“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

কেবলই ভাঙ্গছি আমি


।।  সুনীতি দেবনাথ ।।

(C)Image:ছবি

















খাটি গদ্য এবার —
চলছে দ্রুতগতিতে পরীক্ষা - নিরীক্ষা। ফলাফল পজিটিভ।
চারতলায় একটি রুমে দু'জন রুগী।
সেই রাতের সঙ্গী, হয়তো বেঁচে যাবে।
খুপরি জালির জানলা দিয়ে বিকেলের সূর্য
উঁকি দিচ্ছে দেবদারু গাছের ফাঁক দিয়ে।
চোখে মুখে চটুল আলোর ঝাপটা,
ক্লান্ত কাকটা ডেকেই চলেছে কা কা কা।
এতো সবুজের ফাঁকে আকাশের টুকরো ফ্যাকাসে নীলচে সাদা।
অদূরে চলমান গাড়ির ভেঁপু জানাচ্ছে ব্যস্ততার বড় সড়কের কথা।
আমার কোন ব্যস্ততা নেই,  দেনাপাওনার হিসেব - নিকেশ কবেই তো শেষ।
জানলা দিয়ে পাগলা হাওয়া বেআইনি অনুপ্রবেশের ঠিকেদারি নিয়েছে।
বেআইনি বললাম হাওয়ার অভাব মেটাতে উপরে ফ্যানটা তো সারাক্ষণ অনুগত একনিষ্ঠ কর্তব্যে। শুনেছি এখান থেকে মহাবলীপুরম গাড়িতে মোটে একঘণ্টার রাস্তা।
জানো, যেতে খু - উ - ব ইচ্ছে করছে!
সাথেসাথে বড় কঠিন নিষ্ঠুরতা নিয়ে সত্যটা উদগ্র হয়ে উঠলো— আমি রুগ্ন, অসমর্থ।
যাকসে, ফেরার পথে একদিন চেন্নাই থাকবো। তোর্সাকে সমুদ্র দেখাবো এবং গোল্ডেন বীচ। জানো এই বীচে অনেক অনেক তামিল সিনেমার স্যুটিং হয়,
আর বাংলদেশে থেকেও তুমি তামিল সিনেমার ভক্ত! হিংসে হচ্ছে ভাই?
ধ্যুস্! তোমাদের তো চট্টগ্রামের কোল ঘেঁষে কেমন সমুদ্র!
আছে নদী কর্ণফুলি! আরো কত মায়াবী নদী —
ক্ষেপি পদ্মা, কালো গভীর জলে আক্রোশে
ঢেউয়ের ঘূর্ণি তোলা মেঘনা,ঝিমোনো স্রোতের নদ প্রৌঢ় ব্রহ্মপুত্র ঢিলেঢালা —
তাই বুঝি বাংলায় তার নাম হলো নারীর নামে যমুনা!
আরো কত নদী কপোতাক্ষ, বেত্রবতী, আত্রাই,  চিত্রা, ভৈরব ঝিনাই
কত বলবো?
এখানে ভেলোরে আশপাশে কোন নদী নেই
রুকুশুকু অনুর্বর মাটি তবু সবুজের খামতি নেই।
আর এই হাসপাতালে জীবনের বিশুদ্ধ কবিতার পঙক্তি
লেখা হচ্ছে প্রাণ আর রক্তের আখরে,
আমি ভাঙ্গছি শুধু ভেঙ্গেই চলেছি  —
কাল রাতে একশো বছরের তামিল মা
আমার পাশের বেডে এলেন,
দেখে মনে হলো অভিজ্ঞতা থেকে
পাটিমা আর কয়েক ঘণ্টা বা
কয়েক মিনিট হয়তো বেঁচে থাকবেন
আশ্চর্য এই বিকেলে মুখে হাসি চোখে জল তাঁর!
কাল বিকেলে হুইল চেয়ারে অপেক্ষায় ছিলাম
কিছু পরীক্ষা নিরীক্ষার,
আমার পাশে তোমার দেশ থেকে আসা তরুণী বধূটি উদ্গ্রীব, 'আমি ভালো হবোতো '?
বড় গলায় বলেছি, ' কেন হবে না? হবেই হবে '!
আজ জেনেছি শেষ পরীক্ষা বোন মেরু টেস্ট
জানিয়েছে বৌটির ব্লাড ক্যান্সার!
ভাই, তোমার দেশ এখনো চিকিৎসায় পিছিয়ে,
আমিও উত্তর- পূর্ব ভারত থেকে সুচিকিৎসার জন্য
বহু কাঠখড় পুড়িয়ে এই দক্ষিণে
এখানে নদী নেই অনুর্বর মৃত্তিকায় গাছ আাছে,
পাশে দেবদারু গাছে সন্ধ্যার পাখিরা কলতান মুখর,
প্রাণের ঝুম বর্ষায় আমি ভাঙ্গছি কেবল। 
সি এম সি হসপিটাল,
     ভেলোর,
২ এপ্রিল, ২০১৬

বসন্ত ধুলো .....তেইশ

।। চিরশ্রী দেবনাথ  ।।
( অচেনা কমরেড )
 
(C)Image:ছবি

















.........................
শ্রেণীসংগ্রাম, শ্রেণীহীন সমাজ
সবই যেন ধোঁয়া ধোঁয়া ভাসন্ত রোদ
ধানের শীষের মতো ভরন্ত এই তরুণ
দুরন্ত সিগারেটের রোমান্স ...ফু:
ডুবন্ত রোদ জমতে থাকে
বোকাদের মিছিলে
তরুণের হাতের তালুতে সোনালি ঘাম
কফির কাপে জমতে থাকা
বিশ্বাসী হাইড্রোডায়নামিক্স
ঘাসের মতো বিনয়ী
একটুকরো ভঙ্গুর প্রেম, নাহ্
ওসব অবয়বে সে কোনদিনই
জারিত হতে চায় না,
বছরশেষে কলেজের গেটে
উড়তে থাকে কিছু পতাকা,
সমুদ্র ঘেঁষে যেন একতারা শ্লোগান
ধেয়ে ধেয়ে আসে লোহিত কণা
তরুণের সবুজ ধমনী ফিরিয়ে দেয়
এইসব অবিশ্বাসী কাচ তরল
বহুদিন ধরে রক্তকে
নীল করার  গবেষণা
তাকে আন্তর্জাতিক করেছে
তবুও অসাবধানে বেড়ে ওঠা
কিছু আগাছা  মুহূর্ত তাকে
নরম নরম গভীর সুখ দেয়
কোন এক বসন্ত হয়তো তাকে ডাকবে !
এই ডাক অজানা হোক
নীরব হয়ে চিরে দিক তাকে
ডলারের সঙ্গে রচিত হোক স্বাদু ধোঁয়া,
ধ্বস নামার আগে পাহাড় চুড়োয় হাত রাখতে ভালোই লাগে .....
গুঁড়ো গুঁড়ো পাথরে তরুণের ভয় নেই
ফুৎকারে  উড়িয়ে দেবে তরল কাঞ্চনজঙ্ঘা .....

শনিবার, ২ এপ্রিল, ২০১৬

বয়ঃসন্ধির ত্রিপুরা


।। চিরশ্রী দেবনাথ ।।

























বেতলং শিবের চুড়োয় দাঁড়িয়ে
আমার পুরুষ ধনুকে ছুঁড়েছিল তীর,
এ তীর বর্ষণোন্মাদ, অভ্রখাদক
ঝরে ঝরে পড়ছে কাচঝর্ণা, শামুকবাহার,
ক্ষীণতনু শরীরী আহ্বানে জেগে যাওয়া জুমপ্রেম
সঙ্গমে সঙ্গমে মুছে দিতে চায় জাতির আগে 'উপ '
একটি জারজ অশরীরী  ছায়া অর্কিড .....
নাগকেশরের স্বর্ণালি খোপে সম্ভূত বিরল প্রাণ,
ধীরে.... ধীরে..... ধীরে...... ছড়িয়ে পড়ছে
আঠারোমুড়া, দেবতামুড়া,
লংতরাই আর ঊনকোটির... ছায়াপাথরে,
কষ ঢেলে ঢেলে বড় হওয়া
রাবারের  জারিত রূপবাহারে .....
বুদ্ধপূর্ণিমায় ভেসে যাওয়া অবলোকিতেশ্বরে,
তোমার সঙ্গে আমার বাঁশবন বিকেল, চম্প্রেং সুর, কলাপাতায় গলানো বিরন ভাত, লাল লঙ্কা
একটি মনখারাপ পরিযায়ী পাখি
বাস্তু খুঁড়ে খুঁড়ে তুলে আনে
ডম্বুরের মেঘমন্দ্র ডুবন্ত কান্না,
ছবিমুড়ার উদাসী জেগে থাকা ঝুলনপূর্ণিমা ...
রিয়ার সুতোয় সুতোয় বুনতে থাকি
রুদ্রসাগরের রাজকুমারী জলপোশাক ..
একক রাতে নীরমহলে হজাগিরি পায়ের খেলা,
আমায় দিও তুমি চূর্ণ খারচি মন্ত্র, একটু দেবীরং
পৌষের ব্রহ্মচারী সকালে
কিছু রোদ রেখো শিবকুন্ডলে
পিতলের পাত্রে জমুক
তোমার আমার পবিত্র তীর্থমুখ
জঙ্ঘায় বাজতে থাক মনিপুরী মাদল,
বাঁশীতে রাখাল নাচ...মাছের সরসরে অনুভবে
আমার শরীরে চা গন্ধ, পাহাড়ি হরিণের অম্লপ্রেম
রাজমালার শ্বেতপাথরে.....আমার প্রেমিক
ছুঁড়ে ছুঁড়ে দেয় তীর,
ভেসে ভেসে তারা উনিশ রঙা মেঘবালিকা
সবুজ পাড়ের একটি গোমতী শাড়ি .....
রাজন্য ত্রিপুরা বহুদিন হেঁটে গেছে বারুদপথে,  রেশমগুটির গর্ভাশয়ে উষ্ণতায় দহনযন্ত্রণায়.....
কাঁঠালবীচির সারিপথে আলস্য মেখে আজ
একটুখানি ঘুমিয়ে নিচ্ছে  জানকী ত্রিপুরা,
স্তনভারে ফুটে আছে জম্পুইের কমলা ভোর,
মনুনদীর শীতচরে, পা মেলাচ্ছে মামিতাং দুপুর ...
উষ্ণ ঝর্ণায় গা ভিজিয়ে মা গো আমিই তোমার
বয়ঃসন্ধির গনতান্ত্রিক জুমিয়া মেয়েটি ......

 (2/04/2016, ভেলোর )

শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

বসন্ত ধুলো ....ঊনিশ

।। চিরশ্রী দেবনাথ ।।

(C)Image:ছবি




















পাখিবসন্তে  সব বসতবাটিতে প্রদীপ জ্বলে
অন্ধ বাতাস চিনে নিও তোমার  ঈশ্বর আবছা আলোয় ...
নাভিমূলে রোপন করো একটি নাগার্জ্জুন গাছ
যেখানে বেঁধেছে বাসা সেই সব পাখিরা
যাদের ঠোঁটে থাকে
নগ্ন লাল, নিষিদ্ধ ফল, অবৈধ সঙ্গী
মিত্রবাঁশীতে বেজে ওঠে যুদ্ধশীষ
আনমনা বনে  বনজ শয্যায় রমণীয় এক ব্যাধ
ভুলে গিয়ে তার যাবতীয় ব্যাধি, রঙিন অসুখ
সাঁজিতে তুলে নেয়  সেইসব মৃত পাখিদের
যাদের কোনদিন কেউ অনাঘ্রাতা ফুল ভেবেছিল

ডঃ হরিশংকর জলদাসের সাথে বরাকের 'জলপুত্র'দের মতবিনিময়



।।শৈলেন দাস।।
আসাম বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণ করতে গত ২৯মার্চ শিলচর এসেছিলেন বাংলাদেশের খ্যাতনামা উপন্যাসিক তথা গবেষক কৈবর্ত সুসন্তান ড: হরিশঙ্কর জলদাস। নিজের জাতি পরিচয়ে গর্বিত আপনজন বরাক উপত্যকায় এসেছেন শুনে ৩০মার্চ বুধবার সন্ধ্যায় 'কৈবর্ত উন্নয়ন মঞ্চ' এবং 'প্রতাপ' সাহিত্য গোষ্ঠীর কর্মকর্তারা একান্তে সাক্ষাৎ করেন তাঁর সাথে। বরাকের মাটিতে আপনজনদের কাছে পেয়ে আবেগে অভিভূত এই 'জলপুত্র' জানতে চান কেমন আছে এই উপত্যকার কৈবর্ত সমাজ? প্রায় এক ঘণ্টার আলাপচারিতায় উঠে আসে নানা প্রসঙ্গ। বরাক উপত্যকায় কৈবর্ত সমাজের অভ্যন্তরীণ রীতিনীতি, আচার অনুষ্ঠান পালন, সামজিক সংস্কার ইত্যাদির সাথে বাংলাদেশের কৈবর্ত সমাজের মিল কতটুকু বা ফারাকইবা কোন জায়গায়, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। বরাক উপত্যকায় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে কৈবর্ত সমাজ কতদূর এগিয়েছে, হাজার বছরের বঞ্চনার ইতিহাস কি এই উপত্যকাতেও তাড়া করে কৈবর্ত সমাজকে নাকি কোন প্রকার প্রতিকূলতা ছাড়াই নিজস্ব জৌলুস এর গুণে কৈবর্ত সন্তানরা নিজেদের প্রতিষ্ঠিত করে গৌরবান্বিত করতে পারছেন কৈবর্ত সমাজের সার্বিক পরিচয়? বরাক উপত্যকায় কৈবর্ত সমাজের সামগ্রিক উত্তরণে প্রতিবন্ধকতা কোথায়? নিজেদের পরবর্তী প্রজন্মকে শিক্ষার আলোকে আলোকিত করতে অভিভাবকদের আগ্রহ বেড়েছে কি? এছাড়াও ভৌগলিকভাবে কৈবর্ত সমাজের অবস্থান বরাকের কোন কোন এলাকাজুড়ে, তিনি জানতে চান সবিস্তারে। কথা প্রসঙ্গে আসে বিশ্ববিদ্যালয়ে তার বক্তৃতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার বিষয়টি যেখানে কৈবর্ত সমাজ কিভাবে যুগের পর যুগ ধরে বঞ্চনা আর অবহেলা সয়ে আসছে তা খুলাখুলি বিশ্লেষণ করেন তিনি।
বরাক উপত্যকায় আলাদাভাবে কৈবর্ত সমাজের সাথে বৈষম্য হবার মত নজির খুব কম, যেটুকু নজরে আসে কখনো সখনো তা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বর্ণবাদীদের সেই চিরাচরিত বদভ্যাস মাত্র। ব্যক্তি বিশেষে কোন কৈবর্ত সন্তান এগিয়ে যেতে চাইলে সাহায্যের জন্য অনেকেই এগিয়ে আসেন। তবে সামগ্রিকভাবে এই উপত্যকায় কৈবর্ত সমাজ নানান অপবাদের ভারবাহক। শিক্ষার আলোবঞ্চিত শ্রেণী যখন অনাকাঙ্ক্ষিত ভূল করে বসে তখন প্রচারের আলোকে অতিমাত্রায় আলোকিত হয়ে উঠে তা। তাছাড়া সময়ের সাথে তাল মিলিয়ে তাদের যেসব অভ্যন্তরীণ রীতিনীতি সংশোধিত হয়নি তাই মুখরোচক খুশগল্প হয়ে উঠে অন্যদের কাছে। রাজনৈতিক ক্ষেত্রে কৈবর্ত সমাজকে আটকে রাখা হয়েছে একটি নির্দিষ্ট গণ্ডিতে। মাঝে মাঝে দুয়েকজন কৈবর্ত সন্তানের ভাগ্যে 'অঙ্গরাজ্য' যদিওবা জুটে সঠিক সময়ে অদৃশ্য হাতের ইশারায় তাদের রথচক্র মেদিনী গ্রাস করে নেয়। ভোট রাজনীতিতে প্রার্থীর সাথে কৈবর্ত শব্দ জুড়ে গেলে নিশ্চিতভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই সেই প্রার্থীর দশ শতাংশ ভোট মাইনাস। তাছাড়া বাংলাদেশের মত এই উপত্যকার শিক্ষিত কৈবর্ত শ্রেণীও বঞ্চনা আর অবহেলা থেকে সহজে মুক্তি লাভের জন্য নিজেদের পদবী বদল করে আড়ালে চলে যাচ্ছে ফলে বরাকে কৈবর্ত সমাজের সামগ্রিক পরিচিতি নেতিবাচক, এজন্য তারা ধিক্কারের অধিকারী।
'নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্তজনজীবন' নিয়ে গবেষণা করা গবেষক উপন্যাসিক ডঃ হরিশংকর জলদাস সময়ের স্বল্পতার জন্য ঘুরে দেখতে পারেননি প্রান্তিক জনজীবনের বাসভূমি, মিশতে পারেননি তাঁর আপনজনদের সাথে। বঙ্গভবনের অদূরে 'উত্তর পতেংগা' গ্রামের মতই বরাক নদীর পারে করাতিগ্রাম, শিমূলতলা এবং কালিবাড়িচরের মত কৈবর্ত অধ্যূষিত এলাকা রয়েছে জেনে তিনি আক্ষেপ করেন সেবিষয় কেউ তাঁকে অবগত করাননি বলে। তাছাড়া প্রদীপের নীচে অন্ধকারের মত আসাম বিশ্ববিদ্যালয়ের পশ্চিমাংশ জুড়ে বিস্তীর্ণ চাতলা হাওর, যেখানে কৈবর্ত সমাজের উপস্থিতি বিশাল সংখ্যায়, যাবতীয় উন্নয়ন বঞ্চিত শুনে তিনি চমকে উঠেন। এশিয়া খ্যাত শনবিল সহ বরাকের বিভিন্ন হাওর অঞ্চলগুলিতে কৈবর্ত সমাজের সংখ্যাধিক্য এবং সংঘবদ্ধ অবস্থান জেনে তিনি আগ্রহ প্রকাশ করে বলেন ভবিষ্যতে সুযোগ হলে হাতে সময় নিয়ে এসে ঘুরে যাবেন এইসব হাওর এলাকা। তাঁর গবেষণা পত্রে স্থান পাবে এই উপত্যকার কৈবর্ত সম্প্রদায় ও তাদের জীবনকথা।
বরাক উপত্যকার কৈবর্ত যুবপ্রজন্মের প্রতিনিধিরা অভিমানের সুরে জানায় তাঁর মত ব্যক্তিত্ব বরাক উপত্যকায় এসেছেন অথচ এই উপত্যকার কৈবর্ত সমাজের সাথে যোগাযোগ করা হয়নি। আগামী দিনে তিনি যদি আবার আসেন অথবা বাংলাদেশের অন্যকোন 'জলপুত্র' এই উপত্যকায় আসতে চান তবে যেন তাদের জানিয়ে আসেন। বরাকের কৈবর্ত সম্প্রদায় নিজেদের মত করে আপ্যায়ন করবে তাঁদের, সুযোগ করে দেবে যাতে তাঁরা বরাকের হাওর অঞ্চলগুলি এবং শহরসংলগ্ন জলাভূমিগুলি ঘুরে দেখতে পারেন, মিশে যেতে পারেন নিজেদের আপনজনদের সাথে।
গবেষক উপন্যাসিক ড: হরিশঙ্কর জলদাসকে উত্তরীয় দিয়ে বরণ করে তাঁর হাতে 'প্রতাপ' সমাজ ও সাহিত্য বিষয়ক পত্রিকার দুটি সংখ্যা তুলে দেয় যথাক্রমে শিক্ষক শৈলেন দাস, আইনজীবী সুবীর চন্দ্র দাস এবং শিক্ষানবিশ জয়মনি দাস। উল্লেখ্য যে বিশিষ্ট সমাজকর্মী তথা আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল নিজ উদ্যোগে কৈবর্ত প্রতিনিধি দলকে গেস্ট হাউসে ড: হরিশঙ্কর জলদাসের সাথে দেখা করার সুযোগ করে দেন এবং আলাপচারিতার প্রথমে তাদের সাথে পরিচয় করিয়ে দেন।