ... ... (সংসার)

প্রায় পুরো রচনাটিই দিলাম । তৃতীয় পঙক্তিতে ‘লক্ষণরেখা’ শব্দটি আদতে ‘লক্ষ্মণরেখা’-ই হওয়া উচিত মনে হয় । কবি নিজেকে এখানে নীলকণ্ঠ করে নিয়েছেন । তাঁর এই গণ্ডীবদ্ধ থাকার যে  মানসিকতা বা থিম বা দর্শন, যা সংসারসুখে বা সংসারবিষে নিমজ্জিত থাকার অবস্থাকে নির্দেশ করে, তা থেকে কবি মুক্তি চেয়েছেন বলে মনে হবার মত কোন রচনা অন্তত এই গ্রন্থে নেই । নিজের রচিত এই দৃশ্যপটেই কবিকে ব্যস্ত থাকতে দেখি এ জীবনের সমস্ত রসায়নকে উপভোগ করার নেশায়—

ত্রুটিহীন শব্দচয়নে তাঁর শান্ত কবিতা একটি একটি পঙক্তি নিয়ে এগোয় ধুলোপায়ে—
“... অনেকখানি পথ পায়ে হেঁটে গেলে তুমি ।
যেখানে ধুলোতে রৌদ্র লাভা,
চিকন বুননে সুঠাম দেহযুগল
কাস্তের দাঁতে সুদৃঢ় হয় ভালবাসার বন্ধন । ... ...

ঘন হয় মেঘ,
ওম ওম মাটিতে আতরমাখা গন্ধ
গায়ে মাখে উদাসী সকাল ।”          (উদাসী সকাল)

আরও পড়া যাক—

“... আমাকে লুকিয়ে লুকিয়ে সারারাত ধরে কাঁদলে
আমার ভিজে যাওয়া জামাটা ছড়িয়ে দিয়েছিলাম
সকালে উঠোনে ।

পাশেই তোমার লাল শাড়ি
চুলের লাছি
সোহাগী বালিশ জড়িয়ে আছে রোদ ।

রাত নামলে আমার ঘরে টুপটাপ বৃষ্টি ঝরে প্রতিক্ষণ ।”     (রাত-১)

প্রেমের কবি আর বিরহের কবি, মূলত এক । শান্ত কবির বিদ্রোহের লক্ষণও শান্ত শীতল কঠিন আর তীক্ষ্ণ ।

“... পীরের তকিতে সুতো প্যাঁচ
আর সোনামুখী সূচ
শরীরে বিঁধে গেলে রজস্বলা হও তুমি ... ...

একদিন সাগরসঙ্গমে
পোয়াতি শিবিরে ত্রাণ বিলি করে প্রশাসন ।”     (কলোনি)

একটি দুটি পঙক্তি তুলে এই কবিকে ঠিকঠাক প্রকাশ করা কঠিন । এর চিত্রময়তা, যা  জীবনানন্দীয় গূঢ়তায় তোলপাড় না-করলেও, এক অদ্ভুত সরলতায় আকর্ষণ করে যেতেই থাকে ।
ত্রিপুরার বাজারী আধাশহরগুলির ভিড় এড়িয়ে দেও নদীর পাড়ে গহীন বনের অন্তরে এমন এক কবি থাকেন ভাবতেই আমার গা শিরশির করে ওঠে, একটা পুলক জাগে ! শহর কী দেয়, আর কী দেয় এক নিঃসঙ্গ বনানী, ভাবতে ইচ্ছে করে আবার !

“আমাকে দাঁড়াতে বললে
আমি দাঁড়িয়ে রইলাম ঠিক গাছেদের মতো । ... ...
আমাকে গাইতে বললে
শিস্‌পাখিদের ভিড়ে আমি হারিয়ে গেলাম গাঁয়ের পথে ।

আমাকে কাছে ডাকলে
লক্ষ্য করলাম তোমার মাঝে অসম্ভব পরকীয়া স্বভাব ।

জিরাফের গ্রীবার মতো প্রলম্বিত হাতে সন্ধ্যা আরতি শেষে
স্লেটে লিখে রাখলে আমাদের না-বলা কথা ।”               (আমাকে দাঁড়াতে বললে)


না । কোন চমক নেই । শীতের দেও নদীর মতোই যেন । তবে ‘জিরাফের গ্রীবার মতো’ নিশ্চয় মনে করিয়ে দেয় সেই নিস্তব্ধতার কথা, যা ‘উটের গ্রীবার মত’ ।
এই পরকীয়া আরও এসেছে আরও মধুর হয়ে—

“...মেয়েটি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল একা
তার চোখের ভাষাতে
মিহি কবিতার ভ্রূণ । ... ...
মেয়েটির সাথে কথা হয়েছিল আমার
স্টেশনের কাছে, কাছে... ...
আরো কাছে ।”                                (স্টেশনের কাছে)

বিভিন্ন রঙের চিত্রমালায় কবি সাজিয়েছেন তাঁর হৃদয়-যাতনাগুলি—

“কুপিবাতিগুলোর লকলকে জিভে
পূর্ণিমার আতর মাখা লাল শাড়ি,
বাবার বিয়োগের আগে,
আমার মা নিত্য পরতেন ।
সকালের ঠোঁটে চুমো খেতে খেতে
সাদা কাগজে মোড়া এই জীবন
আঁতকে ওঠে, বরণের শেষবেলায়
পোড়ামাটির ঘর, দাওয়া, কুপিবাতিগুলোর
প্রলম্বিত মুখে
কালো ছায়াগুলো ভেসে ওঠে আজ,
আলোর পাদদেশে ছদ্ম বিভীষিকা,
কেবল জঠর পোড়ায় ।”                                     (ঘর-১)  



ছবির শেষ নেই—


“জারুলের ফুলে ফুলে নীল আবির ছড়িয়ে
ছেলেটা নদীর দিকে ছুটতে থাকে ।”... ...                   (ঘরে ফিরে আসেন মা)

“এই তো তোমার ঘর... ...
মাঝে মাঝে জল টলমল চোখের ভিড়ে
বৃষ্টিকে খুঁজি ।
ঘরের ঠিকানা বলে দিতেই
            অঝোরে কেঁদে ফেলে ।”                                    (ঘর-৫)

এত কথার ভিড়ে তবু কিছু কথা বাকি থেকে যায় । একজন কবির কাছে আমরা কতকিছু যে খুঁজি ! আর না-পেলেই তাঁর নম্বর কিছু কম করে দিই । কে দেয় পরীক্ষা, আর কে দেয় নম্বর, কবি তার খবরও রাখে না !! এমনি, বনের কিশোরীকে নম্বর দিতে যায় ডোরাকাটা সাপ !
“ডোরাকাটা সাপ থাকে এই পথে
ভাতঘুম শেষে তারা বেরিয়ে পড়ে প্রতিদিন
পাহাড়ের টেরেস ভাঁজে... ...

মিজো কিশোরীর রূপে পাগল সাপেরা
কচি কমলার গাছে গাছে  ভিড় করে ।” ... ...             (ডোরাকাটা সাপ)



একটা গ্রাম্য বাজারের চিত্র মন কেড়ে নেয়—

“বাজারে ঘুরে যায় সবাই একদিন
মুদির দোকানে চিটার পাত্রে ডুব দিলে
রসালো সাদাপাতায় তামাকের গন্ধ ভাসে বাতাসে ।

ধনীরাম এই গন্ধ শুঁকে শুঁকে কাটিয়ে দেয়
জীবনের অর্ধেক বেলা ।

বাচালির মাঝে বসে বসে
তেতো নুনের  গল্প বলে আজ
বাঁশকরুলে মরিচের ঝাল,
আদার ফুলের বড়া
জিভে চেটে চেটে খেয়েছিল তারা ।

ভিড়ে ভিড়ে পাহাড়ি খারাং জুড়ে নিয়ে আসা
মুঠো মুঠো আলো বাজারে
ছড়িয়ে দেয় জুমিয়া বৌ ।

পরনে উদাল ছাল, ভবঘুরেদের সভায়
মাছি মারার ঔষধ ফেরি করে কেউ ।”                        (বাজার)



বিশেষ বিশেষ শব্দ ও শব্দবন্ধের প্রতি, বিশেষ বিশেষ মেটাফরের প্রতি, বিশেষ বিশেষ নস্টালজিক সিক্যুয়েন্সের প্রতি কবিদের অবসেশন থাকে, থেকেই যায় । পকেটের আধুলিগুলো খরচ না-হওয়া পর্যন্ত হাঁটতে গেলেই শব্দ ওঠে ! এমন কিছু অবশ্যম্ভাবী ঘটনা এখানেও পাই—‘জুমিয়াবেলায়’, ‘শিকারীবেলায়’ ‘দহনবেলায়’ ‘বন্ধুবেলায়’ এমন শব্দবন্ধ নিঃসন্দেহে খুবই সুন্দর, কিন্তু এই বেলার ভেলায় বার বার ভেসে যাওয়া কিছুটা হলেও একঘেয়েমি নিয়ে আসতে পারে ।

...’সাদা বকেদের সাথে কথার খেলাপি করে মাছরাঙা’...

গোটা গ্রন্থটিতে এমন অজস্র সুন্দর দৃশ্য আর পঙক্তিমালা ছড়িয়ে আছে ।

কবিতাগুলো নিশ্চিত এই সময়েরই রচনা । কিন্তু সময়টা কোথায় ? যে দৃশ্যগুলো আমরা পড়লাম, তা শুধু আজ সত্য নয়, অধিকাংশই চিরন্তন, এমনকি বাজারের দৃশ্যটাও । পাল্টায় তো না কিছুই, পাল্টানোর কথা আমরা মুখে বলি মাত্র ! তবু সময়ের মোচড়গুলো কবিরাই তুলে ধরেন আমাদের চোখের সামনে । ‘সাদা বকেদের সাথে কথার খেলাপি করে মাছরাঙা’ আরও উজ্জ্বল হয়ে এসে আমাদের প্রত্যাশা পূরণ করুক । কবি ছাড়া আঙুল তুলে কে দেখাবে আর ?
কবির জীবন আমরা পেলাম, তাঁর মনস্তত্ত্ব, তাঁর ভাব, তাঁর রচনার গঠনবিজ্ঞান সবই রয়েছে এখানে । তাঁর পাঠ-ইতিহাসও অনুমেয় । তবু মনে হয়, সময় আর সমাজ, আর তাদের অধুনান্ত রসায়ন কিছুটা যেন কম পড়লো পাঠকের ভাগে ।
আমি ব্যক্তিগতভাবে থিমেটিক কাব্যগ্রন্থে বিশ্বাসী নই । এতে একটা চক্রান্ত থাকে, একটা অভিসন্ধি থাকে । কাব্যগ্রন্থ হোক কবির জীবনের ‘কালখণ্ড’ অনুযায়ী । তাই গ্রন্থের নামটার মধ্যে যে একধরণের প্ররোচনা রয়েছে সেটা ব্যক্তিগতভাবে আমার ভাল লাগেনি ।
কবি সমাজ আর সভ্যতার সম্পদ । কবি সময়ের উদ্ধত ঝাণ্ডা !
তাঁর পরবর্তী গ্রন্থের জন্য অধীর অপেক্ষায় রইলাম ।

                                               ১৩.০৯.২০১৮





























 




কাফের : দেবপ্রাতিম দেবের কাব্যগ্রন্থের আলোচনা


।। সেলিম মুস্তাফা ।।

কাফের !



শিলচর থেকে তরুণ কবি দেবপ্রতিম দেব পাঠিয়েছেন তাঁর (সম্ভবত) প্রথম কাব্যগ্রন্থ ‘কাফের’ । ৫৮ পৃষ্ঠার একটা ছিমছাম এবং খুবই শোভন একখানা বই । হ্যাপী দে কৃত সুন্দর প্রচ্ছদ ।
কাছাড়ের বাংলা সাহিত্যে বহুদিন, সেই সাতের দশক থেকে, আমরা দেখে আসছি কোলকাতার ঘনিষ্ট এবং উল্লাসকর ছায়াপতন । দেখে আসছি ১৯শে মে বিজড়িত ক্রন্দনমুখরতার চটজলদি কোরিওগ্রাফি । এ গ্রন্থটি সম্ভবত এই সমস্ত কিছুর প্রেক্ষিতেই এক  ‘কাফের’ ।
দেবপ্রতিম ইংরাজী সাহিত্যে পোস্টগ্রাজুয়েশন করছেন, বইটির ব্যাক কভারে এমনই লেখা রয়েছে । তাঁর কবিতাগুলো পড়লে এর সুবাস পাওয়া যায় । একটু বেশিই পাওয়া যায় বোধহয় ।
ফলে, ব্যক্তিগতভাবে আমার কিছু যে অসুবিধে হয়নি, এমন নয় । কবিতার রসাস্বাদনে মাঝে মাঝেই বিঘ্নিত হয়েছি । তবু ভাল লেগেছে তিনি ‘কাফের’ বলে । এটা ঐ অঞ্চল থেকে এটা যেন এক নতুন হাওয়া নিয়ে এলো ।
‘প্রেম’ কথাটি প্রায় অনুচ্চারিত, পরিবর্তে এসেছে ‘প্রেমিকতা’ । এ যেন এই ‘সেল্ফিযুগের’ সঙ্গে মিল রেখেই এক ব্যঙ্গসুন্দর প্রতিবাদ ।

প্রথম কবিতাটির নাম ‘মাল্‌বিকা’ । কেন এমন এ নিয়ে আমার কোন প্রশ্ন নেই । হিন্দী সিরিয়েলের প্রভাবেও হতে পারে, না-ও হতে পারে । এতে মালবিকার মনে আদৌ কোন বিকার ঘটলো কিনা তা-ও মূল্যবান নয় । কিছু সুন্দর কথা আছে এই লেখাটিতে—


“তোমার রাশিয়ায় শুধু বরফ
বারুদমাখা রক্ত শুয়ে আছে, অবরুদ্ধ যাতায়াত ।
.........................................................
তর্কের আদলে বিবস্ত্র জার্মান বাঙ্কার, কাতুকুতু খেলে
ভয়, ধূসর ক্যালকুলাস—...”

এমনি চমক দেয়া দারুণ সব পংক্তিবিন্যাস রয়েছে তার গ্রন্থটিতে । শত সপ্রতিভতার আলেপন থাকলেও কবি ঘরের কাছেই ধরা পড়ে যান সেইসব মর্মবেদনার কাছে, যা আমাদের একান্ত আপন অসহায়তা । এই কনফেশনই হয়ত কোন স্রষ্টাকে তাঁর অভিযানের পথে দ্রুত এগিয়ে নিয়ে যায়...

“...ধর্ষিতার ক্ষত দেখিনি কখনো, দুঃখ বুঝতে পারি;
শব্দহীনতায় যখন মূক, নতুন ভোরের কথা বলতে পারিনি । ...” (অঙ্গরাজ)

নয়ের দশকের মাঝামাঝি কবির জন্ম । তাহলে ধরা যায় মোটামুটি প্রথম (?) দশক  বা কিঞ্চিৎ অতীত থেকে তার প্রসববেদনার শুরু । এই সময়ে তারা বাংলা কবিতার জগতে যা পেয়ে থাকেন উপঢৌকন বা উত্তরাধিকার হিসেবে, সেটা ব্যঙ্গ, শ্লেষ, আপন জীবনকে অস্বীকার করার প্রবণতা, যা সাতের দশক থকে শুরু হয়ে ক্রমশ ক্ষুরধার হয়ে এসেছে অদ্যাবধি । আবার যেহেতু এখন ইন্টারনেটের যুগ, বাংলা সাহিত্য ছাড়াও অন্যান্য দেশীয় এবং অভারতীয় সাহিত্য মুহূর্তেই  পাওয়া যায় চোখের সামনে । কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি, এর প্রভাব থাকলেও তা সুষম নয়, একটু এবড়ো-খেবড়ো যেন । এর উদ্দেশ্য-বিধেয় বা নতুনত্বের কথা যদি বাদও দিই, তাহলেও কিছু তো আমাদের পাওনা থাকে তাঁদের রচনায়, এমন কথা মনে আসে । কিন্তু, সেটা কী ? তাদের পায়ের তলার মাটিটা কী এবং কেমন ? একমাত্র ভবিষ্যেই নিহিত রয়েছে এর উত্তর । ততদিন অপেক্ষা ।

সর্বদা সব কথা কবিতা হয় না । সর্বদা সব কথা সত্য হয় না ।
কথা হল দেবপ্রতিম কি আমাদের অনুযোগের লক্ষ্য ? জানি না । সেটা তিনি নিজেই বলবেন ।

“...সাইলেন্সার কেটে ফেলা মোটোরবাইকের মতো
এখন সেলফিবাজ সময়, খোলা আকাশের গান হয়
আর মুক্ত প্রেমিকতায় ভরে যায় ইনবক্স । ...”          (রুদ্র)

খুবই শব্দসচেতন এই কবি । হিসেবী কবি । শব্দের মিতাচারে বিশ্বাসী বোঝাই যায় । তাঁর ছোট ছোট অনেকগুলো রচনা রয়েছে গ্রন্থটিতে ।

“...শীতল ঝড় । জমাট অক্ষর ।
থামছে রূপক, হয়তো উষ্ণতাও ।
কথা ছিল দেখা হবে ।
কথা ছিল ।            ...(বাক্স)

আবার শব্দের তুফানও তুলতে সিদ্ধহস্ত । আর এখানেই এক উদ্দাম কবির সাক্ষাৎ পাওয়া যায়—
“কয়েকজন লোক আমাকে নিয়ে যাচ্ছে কাঁটাতারের ওপারে
যাদের কোনো আদালত নেই, নেই কোনো পিনাল কোড... ... ...
... লাইটপোস্টের পায়ে বাঁধা আমি একখানা চটিবই
মলাটে আবদ্ধ পাখি— আমি জানি এটা বদ্ধভূমি,
আমার পাশে বয়ে যায় নিশুতি নালায়
রেললাইনে কাটা আগাছার কাট’-মুণ্ড থেকে রক্ত,
মৃত কুকুরের ঘিলু, মৃত ইঁদুরের হাড়, সফেন সাবান-জল,
শুকনো কষের গন্ধ-লাগা রাখেলের দামী চাদর,
আমারই মল-মূত্রে জং-ধরা আমার ছিঁড়া-খুঁড়া কাপড়,
উলঙ্গ মির্জা,
রাত এগারোটায় ভীড় করে আসা
বাষট্টি চড় পিলারে ঠোকর তিল তিল বেধড়ক
জিজ্ঞাসাবাদের পর বলেছি আমি সেই চটিবইয়ের কথা,
মলাটে আঁকা পাখির কথা,
তার কবিতার কথা, শূন্য দশকের বিকারগ্রস্ত যোনিদেশের কথাও,
দুর্বোধ্য ক্রিটিকের কথা আঁতেলের ভাষা,
উঁচু-মানের প্রেমের ফাটকা রাবীন্দ্রিক সান্ত্বনা... ... ...
... গেরিলা কবির ঘিলু, গোর্খা আন্দোলনের হাড়, আমার লাশ,
কাশ্মীরী জিহাদের মাসিকের ন্যাকড়ায় মোড়া রক্তাক্ত বইয়ের পাতা,... ...
... এদিকে অন্ধকার, অন্ধকারের ওপারে— ঘনঘোর পতনরেখা,
মনে রাখবেন— চণ্ডালিকার প্রেমিক চণ্ডাল নয় ।             ... (বদ্ধজনের কবিতা)

 তাঁর আরেকটি রূপ— কামনার কাব্যময় অধিপতন...
“তোমার খাবার-ঘরে আমরা দু’জন, একা ডাইনিং ।
না-শব্দ
সেই ঝুঁকে যাওয়া মেরুদণ্ড, আড়চোখ, চুল সরানো আর
কপালের ভাঁজ,
সেই একই ভাবে তোমার উঠে পড়া, তারপর লুকোচুরি । ... ...
লালচে পর্দার গায়ে দৃষ্টিকোণ, কালো ট্রান্সপারেন্ট
ভেতরে পাকিজা,
ঠিক যখন সমস্ত শহর আলো জ্বালাবে, অন্ধকারে,
অলিগলি রোমন্থন,
নদীর ঊরুদেশে নিখোঁজ, গ্রীষ্মর ঘেমো নদ, আর্ত মিশনারি ।... ...   (দ্যা রিভার)

এ ছাড়াও আরও বিভিন্ন আঙ্গিকের রচনা রয়েছে এই দুই মলাটের ভেতরে । উদাহরণ আর বাড়াচ্ছি না ।
সারা বইটিতে একটি ব্যাপার আমার মনে হয়েছে, কবি তার নিজস্ব ভাষার খোঁজে বেরিয়ে পড়েছেন । নিজস্ব ভাষাশৈলী কবিতার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার অবশ্যই । বহুবছর লিখেও আজও অনেকেই তা খুঁজে পাননি, এ কথা নিশ্চিতভাবেই বলতে পারি । দেবপ্রতিমের এ ব্যাপারে একটা বিশাল যুদ্ধ রয়েছে তাঁর নিজের সঙ্গেই যেন । হয়তো একান্তভাবে নিজেকে উজাড় করে দেয়া ছাড়া সেই লক্ষে পৌঁছানো না । আমার ব্যক্তিগত ধারণা কবিতা লেখার জন্য যে আত্মপীড়ন, যে যাত্রা আর অভিযাত্রা, সেটাই কবিতা ।
যেখানে শিলচর তথা কাছাড় ছেড়ে অধিকাংশ কবি সাহিত্যিকরাই বহিঃরাজ্যে আপন আপন নীড় খুঁজে নিয়েছেন, এবং যারা, যদি কোন কারণে একান্তই ফিরে আসেন কখনো, সেখানে কি ফিরে পাবেন কোনো বনলতা সেনকে, যে বলবে, এতদিন কোথায় ছিলেন ? সেখানে এই কবির উঠে দাঁড়াবার এই সংগ্রামকে আমার ব্যক্তিগত তরফ থেকে সেলাম জানাই । ‘কাফের’-এর জয় হোক ।

                               












বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

'কাপ্তাই বাঁধ : বর-পরং : ডুবুরীদের আত্মকথন' সমারী চাকমার প্রবন্ধ গ্রন্থের পাঠ-প্রতিক্রিয়া

।। সেলিম মুস্তাফা।।



কর্ণফুলি কর্ণফুলি, কাপ্তাই কাপ্তাই !!
কাপ্তাই মানে চাকমাদের কান্না,মানুষের কান্না, হৃদয়ের কান্না,গভীর নীলজলের মতো অন্তহীন বেদনার জললিপিকা ।
‘কাপ্তাই বাঁধ ꠩ বর-পরং ꠩ ডুবুরীদের আত্মকথন’ । এবার, ২০১৮ সালের আগরতলা বইমেলায় এই বইটি কবি গৌতম চাকমার সৌজন্যে আমি উপহার পাই এর লেখিকা শ্রীমতী সমারী চাকমার হাত থেকে । এ যেন এক বিষাদ-সিন্ধু !
লেখিকা সমারী চাকমা, যার জন্ম ১৯৭৫ সালে, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, এবং সুপ্রিম কোর্টেই চাকমা জাতির প্রথম মহিলা আইনজীবী বলে তালিকাভুক্ত ।
ছিন্নমূলতা মানবজীবনের এক অনপনেয় লিপি । মানবসভ্যতার সঙ্গে এর নাড়ীর যোগ । আদিম যুগ থেকে পৃথিবীর বুকে মানুষের ধারা বয়ে চলেছে ইচ্ছায় অনিচ্ছায়, কখনো খাদ্যের অন্বেষণে, কখনো সবলের প্রবল বিতাড়নে । কখনো এর কারণ ধর্ম কখনো রাজনীতি, কখনো জাতপাত, কখনো বর্ণ, কখনো সামাজিক বিকাশ, যান্ত্রিক উন্নতি, এমনকি কখনো নিজের পারিবারিক কারণে ! পরিবর্তন-এর সঙ্গে তাই ছিন্নমূলতার সম্পর্ক গভীর, রহস্যময়, এমনকি কখনো গোপনও । লাঠি যার মাটি তার । কখনো সবলের লাঠি, কখনো উন্নতির ! এখানে কান্নার কোন মানে নেই, কান্নায় কোন সমাধান নেই । চাকা গড়িয়ে আসে, গড়িয়ে চলে যায় । চাকার নিচে পিষে যায় মাটির দীর্ঘশ্বাস । চাকার কোন আত্মা নেই । চাকার ধমনীতে রক্ত নেই, চাকার চোখে জল নেই ।

কর্ণফুলি ! কর্ণফুলি জলবিদ্যুৎ প্রকল্প । স্বাধীনতার আগে ভারতবর্ষ । স্বাধীনতার পরে পূর্বপাকিস্তান ।

বইটি অত্যন্ত আগ্রহের সঙ্গে পড়লাম । পড়লাম মানে বইয়ের পৃষ্ঠাগুলি আমাকে টেনে নিয়ে গেল, বাধ্য করলো পড়তে, এমনই সুলিখিত । লেখিকা শ্রীমতী সমারী চাকমাকে এবং সেই সঙ্গে  আমার অনুজপ্রতিম গৌতম চাকমাকে ধন্যবাদ দিই বইটি আমাকে উপহার দেবার জন্য ।
কর্ণফুলি জলবিদ্যুৎ প্রকল্প-এর পেষণে তছনছ হয়ে যাওয়া একটি জাতিগোষ্ঠীর করুণ আর্তনাদের সত্যনিষ্ঠ ঐতিহাসিক বিবরণ নিয়ে গড়ে উঠেছে এই গ্রন্থটি । ভারত বাংলাদেশ মিলিয়ে মোট দশজন জীবিত ভুক্তভোগীর সঙ্গে কথা বলে তাদের জবানীতেই লেখিকা  আমাদের  সামনে তুলে ধরেছেন মর্মন্তুদ ঘটনাবলী যাতে রয়েছে একাধারে সরকারি বঞ্চনা তাচ্ছিল্য ও প্রিয়জনের সঙ্গে জীবিত অবস্থায়ই চিরবিচ্ছেদের হাহাকার ! মানুষের আর্তনাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে ছেড়ে আসা গৃহপালিত প্রিয় পশুদেরও করুণ বিলাপ !
এই প্রকল্পের পরিকল্পনা প্রথম করা হয় ১৯০৬ সালে, দ্বিতীয়বার ১৯২৩ সালে পুনরায় তথ্যসংগ্রহ,  এরপর ১৯৪৬ সালে বর্তমান বাঁধের ৬৫ কি.মি. উজানে বরকলে বাঁধটি করার সিদ্ধান্ত হয় । আরও পরে ১৯৫০ সালে চিলের-ধাক নামক জায়গায় বাঁধের স্থান নির্ধারিত হয় । শেষ পর্যন্ত ১৯৫১ সালে কাপ্তাই এলাকার চিৎমরং-এ বাঁধটি নির্মিত হয় এবং ১৯৫৭ সালে শুরু হয়ে ১৯৬২ সালে সমাপ্ত হয় । এতে ৫৪০০০ একর ভূমি জলমগ্ন হয় চিরকালের জন্য যার মধ্যে চল্লিশ শতাংশ কৃষিভূমি এবং প্রায় এক লক্ষ মানুষের ভিটেমাটি চিরতরে জলে তলিয়ে যায় সীতার পাতাল প্রবেশের মতোই । এই বাস্তুহারাদের প্রায় সত্তর শতাংশ চাকমা জাতিসত্তার । পুনর্বাসনের শর্তানুযায়ী এই প্রকল্প থেকে উৎপাদিত ২৪৬ মেগাওয়াট বিদ্যুতে অগ্রাধিকার ছিল চট্টগ্রামবাসীদের, যা আজও বাস্তবায়িত হয়নি । অথৈ জলের সঙ্গে আজও মিশে আছে তিমিররাত্রির অভিশাপ ।
সরকার কি কিছুই করেনি বাস্তুহারাদের জন্য ? করেছে । প্রথমে জরিফ । জল কতখানি উপরে এসে দখল নেবে, সেই সীমানা চিহ্নিতকরণ এবং স্থান ত্যাগ করার নির্দেশ । বড় বড় গাছ কেটে ফেলা । কে কোথায় যেতে চান সেই পছন্দ নির্বাচন করা । কার কতখানি জমি আছে, কত গাছ আছে, সেই নিরিখে ক্ষতিপূরণ প্রদান । সবই হয়েছে । এবং যথানিয়মে, যেমন সর্বত্র সকল বিষয়ে থেকে থাকে,  এর মধ্যেও রয়ে গেছে কিছু রহস্য ।
শুরু হলো পুনর্বাসন । অজস্র বড় বড় নৌকায় কয়েক পরিবার একসঙ্গে করে কয়েক দিনের যাত্রা । তিমিররাত্রির বুকে ভাসমান হাজার হাজার মশাল । কিছুদূর যাবার পর নদীতীরে ফাঁকা জায়গায় এক রাতের বিশ্রাম, মহাজনতার বনভোজন যেন । তারপর আবার যাত্রা । সরকার থেকে সঙ্গে অবশ্য দেয়া হয়েছিল কিছু নিরাপত্তাকর্মী ।
যে জায়গা বাস্তুহারাদের দেয়া হল, সেটা এমনই এক জঙ্গল, যেখানে আক্ষরিক অর্থেই সূর্যালোক  কখনো নামে না । রয়েছে বাঘের ভয় । সাপের ভয় । রয়েছে ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরা । তরুণ বয়স্করা যদিবা যুঝে যাবার চেষ্টা করলেন, বিপদ দাঁড়ালো বৃদ্ধ বৃদ্ধা আর শিশুদের জন্য । ফলে জঙ্গল কেটে নয়া বসত গড়ে তোলার আগেই শিশু ও বৃদ্ধদের অনেককেই ক্ষুধা তৃষ্ণা আর বিভিন্ন জ্বরে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় প্রাণ বিসর্জন দিতে হলো । রাস্তা নেই, ঘাট নেই । শহর তো বহুদূর ।

          কারো মন টিকলো না । কেউ কেউ বহুদিন হেঁটে চলে এলেন ভারতে । যদি কোন ব্যবস্থা হয় । হলোও বটে । ভারত সরকার আশ্রয় দেবে । খবর রটে গেল । শুরু হলো মাইগ্রেশন, অভিপ্রয়ান, পরিযান, সোজা বাংলায় দেশান্তরে গমন । চাকমা ভাষায় তাঁরা এর নাম দিলেন বর-পরং। বড়-দেশান্তর গমন। একই পরিবারের সকলেই যে একসঙ্গে গেলেন এমন নয় । ব্যক্তিগত খোঁজের নিরিখে কেউ কেউ রয়ে গেলেন সেদেশেই, অন্যত্র। পরিবার ভেঙে  গেল। এক ভাই রয়ে গেলেন তো দুই ভাই চলে গেলেন ভারতে,এক বোন পূর্বপাকিস্তানে তো এক বোন ভারতে। জীবনে কোনদিন আর দেখা হলো না তাদের । বুক ফেটে যায়, বুক ভেঙে যায়, তবু জীবন থামে না ।
ভারতে কোথায় গেলেন তারা? মিজোরামের দেমাগ্রী।ভারত সরকার সেখানে শরণার্থী শিবির গড়ে দিলেন। কিছুদিন পর ঠিক হলো,না,এখানে নয়,নেফা যেতে হবে।NEFA মানে North East Frontier Agency যা বর্তমান অরুণাচল প্রদেশ।দেমাগ্রী থেকে শিলচর হয়ে বদরপুর,সেখান থেকে নেফা।কিন্তু সেখানে কি থাকা যায়? সারা বছর বৃষ্টি,প্রচণ্ড ঠাণ্ডা! খরস্রোতা নদী,বন্য-জন্তুর আক্রমণ! এ তো পূর্ব পাকিস্তানের সেই জঙ্গলই যেন! গাছ কাটো,বসতি বানাও। তার ওপর নবাগতদের প্রতি সেখানের বাসিন্দাদের সন্দেহপূর্ণ দৃষ্টি!তবু থাকতে হলো যতদিন থাকা যায়। পেট মানে না,শরীর আর ধকল সইতে পারে না। জীবন থামে না মোটেই !
একটি বাঁধ ঘিরে এতো কাহিনি, এতো রহস্য!পৃথিবীতে কত বাঁধ হয়েছে, কত মানুষ গৃহহারা হয়েছে তার ইয়ত্তা নেই, কিন্তু আমরা কোন কাহিনীই শুনিনি, সব চাপা পড়ে গেছে সভ্যতার রোশনাইভরা উৎসবের মুখরতার আড়ালে। সেই অর্থে এই গ্রন্থটি কাফ্‌কার ‘চীন দেশের মহাপ্রাচীর’-এর মতই অনপনেয় দুঃসহ যন্ত্রণার গাথা। হয়তো একটু বেশি বলা হলো। হয়তো একটু কম বলা হলো।কিন্তু এই যন্ত্রণার উপলব্ধি যদি আমাদের না-ই হয়,তবে আর বই লেখার,সাহিত্য করার প্রয়োজনই বা কী ? সুতরাং একে প্রাধান্য দিতেই হবে।সকল চাকমারা পড়ুন এই বই ।সকল বাঙালিরা পড়ুন এই বই।কারণ এর একটা বিষয় ‘বাঙালি-ভীতি’-ও রয়েছে। সকল বাঁধ-নির্মাতারা পড়ুন এই বই।সকল সরকার পড়ুন এই বই। পৃথিবীর সকল মানুষ পড়ুন এই বই।এই গ্রন্থটি সকল বাঁধের পেছনের কাহিনির বীজ বা মডেল বা কাঠামো বলা যেতে পারে।যদি পৃথিবীতে আরও বাঁধ হয়, তবে এমনই হবে তারও কাহিনি। সুতরাং আমাদের সভ্যতা এখান থেকে কিছু শিখুক ।
এবার এই বই থেকে, বিভিন্নজনের সাক্ষাৎকারের দুয়েকটা অংশ আমি পড়বো ।----
বাঘাইছড়ি, রাঙামাটি থেকে করুণাময় চাকমার বয়ান (পৃষ্ঠা ৪৭)—
“...ফরম পূরণ করা, নতুন জায়গা দেখে আসা, গাছ কাটিং, অন্য সবকিছু মিলিয়ে সময় কখন ফুরিয়ে যাচ্ছিল সেটা প্রথমেই বুঝতে পারিনি।একদিন সত্যি সত্যি গ্রাম ছাড়ার সময় যখন এলো তখন শুরু হল আসল যন্ত্রণা। গ্রামে গ্রামে ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল,হাহাকার, বিশ্বাস, অবিশ্বাস, দীর্ঘশ্বাস, অনিশ্চয়তা । এখন এসব অনুভূতি বলে বোঝানো যাবে না, যায় না। শুধু কি মানুষের কান্না ? গৃহপালিত পশুপাখির করুণ ডাকও মিশে গেল মানুষের কান্নার আর হাহাকারের সাথে । বিড়ালের মিউ মিউ করে কান্নার কথা আর কুকুরদের করুণ স্বরের ডাকের কথা কী করে ভুলবো? ওদের ডাকের সাথে চারিদিকে ছড়িয়ে পড়েছিল অমঙ্গলের চিহ্ন। দিনের পর দিন রাত গভীরে করুণ স্বরে ডাকতে ডাকতে ঝাঁক ঝাঁক পাখী উড়ে যেত একদিক থেকে আরেক দিকে।চারিদিকে মৃত্যুর চিহ্ন।ঐ সময়ে আমাদের জীবন থেকে জীবনের চিহ্ন যেন হারিয়ে গিয়েছিল চিরতরে । ...”
ত্রিপুরার পেচারথলে এসে বসতি করা মহেন্দ্র চাকমা বলেন(পৃষ্ঠা ৮৫)—
“...প্রতিরাতে কুকুর ডাকলেই আমাদের কাজ ছিল ঘর থেকে বের হয়ে ভারতে চলে যাওয়া লোকদের দেখা।প্রথম দিকে গেছে অভাবী মানুষেরা।যারা কাজ করতে পারতো না,অলস টাইপের লোকেরা।শুনেছে যে ভারতে গেলেই ভারত সরকার খেতে দেবে জায়গা দেবে।তাই যাওয়া।অবস্থাপন্ন পরিবারের লোকেরা প্রথম দিকে দেশ ছাড়েনি।বঙলতলি,রুপকারী,বাঘাইহাট পরে চেঙেই মেইনি থেকেও লোক আসছিল।সবাই শুনেছে চাকমা রিফুজিদের জন্য ভারত সরকার দরজা খুলে দিয়েছে । গেলেই জায়গা আর খাবার পাওয়া যাবে।এভাবে দেখতে দেখতে আমাদের মনও দুর্বল হয়ে গেল । ...”
দায়ন, অরুণাচল, ভারত থেকে অমিয় চাকমা বলেন(পৃষ্ঠা ৯৯)—
“... হঠাৎ করে বাবা আমাদের চার(৪) ভাইবোনকে নিয়ে চলে এলেন দেমাগ্রী । ভালো জীবনের আশায় । এই দেমাগ্রীতে  ছিলাম সেই বছর বিঝু পর্যন্ত । বিঝু শেষ হওয়ার পর ভারতের সরকার আমাদের নিয়ে রওয়ানা দিলো নেফা/North East Frontier Agency(NEFA) । সেটা কোথায় কেউ জানে না । নেফাতে পৌঁছাতে এক (১) বছরের বেশি সময় লেগেছিল । দেমাগ্রী থেকে হাঁটাপথে আইজল তারপর বদরপুর তারপর ট্রেনে করে মিয়াও/মি-তে লেডু ক্যাম্পে । এই লেডুতে আমার বাবা মারা যান । বাবা যখন মারা যান, অসুস্থ ছিলেন । অনেক কষ্ট হয়েছিল হাঁটতে, অনিয়ম আর দুঃখে তিনি মারা যান । দুঃখ বলতে অসহনীয় দুঃখ । ...”
বস্তুত, কাপ্তাই যত জল জমিয়েছে নিজের উদরে, তার চেয়ে বেশি জল জমে আছে আজও তাদের চোখে, যাদের উন্মূল করেছে সে । কোন কারণে কাপ্তাই ধ্বংস হয়ে শুকিয়ে গেলেও, সেই সব চোখের জল কখনো ফুরোবে না, যুগ যুগ ধরে জমতেই থাকবে, জমতেই থাকবে । একটা সিমেন্টের বাঁধ ভেঙে দিল লক্ষ লক্ষ চোখের বাঁধন !
আর কথা বাড়াচ্ছি না । যা বললাম, সবই আমার বিস্ময় আর বেদনার কথা, সহমর্মিতার কথা ।

সামান্য কিছু বানানবিভ্রাট রয়েছে, আশা করি পরবর্তী সংস্করণে সেগুলোর দিকে নজর দেবেন প্রকাশক । আরও একটি প্রস্তাব।বইটিতে সেই কাপ্তাই বাঁধ আর অপার জলরাশির ছবি থাকলে একটা পূর্ণতা আসতো । আশা করি দ্বিতীয় সংস্করণে আমাদের এই সাধও পূর্ণ হবে।এই বইটি সকল ভাষায় অনূদিত হোক এই কামনা করে,লেখিকা সমারী চাকমাকে শুভেচ্ছা জানিয়ে ইতি টানলাম ।                                                             
                                                                                 ০৮.০৬.২০১৮     

বিষণ্ণ বিকেল

          
  ।। রফিক উদ্দিন লস্কর ।।










ছেয়ে গেছে চারদিক বিষণ্ণতার চাদরে 
ভোরের শিশিরজল মাথায় মাখা,
ম্লান মুখ দীর্ঘশ্বাস সবার,সাথে আমার
চলতে চলতে কল্পনায় ছবি আঁকা।
সেদিনের বিষাদ স্মৃতি চোখে ভাসমান
তাইতো আছি ভীষণ অস্থিরতায়,
সমধর্মীয়তায় স্থান কালের প্রভেদ মাত্র
 
সফলতা কতটুকু হবে বাস্তবতায়।
বিশ্বাস
,হবেনা আবার কোন শোকগল্প 
এখনো ভাসে যা আয়নার মতো,
ভুলিনি সেদিনের দীর্ঘ প্রতীক্ষার প্রহর
আজও শুকায়নি অন্তরের ক্ষত।