“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০
রণবীর পুরকায়স্থ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রণবীর পুরকায়স্থ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২ অক্টোবর, ২০১৭

ঠাকুমা হারিয়ে গেছেন


।। রণবীর পুরকায়স্থ।।

( ভালো লাগা গল্প  টাইপ করে তুলে দিলাম ---   +Subrata Mazumdar )


রিমগঞ্জ শহরের সীমা ছাড়িয়ে লঙ্গাই পুল পেরিয়ে ওপারে পৌঁছতেই পরিচিত দৃশ্য। নদীর পারে সারে সারে বেগুনের গাছ, গাছ দেখতে তেমন সুদৃশ নয় কিছু কিন্তু তেল চকচকে নাদুশ নুদুশ গোলগাল গুণময়কে দেখেই তার মনে পড়ে যায় বন্ধুবর প্রমেশ আচার্যির কথা। একই ব্যাঙ্কে চাকরির সুবাদে বন্ধুত্ব, প্রমেশের বাড়ি করিমগঞ্জ আর তার শিলচর, পোস্টিং এ প্রমেশ মহকুমা শহর হাইলাকান্দি আর তার মোহনপুর গ্রামে। প্রমেশেরও ভাড়াবাড়ি রাঙাটি রোডে, সোমবার বিকেলে বন্ধুর বাড়িতে থাকে তার রাত্রিবাসের নিমন্ত্রণ  এমনই এক শীতের সোমে প্রমেশ বলে,
     --- আপনার লাগি আইজ একটা  কড়াই কিনলাম দেখইন?
       এটা আবার কী , হাতের পাঞ্জার সাইজে লোহার কড়াই   বলে,
     --- এতো ছোটো ?  
     --এক এক পিস ভাজমু আর তুলমু আইজ খালি গরমভাত বেগুনভাজা ঘি আর কালালঙ্কা।
        প্রমেশ নিজে রান্না করে পারিপাটি। সে রাতেই সদ্য যুবক বিশ্বজিৎ প্রথম দেখে বিখ্যাত লঙ্গাই বেগুন, কাছাড়ে বলে থালবেগুন, পারফেক্ট গোল এখনও লেগে আছে জিভে বেগুনের মাপে কড়াইএর  ভাজা বার্তাকু খাওয়ার পর বন্ধুকে বলেছিল তার ঠাকুমার বাপের বাড়িও লঙ্গাই নদীর পারে দণ্ডকলস গ্রামে, গেছে অনেকবার কিন্তু এমন খাবার খায়নি কখনও প্রমেশ বলেছিল,ও এপারের, অপারের দণ্ডকলসও ঘুরিয়ে আনবে একদিন হয়নি, একবছরের মধ্যে গৌহাটিতে বাংলা পড়ানোর চাকরি পেয়ে চলে যায় সে পরের শীতে আর বড়বেলার দণ্ডকলস দেখা হয় নি।এখন তো সে আসামের বিখ্যাত অধ্যাপক, শীতকালে সাহিত্যবাসরে বক্তৃতা দিয়ে বেড়ায় নিয়মিত। অবসরের পর দশবছর হয়ে গেল, এখন যাওয়া কমিয়ে দিয়েছে শারীরিক কারণে লঙ্গাই উপত্যকা সাহিত্য সম্মেলনের সভাপতি জগন্ময় গৌহাটি বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী হওয়ায় আর  না করেনি। সময়ও অনুকূল ৭ ও ৮ জানুয়ারি ২০১৭, শীতকাল। আমন্ত্রণ পত্রে তার নামই প্রথম,  প্রধান অতিথি অধ্যাপক বিশ্বজিৎ দেব।
        তবে একা বেরিয়ে ভালই করেছে প্রফেসর দেব। বিষয়টা বেশ গোপনীয়  একান্ত থাকুক এরকম ভাবনাও ছিল তার। তবু বন্ধু জগন্ময়কে বলেছিল সঙ্গে যেতে জানা  কথা, সে যাবে না।কারণ উৎসব-শেষে সম্মেলন সভাপতির অনেক কাজ থাকে টুকিটাকি তার উপর জগন্ময় করিমগঞ্জ জেলার সম্মানিত অধ্যাপকও বটে,তার সঙ্গে হাউরি ঘুরায় আপত্তিও থাকতে পারে  জাগন্ময় দত্ত বাংলা সাহিত্যের মধ্যযুগ ও লোকসাহিত্যের গবেষক ও বিশেষজ্ঞ। বেশ অনেকগুলি পুরস্কারও পেয়েছে আসাম ও পশ্চিমবঙ্গে। দিল্লি থেকেও পাবে একটা এরকম আভাস দিয়েছে গতকাল  তার লোকগবেষণার বিশেষ অবদান হল রামায়ণের সীতাকে অনার্য কন্যা প্রমাণিত করা। আসাম সরকারের রাষ্ট্রীয় সম্মান ও পেনশন প্রাপ্ত অধ্যাপক হওয়ার কারণে বিতর্কিত রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকে। অসমীয়া উগ্র জাতীয়তাবাদী আস্ফালন ও দক্ষিণ আসামের বাংলা অধ্যুষিত তিন জেলাকেও অসমিয়াকরণের প্রচেষ্টায় যখন উত্তাল করিমগঞ্জ কাছাড় হাইলাকান্দি, তখন জগন্ময় থেকেছে দূরে, মিটিং মিছিল দুএকটায় গেলে  সম্প্রীতির বার্তাই দিয়েছে। বাংলাভাষার অধ্যাপকের যে ভাষাপ্রীতি নেই সে কথা কেউ বলতে পারবে না। সর্বজনমান্য  ব্যক্তিত্বের সদাহাস্যময় উপস্থিতি সবাই কামনা করে। তবে জগন্ময়ের একটা প্রতিবাদী চরিত্রও আছে ছাত্রাবস্থা থেকেই। অসমিয়া বাংলা দুই ভাষাতেই দক্ষ, বিশ্ববিদ্যালয় ছাত্র সংস্থার নির্বাচনী ভাষণ লিখে দিতে ডাক পড়ত তার। এখনও পরস্পরবিরোধী রাজনৈতিক নেতা নেতৃরা ভাষণ লিখিয়ে নেয় জগন্ময় স্যারের  কাছ থেকে। অসমিয়া করণের প্রতিবাদে বাঙালির অস্তিত্ব-সংকট নিয়ে অসাধারণ গল্প লিখেছে সুবন্ধু ছদ্মনামে। অধ্যাপক দেব গৌহাটি থাকে বলে কাছাড় করিমগঞ্জের বাঙালির সমস্যা ভিন্ন দৃষ্টিকোণে বিচার করে, অন্য আবেগে চোখে দেখে বৃহত্তম সংখ্যালঘু ভাষাগোষ্ঠীর হয়রানি, সমাধানেও সমঝোতার ভারসাম্যকে গুরুত্ব দেয় আবেগটা প্রকট হয়ে প্রকাশিত হয় না। এ নিয়ে দুই নদী উপত্যকায় ভুলবুঝাবুঝি থাকলেও অধ্যাপক নিজস্ব পরিচয়ে ভাস্বর হয়ে আছে। তাকে নিয়ে বাঙালি এবং অসমিয়ার মধ্যে একটা অবিশ্বাসের সন্দেহ যেমন আছে, আবার  উত্তেজনা প্রশমনে স্থানীয় টিভি চ্যানেলে তার সুচিন্তিত বাইটগুলিও  খুব কার্যকরী  প্রবল সংখ্যাগুরুর উগ্র জাতীয়তাবাদী চাপে সে দুরকম ভাবে নিজেকে দেখে, এক বেঁচে থাকার তাগিদে অসমিয়া বিরোধিতা করে না তাই, করিমগঞ্জ কাছাড় হাইলাকান্দির কোনও নাগরিক কনভেনশনে তার ডাক পড়ে নাএখানকার নাগরিকরা নিজেরা সুরক্ষিত বলে সবসময় যুক্তিপূর্ণ কথাও বলে না, সংখ্যার ক্ষমতায় কুকথাও বলে দুই উপত্যকার যুযুধান ভাষাগোষ্ঠী     তাকে রাখঢাক রাখতে হয় প্রাণের দায়ে , প্রফেসর দেব যখন বলবে তখন উলুবাড়িতে তার অরক্ষিত বাড়িটার কথাও ভাবতে হয়। ঠাকুমার নামের বাড়িটার প্রতিবেশী বেশির ভাগই অসমিয়া, আর্যবিদ্যাপীঠে চাকরি করতে করতে পেয়ে যায় প্লটের জমি, এলাকার নামও হয় প্রফেসর পাড়া।  আসামের অসমিয়ারা মানুষ বড় ভাল, বন্ধুও ভাল। সংখ্যাগুরুরা একামানুষ ভালই হয়, দলবদ্ধ হলে যুক্তিহীন হয়, দাঙ্গাবাজ হয়  অসমিয়ার বিরাজ কলিতার মতো বন্ধু না থাকলে অভিজাত এলাকায় বাড়ি হতো না তার। বাড়ির নাম রাখা নিয়েও আনেকেই  তির্যক মন্তব্য করতে ছাড়ে নি। মাকে ছেড়ে কেন ঠাকুমার নামে বাড়ি। অধ্যাপক দেব  কখনও অজুহাত দেয় নি,  তাই কেউ জানে না যে  তাঁর মা-ই তাকে বলে গেছেন বাড়ি করলে যেন ঠাকুমার নামে রাখা হয় নাম এই মহীয়সী নারী তাঁর ত্যাগের কোনও স্বীকৃতি দাবী দাবি করেন নি কোনকালে  এক বাস্তুহারা পরিবারে যখন রোজগারের কোন উৎস নেই কোথাও, তাঁর পিতাও স্বদেশে শিক্ষকতার অস্থায়ী চাকরি ছেড়ে চলে আসেন এদেশে, অর্দ্ধাহার থেকে অনাহার ছাড়া কোন পথ খোলা ছিল না তাদেরতখন অধ্যাপক দেবের পিতামহী  বৃদ্ধ বয়সে গৃহ পরিচারিকার কাজ নিয়ে আহার যুগিয়েছেন পরিবারে,পুত্রবধূকে ঘরের বাইরে যেতে দেন নি। সেই হিরণ্ময়ী বাড়ি এখন গৌহাটির সারস্বত সাধনার পীঠস্থান হয়ে উঠেছে অধ্যাপকের একমাত্র পুত্র বিশু ছেলেবেলায়  হিরণ্ময়ী শব্দের অর্থ জানতে চেয়েছিল পিতার কাছে। তিনি বুঝিয়ে বলেছেন, ‘সোনার মতো উজ্জ্বল কিংবা সোনার বরণ দুটোই ছিলেন তাঁর ঠাকুমা, ছিলেন দীর্ঘাঙ্গী উন্নতনাসা, বঙ্গদেশে এমন রূপ দুর্লভ। ছেলে প্রশ্ন করেছে,
      --আর তোমার মা ?
     সে বলেছে,
    --মা ছিলেন আগুণ রঙা রূপসী। মায়ের চুল হাঁটুর নিচে নেমে যেত, এত দীর্ঘ
    ছেলের প্রশ্ন,
    --তবে কেন হিরণ্ময়ী ?
     ছেলেকে খুলে বলেছে সত্যকথা। তাঁর মায়ের সত্যবন্ধন। ছেলে তাও ছাড়ে নি, বলেছে,
     --- আর আমার মা?
     --- তোমার মা সবার সেরা। সবার মাই সেরা। আমার মা শিখিয়েছে আমার ঠাকুমার কথা।
     সুখ দুঃখের সংসারে রাগারাগিও হত, রাগ হলেই ঠাকুমা  ঘটি হাতে চলে যেত দণ্ডকলস গ্রামে। ঠাকুমার বাপের বাড়ি। নাতিকে নিত সঙ্গে। ভোলার নয়। লঙ্গাই নদীর পুল পেরিয়ে বিশ্বনাথের হাত ছেড়ে দিতেন ঠাকুমা, সেই ছাড়া পাওয়ার যে কী মজা। করিমগঞ্জ স্টেশন থেকে হাত ধরে টেনে নিয়ে আসতেন পিতামহী।কী যন্ত্রণার বন্দিত্ব ওপারে পৌঁছে খুশি  বিশ্বনাথের। কারণ বেশির ভাগ সময়ই শীতকালে রাগ হত ঠাকুমার তখন যে বাপের বাড়ির গ্রামে নতুন ফসল উঠত। নিজের ভাই কেউ থাকে না গ্রামে, খুড়তুতো ভাইরা দিদিকে কী মান্য করত। বিশ্বনাথও সারাদিন ঘুরে বেড়াত গ্রামে,এটিলা থেকে ও টিলা। ধানের খেতে একাএকা দৌড়নোয় ছিল মজা, কান এদিক ওদিক করে বাতাসের সাঁ সাঁ শব্দ নিয়ে খেলা। আর এক আনন্দ ছিল ঠাকুমার মলিদা দাঁত দিয়ে কুটকুট করে কাটা, বাচ্চা ছেলেকে কাশ্মীরি চাদরে ঢেকে পেছনে গিঁট দেওয়া তার মোটেই পছন্দ ছিল না, তাই দাঁত দিয়ে চাদর কেটে আকাশের দিকে তুলে দেখত কেমন ফুটো। ঠাকুমাও ধরতে পারেনি, বলেছে পোকায় কেটেছে। ঠাকুমার উপর কম অন্যায় করেনি ছোট বিশ্বনাথ। সেবার তার প্রবেশিকা পরীক্ষাই দেওয়া হত না তেমন অবস্থা। বিশ্বনাথ ঠাকুমাকে বলছে,
     ---কী হবে গো ঠাকুমা ? পরীক্ষায় বসতে পারব তো?  
 ঠাকুমা মুচকি মুচকি হাসত আর নিশ্চিন্ত হয়ে বসে থাকত তার ছিকির ভাণ্ডারে যে  আছে যথেষ্ট সম্পদ  খুলে দেখে সব শূন্য। তাতে কী হয়েছে রয়েছে অন্য ভাণ্ডার ইঁদুর যাতে বিছানাপত্র না কাটতে পারে তাই  লেপ কাঁথা শুকিয়ে বস্তা বা কাপড়ের পুটলি করে শীতকালের জন্য ঘরের মাড়ইলে ঝুলিয়ে রাখা হয় দড়ি বেঁধে, দড়িতে একটা উল্টো নারকেল মালা অর্ধেক ঝুলিয়ে দেওয়া হয় এক গিট্ট দিয়ে, ইঁদুর আর নামতে পারে না। সেই নারকেল মালায়ও ঠাকুমা লুকিয়ে রাখত সিকি আধুলি। বিশ্বনাথ তো  সব সাবাড় করেছে ঠাকুমার উজ্জ্বল মুখ অন্ধকার হয়ে যেত, ঠাকুমা বুঝত সব কার কীর্তি। জানত, কিন্তু বকত না। তাও দমে নি, উত্তরপুরুষের শিক্ষার জন্য তখন বাবুর বাড়ি থেকে নিয়ে এসেছে পনের টাকা,পরীক্ষার ফিস দেওয়া হয়, সেই টাকা আর ফেরত দিতে পারে নি ঠাকুমা  পরীক্ষার পরই তো বিছানায়। তার বাবা ঠাকুমার দেওয়া নামটা পর্যন্ত বদলে দিল ফর্ম ফিলাপের দিন। লিখে এল বিশ্বজিৎ।
        বাবুদের মস্ত বড় বাড়ি, কী বিশাল। শহর শিলচরে টিনের চালের একতলা বাড়িই বেশি কয়েকটা মাত্র কাঠের দোতলা আর উত্তরপ্রদেশ আগত ভূস্বামীদের প্রাসাদোপম  দোতলা বাড়ি, বাড়ির সামনে সিংহদুয়ার শহরের প্রখ্যাত আইনজীবী আর স্বাধীনতা সংগ্রামী চন্দ দের সাদা দালান, দীঘির পারে  নসিবালি হাকিমের দীর্ঘ বাড়ি,নদীর পারের বি সি গুপ্তর বাড়ি, রহমান মঞ্জিল,জানিগঞ্জে ভুঁইয়াদের ব্যবসাবাড়ি বা গদি,  পদ্মবিলে আর এক বৈশ্যপ্রধান রজনী সাহার ভদ্রাসন, নাজির পট্টির পপুলার হোটেল,বরদা দাশ বরদা পালের প্রাসাদ,গাভরু মিয়ার বাড়ি, তারাপুরের দেববাড়ি ঐতিহ্যে প্রধান দেশভাগের পর স্টিমার কোম্পানির চলাচল কমতে কমতে বন্ধ হয়ে যাওয়ায় এক জাহাজ মালিক ঝাঁপিয়ে পড়লেন চাপাতার ব্যবসায়ে, বাড়ি তৈরি করলেন বহুতল চকমিলান। ঠাকুমা নাতিকে  বাড়ির ভিতর দেখাতে নিয়ে যেতো কিন্তু দারোয়ান ঢুকতে দিত না , ঠাকুমাকে যেতে দেবে, বিশ্বনাথকে নয়। বিশ্বনাথ তাতেই আপ্লুত, কী লম্বারে বাবা, লোহার গরাদে দেওয়া ফটক, ফটকের ভিতর ছবির মতো কালো আঁকাবাঁকা পথ, পথের পাশে ফুলের গাছ, বিশ্বনাথ ভাবত ঐ বাড়িতেই তো রাজকন্যা থাকে। ঠাকুমা বলত রাজপুত্রের কথা, তার দুরন্তপনার কথা। একটা মস্তবড় রেডিও ভেঙে তার কী কান্না সে পড়ে নরসিং ইস্কুলে, তার মতো একটা ছেলেকে দেখেছে গাড়ি করে স্কুলে যেতে খাকি প্যান্ট আর সাদা শার্ট পড়ে। তারই  বয়সী  ঠাকুমা তো ঐ নাদুশ নুদুশ ছেলেটাকে দেখিয়ে বলল, ওর নাকি খুব দুঃখ, কোন বন্ধু নেই, একা একা বাড়িতে থাকে  সব বড়দের সঙ্গে, গাড়ি করে স্কুলে যায় ফিরে এসে পড়াশুনা করে, মাস্টার এসে পড়িয়ে যায়। আর বাড়িতে সব ভাঙচুর করে। ঠাকুমা ছেলেটিকে খুব ভালবাসে, রেডিও ভাঙার পর বাবাও বকলেন মাও বকলেন মারলেন। ছোটবাবুর সেদিন কি কান্না। পরদিন সকালেও কাঁদছে। ঠাকুমা প্রশ্ন করেছিল,
      --কাঁদছ কেন ঠাকুর।
      ছোট ঠাকুর বলে,
      --রেডিও ভাঙ্গায় কী আমার কষ্ট হয় নি দাদি, মা বাবা এত বকল বলে আমার দুঃখ বেড়ে গেল। দুঃখ হলে আমি কাঁদি।
       এসব আদিখ্যেতা, ছেলেটা মোটেই ভাল না, বিশ্বনাথের ঠাকুমাকে কেন দাদি বলবে, ওরা কী হিন্দুস্থানি। ঠাকুমাকে বলেছে বিশ্বনাথ,
        --ওতো মান্তু, আমার সঙ্গে খেলে। একদম খেলতে পারে না, নদীর পারে আমরা রোজ খেলি শ্যাম বেটে।
       --- কী খেলা?
      --- নন্দাই খেলি, ফুটবল হাডুডুডু ক্রিকেট খেলি। ওর গায়ে একদম শক্তি নেই।
    মান্তু সরকারি স্কুলে পড়ে। প্রবেশিকার পর আর দেখে নি তাকে। সেও আর মাঠে যায় না, তখন তিন তিনটে টুইশনি করত। গোপালগঞ্জে এক ব্যবসায়ীর মেয়েকে পড়াত দশ টাকায়, সে কি আর জানত মেয়েটির দাদু ইংরেজির শিক্ষক , এম এ এন ইউ আর ই র উচ্চারণ বলে দিল মেনার, উনি শুদ্ধ করে দেওয়ায় মরমে মরে যাওয়ার অবস্থা, এর পর আর ভুল হয় নি যদিও সেই মাস্টার মশাই সারদা স্টোর্সে আর একটা ট্যুইশনি যোগাড় করে দেন। পাঁচ টাকায় পড়াতো পাশের বাড়ির আবুকে। তার ভাল লাগত প্রতিবেশীর মেয়েকে। তার ফ্রকের বুকে টান পড়ায় রোমাঞ্চ হয়েছিল সেই বয়সে। ঠাকুমার শরীরে তখন জল হয়ে গেছে। বিছানায় শুয়ে শুয়ে তার সঙ্গে কথা বলে আবোল তাবোল আর কাঁদে। এটা ওটা খাওয়ার ফরমাশ করে। কায়স্থ বাড়ি সাত্ত্বিক বিধবা, মাছ মাংস পেঁয়াজ রসুনের ধারে কাছে নেই। তবে ঠাকুমার নেশা একটা ছিল, তামাক খেত লুকিয়ে, নারকেলের নাইড়চা হুঁকোয় মুখ লাগিয়ে নীরবে টানত। শেষ দিকে তাও বন্ধ হয়ে যায়, তামাক কেনার পয়সা নেই। বাবা মায়ের  সোনা বিক্রি করে ব্যবসা শুরু করে, তখন নতুন বেরিয়েছে স্লাইস ব্রেড করিমগঞ্জে, মেশিনে বানায় বনিক মার্কা আর কাঠের ডাইসে কাটা হয় ভোলা বেকারি। বাবা দুই কোম্পানির এজেন্সি নেয় হাইলাকান্দিতে। প্রথম প্রথম খুব বিক্রি হয়েছে , রেলে করে ট্রাঙ্ক ভর্তি ব্রেড আসত বিক্রি কমে গেল, মহামায়া হোটেলের বিল মেটাতে সব টাকা শেষ, কপর্দকশূন্য হয়ে ধার কর্জের বোঝা নিয়ে  বাবা আবার ফিরে এলো। তখন শিলচরের মানুষ খুব সিগরেট খেত, রাস্তার পাশে আধখাওয়া সিগারেটের টুকরোয় ভরে থাকত, সেইসব টুকরো জমিয়ে তামাক বানিয়ে দিত ঠাকুমাকে। শেষ দিকে মাথাটাও গেছিল ঠাকুমার। কাউকে চিনত না। মৃত্যু পর্যন্ত  বিশ্বনাথের নামটা ছিল জপমালা। ঠাকুমার দেওয়া অনেক নাম ছিল অধ্যাপক দেবের। ঠাকুমা অতি আদরে ডাকত ভুতু। বিছানায় শুয়ে শুয়ে ছড়ায় গাইত গান, ভুতু রাজা রাজারে, ভুতু একদিন রাজা অইব, আমার অইব কিতা। ভুতুর ঠাকুমা একদিন বলল পিঁয়াজি খাবে পুজন সিঙের দোকানের। দোকান মানে চম্পা পাটোয়ার মদের দোকানের সামনে পথের উপর কুপি লম্ফর ভাজাভুজির উনুন মা শুনে মাথা নেড়েছিল জোরে ,
      --না না।
      বিশ্বনাথ  কিন্তু মানে নি ,  কিনে এনে মুখে দিয়েছে  ঠাকুমার, থু থু করে ফেলে দিয়েছে। ইচার চপ খেতে চেয়েছে, খাইয়েছে, কিন্তু মুখে দাওয়ার আগেই থু থু। ডাক্তার দেখাতে পারে নি, এখনকার দিন হলে বলত  সোডিয়াম বেড়েছে, নুন খাওয়াত। বাড়ির সামনে ফটোগ্রাফার রাজকুমারদার বাড়ি, ওর বাড়ির বাগানে নিয়ে গেছে  ফোলা শরীরের ঠাকুমাকে। কি সুন্দর লাগছিল ধবধবে পিতামহীকে। ঠাকুমাকে চেয়ারে বসিয়ে পায়ের নিচে বসেছিল বিশ্বনাথ। ঠাকুমা ধীরে ধীরে কথা বলাও বন্ধ করে দেয়। বিশ্বনাথ হতভম্ব হয়ে ঠাকুমার মুখে তাকিয়ে থাকত। মা অতিকষ্টে দুমুঠো খাওয়ানোর চেষ্টা করত। মা বলেছে ঠাকুমা বড় লোক বাড়ির মেয়ে ছিল, দণ্ডকলস গ্রামের এজমালি বাড়িটাও মস্তো বড়। সম্পন্ন ভূস্বামী। শুধু নাতির মুখ চেয়ে বাবুদের বাড়িতে পরিচারিকার কাজ নিয়েছিল। কাউকে জানতে দেয় নি কিছু,  ভোরের বেলা চান সেরে চলে যেত, যখন ফিরত শাদা শাড়ির আঁচল চাপা কত রকমারি খাবার। একদিন তো এক মিল্কেন ভর্তি ঘুলাইয়া কাঁঠালের কোয়া নিয়ে এলো। বাবুর বাড়ির উচ্ছিষ্টেই কী মহাভোজ হত নাতি বিশ্বনাথের। নাতির গায়ে কাটা ফুটলে ঠাকুমা উঃ করে উঠত। একবার ওদের বাড়ির উল্টোপাড়া খাসিয়াপট্টির নীলুর সঙ্গে বেধড়ক মারামারি, রাস্তার ওপার থেকে নীলু ছুঁড়ল পাথর, বিশ্বনাথের নাক ফেটে গিয়ে রক্তারক্তি কাণ্ড। এখনও আছে দাগ, ঐ কাটমার্কই ওর পরিচয় এখন। খাতায় পত্রে পরিচিতি  চিহ্ন। ছোট একটা নুড়ির বদলে এক আধলা ইট ছুঁড়ে মারল ঠাকুমা নীলুরও মাথা ফাটল। তারপরও কি শান্তি মানে, নাতিকে জড়িয়ে ধরে কাঁদল সারারাত। সে রাতেই বিশ্বনাথ প্রতিজ্ঞা করেছিল, বড় হয়ে যখন সে অনেক টাকা রোজগার করবে ঠাকুমাকে একটা মস্ত বড় ফস্‌সি হুক্কা কিনে দেবে সঙ্গে এক পোয়া খাম্বিরা তামাকও কিনে দেবে সেন্ট্রাল রোড থেকে। বিশ্বনাথের তো এখন অনেক টাকা। ঠাকুমা যেমন বলত ভুতু রাজা রাজারে। রাজা হলে ঠাকুমাকে সিভিল হাসপাতালে ভর্তি করিয়ে দেবে ভেবেছিল। টিউশনির কুড়ি টাকাও সময়মতো পায় নি তখন  তাগদা দিয়ে টাকা এনে মাকে দিয়ে বলেছিল ঠাকুমা যা  খেতে ভালবাসে রেঁধে দিতে  ফটো উঠানোর দুদিন পর ঠাকুমা মরে যায়। শুনেও যায় নি, তার প্রাণের পুত্তলির প্রথম পাশের খবর।
        ছোটবেলা এত ধুলো উড়ত না, বাতাস ছিল নির্মল। চোখ জ্বালা করে অধ্যাপকের। পথ ভুল হয়ে যায়। তখন তো এবাড়ি ওবাড়ি ঘুরে ঘুরে ছোটদাদুর বাড়ি পৌঁছে যেত ঠাকুমা নাতি এত এত পাকা বাড়ি ছিল না দণ্ডকলস গ্রামে  ঢিবির মতো টিলা পেরিয়ে এঁকেবেঁকে যাওয়া। বাংলার অধ্যাপক অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে নিজের মনেই বলে, পথিক তুমি পথ হারাইয়াছ হারানোর তো কিছুই নেই, কোন সম্পদ নিয়েই সে  আসে নি গ্রামে। স্মৃতির কোন অভিজ্ঞান নেই তার কাছে, কোন নাম জানা নেই, ছোটদাদুর কী নাম তাও জানে না এখানে অনেক কাকা পিসি ভাই বোন বিশ্বনাথের।  বাজারের পথটা তো মনে আছে তার, টিলার নিচে আনারসের ক্ষেত ছিল একটা উপর থেকে নিচে। রিক্সার ভ্যাঁ ভো শুনে খুশি মনে রিক্সাওলাকে কিছু না বলে উঠে বসে। এ কেমন দণ্ডকলস গ্রাম,  নির্ঘাত ভুল হয়েছে, দণ্ডকলস  গ্রামে কোন কালে রিক্সা চলার কথা নয়। এ হয়তো অন্য গ্রাম, অনেক ভাগ থাকে গ্রামের, দণ্ডকলস পার্ট ওয়ান পার্ট  টু থ্রি  পথভোলা পথিকের এখন একমাত্র উপায়  যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাওয়া, করিমগঞ্জ শহরে আবার। রিক্সাওলাকে বলে
        --যতীন্দ্র নাগের বাড়ি চেনো ?
       রিক্সাওলা বলল,
         --চিনি।
         বা এ চমৎকার কী করে হয়, তার ছোটদাদুর নামটা কী করে হঠাৎ মনে পড়ল। যাক তাহলে ঠাকুমার পিতৃকুলের কেউ না কেউ চিনবে তাকে তার বাবাকে নয় ঠাকুমাকে। গ্রামের ভিতর সরুপথ দিয়ে এগিয়ে যায় রিক্সা, লঙ্গাই নদীও মাঝেমাঝে উঁকি দেয় কিন্তু কিছুতেই আর গন্তব্যে পৌঁছয় না। অধ্যাপক দেব এবার বিরক্ত হয়ে রিক্সা চালককে বলেন,
       --আর কতদূর হে ?  
       রিক্সাওলা এবার ফিরে তাকায়  বলে,
       --- কই যাইতা কইলা না তো?
        --- এ্যাঁ। বললাম যে।
        --- কিতা কইলা?
       --- যতি নাগের বাড়ি।
       --- না, ই নাম তো শুনছি না। খাড়াইন অউ সামনেউ নেনা মিয়ার ফার্মেসি। তাইন হক্কলরে চিনঅইন। যাইন, জিগাইলাইন।
        অধ্যাপকের পরিবারও তেমন বড় নয়। ঠাকুমারও এক সন্তান এক নাতি এক পন্তি। পন্তির নাম বিশু, বিশ্বরাজ দেব। সে অধ্যাপক হয় নি, বিদেশি ব্যাঙ্কের ম্যানেজার হয়ে গৌহাটিতে আছে, মাঝে মধ্যে বিদেশ ঘুরে আসে আর মাকে ভয় দেখায় বিদেশেই সেটল করবে। অধ্যাপকের ভীতু ঘরকুনো ছেলের শুধু বড় বড় কথা। তার মা তাকে পরিবারের বন্ধনে জড়িয়ে রাখে। ঠাকুমার কথাও বলে, বিশু নাকি দেখতে অবিকল ঠাকুমার মতো হয়েছে। ছেলে আফসোস করে,  
 ---ধুর দেখলামই না তোমার দিদিশাশুড়িকে।
      মা বলে,
  ---আমিই কী দেখেছি, আমি শুনেছি আমার শাশুড়ির কাছ থেকে, আর তোর বাবা তো পারলে একটা মন্দির বানিয়ে দেয় ঠাকুমার নামে।
     --- হ্যাঁ, বাড়িটার নামও তো স্যারের ঠাকুমার নামে। হিরণ্ময়ী নামটা কিন্তু সুন্দর, যাই বল।
এমন সব মাতাপুত্র কথার মাঝখানে ঢুকে যান প্রফেসর দেব। ছেলেকে বলেন,
---স্যার কী, শুনি ? বাপের সঙ্গে  ফাজলামো  ছবি দেখবি ?
বলে তার ছবির ভাণ্ডার খুলে বের করে বিবর্ণ এক উজ্জ্বল মুখ ছেলে ওয়াওবলে খুশি হয় বিশ্বজিৎ দেব ছেলেকে বলে,
---আমার নাম ছিল বিশ্বনাথ। ঠাকুমা যতদিন বেঁচে ছিল ওই নামেই ডাকত।
ছেলে বলে,
--- নামটা মোটেই ভাল না, ছবিটা খুব সুন্দর।
মঙ্গলেরও খুব পছন্দ হয় ছবিটা, সে ছবিটা নিয়ে নেয়। বলে পোস্টার বানাবে, ঘরের জায়গাও ঠিক করে। ড্রয়িং রুমের একটি দেওয়াল ঢাকা ছবি করিয়ে আনে চিত্রকর নীলম বরুয়ার শৈল্পিক  নবীনতায়। বিশুর বান্ধবী দোপাটির  ডাকনাম মঙ্গল, মঙ্গলবারে জন্ম বলে অধ্যাপক পুত্রের সবই ভাল, কিন্তু বিয়ের কথা বললে কিছুতেই হ্যাঁও করে না, না ও না। এদিকে আবার মেয়ে বন্ধু অনেক। বেশির ভাগ গুজরাটি মাড়োয়াড়ি পাঞ্জাবি মাদ্রাজি। মঙ্গল  কম বয়সে পাঞ্জাবি ছেলেকে বিয়ে করে এখন একা। এ নিয়ে ওর কোন দুঃখ কষ্ট নেই, বিশু বলে বিন্দাস আছে বুলবুল ভাজার দোকান নিয়ে। বুলবুল ভাজা মানে ইন্টেরিয়র ডেকোরেশন বিজনেস আর বাংলা নিয়ে আদিখ্যেতা মানে, গৌহাটিতে বাংলা পাবলিকেশনেরও মালিক দোপাটি সেন সেই কারণেই হয়তো অধ্যাপক বন্ধুপিতারও বিশেষ প্রিয়ভাজন। লিটারেচারের ছাত্রী, ইংরেজি এম এ, নিজের কোম্পানির এম ডি। দুই বন্ধুতে ইংরেজিতে খই ফোটায়। কিন্তু দিনশেষে সেই বাঙালিই, সিলেটিতে কথা বলে, শাক সুক্তো ইলিশমাছ আর সিদলভর্তার ভক্ত। ব্যোমকেশ ফেলুদা যেমন শীর্ষেন্দু সুনীল আর  জীবনানন্দের কবিতাও  পড়ে। অধ্যাপক তার গ্রন্থাগার থেকে বই দেয়। অগোছাল বই সাজিয়েও রাখে মেয়েটি। বিশু তো বই পত্তরের ধার ধারে না, বলে ওসব শেষ করেছি সিক্সথ সেমিস্টারে, আর নয়। এখন আইফোন জিন্দাবাদ। গুগোল শর্মার মতো বিদ্যার জেটপ্লেন থাকতে আর বিশ্বজিৎ দেব এর মতো ডুবোজাহাজে কী কাজ। বিশুর এসব তাচ্ছিল্য কথায় খুব ভয় ধরে অধ্যাপকের বয়স যত বাড়ছে ততই অসহায় লাগছে, বিশুটা যদি কোন মাড়োয়ারি মাদ্রাজি বিয়ে করে, ওরা তো আবার নিরামিষ খায়। তাই বাড়িতে ফতোয়া দিয়ে রাখে ঘন ঘন। বলে বিয়ে করতে হবে বাঙালি। ব্রাহ্মণ বৈদ্য নমশূদ্র হলেও চলবে মুসলমানেও আপত্তি নেই, কিন্তু বাঙালি চাই। শিবুর কথা যে ভাবেন নি তাও নয়, কিন্তু পুতুল পুতুল মেয়েটার অতীত, ডিভোর্সি মেয়েকে পুত্রবধূ করার ভাবনায় মধ্যবিত্ত মূল্যবোধ বাঁধা দেয়। তবে মেয়েটার সৃষ্টিশীল মনটাকে তার পছন্দ হয়, ঠাকুমার ছবিটার  প্রাণ প্রতিষ্ঠায় তো তার একার কৃতিত্ব, বৈঠকখানার ঘরটাকে এক অনন্য বৈশিষ্ট্যে উজ্জ্বল করেছে। এর মধ্যেই একদিন বিশু বিশ্বজিৎ দেব ও তার স্ত্রীকে জানায় শিবানীর বাবা আসবেন অদের বাড়িতে দুজনেরই প্রশ্ন করে একসাথে,  
---কেন ?
   ---কেন আবার কী? বিখ্যাত বাঙালি অধ্যাপককে দেখবেন শখ হয়েছে বড়লোকের। দুখানা চা বাগানের মালিক বলে কথা।
  ---সে তো ঠিকই আছে, আসতেই পারেন। চেনা নেই জানা নেই
আনন্দও হয় এই ভেবে তাহলে অধ্যাপনা করে জীবনে সামান্য খ্যাতির অধিকারী তো হয়েছে সে , ঠাকুমার ছবির দিকে তাকিয়ে হাসিমুখে একাএকা কথা বলে বিশ্বনাথ,
---রাজা নাহলেও রাজার মতো হয়েছি ঠাকুমা।
মনোতোষ সেন মানুষটিও তো মন্দ নয়। দেখে খুব পরিচিত মনে হল অধ্যাপক দেব এর। হয়তো কিছু মানুষ থাকেন যাদের দেখলেই চেনা লাগে। যেমন লেগেছিল মঙ্গলকে ঠাকুমার ছবিটা অনেক সময় নিয়ে দেখলেন সেন সারথবাহ,বাংলা কবিতায় বনিক সাউকারদের এনামেই ডাকা হত, অধ্যাপক গর্বভরে লে,
---আমার ঠাকুমা, আপনার মেয়ে উদ্ধার করেছে পুরনো ছবির বাক্স থেকে।
লোকটা কেমন যেন আনমনা হয়ে রইলেন। বললেন,
---আপন ঠাকুমা ?
জবাব শুনে বললেন
---ও আই সি।
সেন মহাশয়ের যাওয়ার আগের শেষ সংলাপ।
        চা বাগান মালিক মনোতোষ সেনের নাটকীয় চলে যাওয়া কারো ভাল লাগে নি। মঙ্গলের  সঙ্গে বিশুর সম্পর্ক আছে কী নেই বুঝা যায় না। বিশু তার মাকে বলে,
       --বিয়ে করব চেন্নাইর মেয়ে গৌতমী রঙ্গরাজনকে।
       মানে আফটারএফেক্ট, মঙ্গলপিতার নিষ্ক্রমণের অনেক কিছু ঘটে গেছে। অধ্যাপক বিশ্বজিৎ দেব বুঝতে পারে ঠাকুমার ছবি নিয়েই ঘটে গেছে মঙ্গল আর বিশুর  বিচ্ছেদ। ঠাকুমার বিশ্বনাথ  তারপর ছেলের কাছে খুলে বলে  তার গর্বের দিনগুলির কথা, ঠাকুমার গৃহপরিচারিকা হয়ে পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার কথা। অধ্যাপক নিজের আত্মপরিচয় ছেলের কাছে মেলে ধরতে বিন্দুমাত্র গ্লানিবোধ করে নি। বলেছে আজকের গৌহাটির বাঙালি বুদ্ধিজীবীর প্রবেশিকা পরীক্ষার ফিস দেওয়া হত না মহীয়সী ঠাকুমা না থাকলে বিশু তার প্রপিতামহীর ছবির সামনে জোড়হাতে দাঁড়িয়ে বলে, 
     --- কোন বাড়িতে কাজ করত তোমার ঠাকুমা? সেন বাড়িতে না?
     --- হ্যাঁ।
        অধ্যাপকের আর  বুঝতে বাকি থাকে না মনোতোষ সেনকে কেন এত চেনাচেনা লাগছিল।তার মানে মান্তুই মনোতোষ সেন  নড়ে চড়ে বসে অধ্যাপক দেব, মঙ্গলকে ফোন করে বলে,
     ---তোর মঙ্গল নামটা খুব মিষ্টি
      ---খুব খারাপ কাকু ? ছেলের নাম?
    --– না রে সত্যি ভাল,অন্য রকম আয় না বাড়িতে 
       মেয়ে না করে দেয়। বলে,
       -- আসব না তোমার ছেলে খুব টেঁটিয়া
        --- কেন?
       --- তোমার ছেলে বলেছে মাইফুট। আমার নীল রক্তের বাপ বলেছে বিয়ে দেবে না।
        --- মানে?
        --- সে আছে,  গৌতমীর কাছ থেকে জেনে নিও, ওরা তো শুনেছি রেজিস্ট্রি করে ফেলেছে।
        --- তাই?
         --- তোমার ছেলেকে চেনো না, সব ঢপ। আমাকে চাপে রাখছে।
         --- গুড।এখন  আমিও যদি মাথা নুইয়ে একটা ঢপ দিই।
         --- তুমি মাথা নোয়াবে? বস বি দেব ? ইন নো কেস কাকু 
         --- আরে তা নয়,  আমার ঠাকুমা তো আর  আসল ঠাকুমা নয় আমাদের বাড়িতে কাজ করত। করতে করতে ভালবাসে আমায়।
        মঙ্গল হাসতে হাসতে  বলে,
      --- আমার বাপ বিজনেসম্যান, ধরে ফেলবে।
       --- তা হলে? এতদিন তো আমার ঠাকুমা ছিল একটা সাদা কালো ছবির ভিতর। তুইই হিরণ্ময়ীর ছবিতে রঙ লাগিয়েছিস। এখন সমাধানও তুই করবি গৌতমী রঙ্গরাজন।
        ওরা কত কী জানে, জীবনকে জটিল হতে দেয় না। লঙ্গাই রোডে রিক্সায় বসে অধ্যাপক ভাবে কে ঠিক, জটিল পূর্বপ্রজন্ম না বিন্দাস যুগের কুশীলব। অকারণে ফোন বের করেও আবার পকেটে ঢুকিয়ে রাখে। কাকে ফোন করবে, কেউ তো নেই কোথাও, যে হিন্ট দিতে পারবে, ক্লু ধরিয়ে দেবে প্রত্নখননের হদিশ কে দেবে,বলবে  দণ্ডকলস  গ্রামের কোথায় জন্ম হয়েছিল বিশ্বনাথের ঠাকুমার। নাগ বাড়িটি ঠিক কোথায়। অধ্যাপক মানুষটি যে পথ হারাইয়াছে, কে করবে তার মার্গদর্শন। ঠাকুমার জন্ম ভিটেয় মাথা নুইয়ে যে ক্ষমা চাইতে হবে তাকে। সন্তানের জন্য যে সে শিকড় বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি নিয়েছিল নেনা মিয়া মানুষটি যেমন হবে ভেবেছিল বিশ্বজিত দেব তেমন নয়, দাঁড়ি তকির গ্রাম্য মানুষ ন, সুপুরুষ শহুরে প্রৌঢ়, তার থেকে ছোটো বলেন,
     --- আপনে বুলে নাগবাড়িত যাইতা, তে কোন নাগ, এক আসলা রসেন্দ্র নাগ হউ পূবর টিল্লাত, তারা তো নাই, গেছইনগি শিবরগুল।
    --- না না, আমার ঠাকুমা। এখানেই জন্ম, আমি অনেকবার এসেছি এখানে , এক দৌড়ে পৌঁছে গেছি  ছোটদাদুর বাড়ি। আমার ঠাকুমার নাম হিরণ্ময়ী নাগ,  হিরণ্ময়ী দেব।
    --- অয় হিরণ্ময়ী আছলা, না আইজ্ঞা ই নাম হুনছি না। আর একটু চিন দেইন, কেউর নাম কইন জিতা মাইনষর।
     --- জ্যান্ত মানুষ কেউ নে
      --- তে অতদিন আইলা না কেনে?
      --- জীবন যুদ্ধ।
      --- বুঝলাম অখন   মাটি খুঁজিয়া কিতা করতা?
      --- কী যে বলেন , মাটিতেই তো  শেকড়। শেকড় হারালে  কী থাকল ?
       --- অখন নু কইলা ঠাকুমার কথা।
        নেনা মিয়া রসিক মানুষ,  বুঝে গেছে অধ্যাপক মানুষটা প্রকৃতিস্থ নয়, তাই কৌতুকে মাতে ঠিক তখনই অধ্যাপকের মোবাইল বাজে মুখ উজ্জ্বল হয়, দোপাটির ফোন,
       --- কাকু ছবি দেখলাম কাগজে, বক্তৃতা দিচ্ছ। তুমি এখন আসামে?
     --- হ্যাঁ জগন্ময় আমার বন্ধু,  অনুরোধ করল, তাই চলে এলাম, কোন কাগজে বেরিয়েছে? নববার্তা?
     --- তুমি এখনও আছ করিমগঞ্জ।
     --- না আমি দণ্ডকলশ  গ্রামে, আমার ঠাকুমার বাড়ি খুঁজতে এসেছিলাম, খুঁজে পাচ্ছি না?
     --- ঠাকুমাকে হারিয়ে ফেলেছ?
     --- হ্যাঁ অনেকটা তাই দাঁড়ায়   ঠাকুমা হারিয়ে গেছেন 
        ফোন তখনও শেষ হয়নি,  নেনা মিয়া বলে,
      --- কে কইছে ঠাকুমা হারাই গেছইন?
       --- আমার পুত্রবধূ।
       মিছে কথা বলল কী। মিছে হবে কেন, অধ্যাপক  জানে তাঁর গোঁয়ার ছেলেও তাঁরই মতো, যতই ঠাট্টা তামাশা করুক , সে তাঁর হিরণ্ময়ী বাড়ির ঐতিহ্যকে মান্য করে। আর বিয়ে করলে  সে দোজকন্যা দোপাটিকেই করবে। মঙ্গল জানে গৌতমী রঙ্গরাজন নামটাও একটা ঢপ। ওষুধের দোকানের মালিক নেনা মিয়া বুঝতে পারে লোকটা ভবঘুরে নয়, একজন বিখ্যাত লোক। কৌতুকের অবস্থান পালটে  অধ্যাপকের সম্মানে বেরিয়ে আসে দোকান ছেড়ে  বলে,                              
       --- কই দেইন স্যার তানে  ইতা মিছা কথা, কেউর ঠাকুমা হারায় না। আমি বার করি দিমু আপনার ঠাকুমা।

        অধ্যাপক বিশ্বজিৎ দেব কী জানি কী বুঝে, মঙ্গলকে কিছু না বলে কেটে দেয় ফোন, নেনা মিয়ার চোখে তাকিয়ে থাকে ভাবলেশহীন।


*****

 
   
        


    


বুধবার, ১৭ মে, ২০১৭

নিভৃত ছায়া

 ।। রণবীর পুরকায়স্থ।।


       রা আর সোহাগকে সামনাসামনি দেখলে কেউ ভাববে না ওরা দুইবোন নয়। দুজনেই দীর্ঘাঙ্গী পাঁচ-চারের কাছাকাছি। মফসসল শহর শিলচরের  কলেজে লাক্স হিমানি কান্তা সেন্ট এর ভুরভুরে গন্ধে যতটুকু আকর্ষণীয় থাকা যায়,থেকেছে  এখন পঁয়তাল্লিশ বছর বয়সে কত কী, চুল থেকে পায়ের নখ পর্যন্ত অপর্যাপ্ত সুন্দরের তেলমশলা। তাই এখনও দুরন্ত সুন্দরী। রাইএর বর দয়াশঙ্কর তো মস্তবড় ডাক্তার। কলকাতা এলে থেকেছে এবার পিয়ারলেসএ, গ্র্যান্ড তাজ বেঙ্গল গেটওয়েতে থাকতে পারে, কিন্তু নিউ মার্কেটের কাছাকাছি থাকা আর আহেলির খানা এই লোভেই থাকে। সোহাগের ফ্ল্যাট বাইপাসের হাইল্যাণ্ড পার্কে, নিজের গাড়ি ডাটসুন গো আর বর অভিজিতের সাদা গাড়িতে লেখা ভারত সরকার। সাদা গাড়ি নিয়ে ছড়িয়ে ছিটিয়ে যেতে কোন অসুবিধে হওয়ার কথা নয়, রাই বলল আরো বড় গাড়ি চাই। আসলে এ সব স্নায়ুর যুদ্ধ, অর্থবল যার বেশি সেই জেতে। সোহাগ সবসময় হেরেই যায় দয়াদার কাছে, আবার দয়াশঙ্করই মধ্যস্থতা করে সমাধান দেয়। বলে,
 ---গাড়িটা প্রধান নয়, মেন হল চালক। আমার অভ্যাস হয়ে গেছে সুলতান, তোমরাও তো দেখেছ, ভাল লাগবে। দেখে নিও।
       কথামতো, সোমবার সকাল সাতটায় সোহাগ আর অভিজিৎ রেডি হয়ে বসে থাকেঅভি বলেছে বেল বাজলেই কফি বসিয়ে দিতে, সে দরজা খুলে দেবে। বেল বাজে দুটো, একটা ডোরবেল আর একটা মোবাইলের রিংটোন, দরজাঘণ্টির মতোই বাজে। ধরার আগে অভিজিৎ সোহাগের দিকে অনুনয়ের তর্জনী দেখিয়ে বলে, প্লিজ। মানে কথা মতো কাজ হয় না, তাই সোহাগ কফি বসিয়ে দরজা খুলে দেয়, অভি মোবাইল হাতে ব্যালকনিতে। লোকটাকে নিয়ে এই  এক ঝামেলা, মোবাইল বাজলে আর কিছুর ঠিক থাকে না। সর্বক্ষণ মোবাইল আর ল্যাপটপ। দুক্ষেত্রেই অনুরোধের আঙুল তুলে বলবে, এক্সকিউজ মি। সোহাগ রাগ করলে বলে, কী করব বল চাকরি বাঁচাতে হবে।
       বন্ধুর বাড়িতে কফি খেয়ে কাপ ধুয়ে মুছে দুর্গা স্মরণ করে যাত্রারম্ভ করে রাইসোহাগের ওসব বালাই নেই, ড্রাইভার সুলতানের জিম্মায় স্যুটকেস দিয়ে বলে, সুলতানভাই নিউ কেলিনওয়ার্থে যাবে, ব্রেকফাস্ট তুলব। খাবারের কথায় ডাক্তার দয়াশঙ্কর মিশ্র যেন গোলকিপার রাইর ভুলে দার্বি হেরে যায়। রাইকে কানে কানে বলে,
 --- তোমার না কিছু খেয়াল থাকে না।
সোহাগ বন্ধুর পাশেই ছিল, বলে,
  --- সবে শুরু দয়াদা, খর্চা শেষ হয়ে যাচ্ছে না।
দয়াশঙ্কর উজ্জীবিত হয়ে বলে,
---তাহলে ড্রিংক্স আমার, হার্ড কোল্ড সব। টিচার্স আনি, কী বল অভিজিৎ?
--- লাগবে না মাইফ্রণ্ড। এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে...।  সব আছে ওতে, ,  শ্যাম্পেন আছে ওয়াইন আছে সোডা আছে। শটগ্লাস আছে ডিকান্টার আছে টম্যাটো জুস আছে, নুনের প্যাকেট আছে, শুধু গুছিয়ে বসতে দাও।
--- টম্যাটো জুস আর নুন দিয়ে কী হবে? স্কচ নেই? আমি আনব?
---মাংকি শোল্ডার আছে সেভেন ফিফটি, ম্যাক্সিকান সিলভার টাকিলাও আছে।          ব্রেকফাস্ট প্যাকেট নিতে সুলতান একা গেলেই হয়, তবু সকালের কলকাতা দেখতে অভিজিতের সঙ্গে দয়াশঙ্করও নামে, রাই নামতে সোহাগও নামে। অভিজিৎ রিসেপশনের শাড়িপরা যুবতির বুকের দিকে ঝুঁকে চোখ উঠিয়ে নেয়, পকেট থেকে পাওয়ার গ্লাসটা বের করে চোখে লাগিয়ে আবার ঝুঁকে, আবার খুলে চশমা, বলে,
 --- তো শ্বেতা আপনি নন, সামবডি। মে বি অলিভিয়া, বলেছিল ফুড রেডি।
 --- ইয়েস স্যার। টেক অ্যাওয়ে।
    বিল প্যামেন্ট করে হাসিমুখে শেষ সৌরভের দৃষ্টি দিয়ে ফেরে অভি। পেছনে পেছনে দয়াশঙ্করকে দেখে অভিজিৎ বলে,
 --- ফোরস্টার।
 --- তাতে কী হয়েছে?
 --- না তোমরা তো আছ ফাইভে। তবে পিয়ারলেসএর  ফুড দারুণ।
 --- না না পিয়ারলেসও চার, কিজানি তিনও হতে পারে  কিন্তু ভাই অভি আমরা তো দুপুরের আগেই পৌঁছে যাব ডেস্টিনেশন। কোথায় বসব, খাব এসব?
 --- হবে হবে। প্রথম যাব দেউলটি, রূপনারায়ণের পারে রিসর্ট আছে, ওখানে ব্রেকফাস্ট। কাছেই শরৎচন্দ্রের বাড়ি সামতা গ্রাম।  
   ঘুরপথের পরিকল্পনা শুনে রাই আপত্তি জানায়
--- সে তো বুঝলাম অভিদা, উল্টো পথ হয়ে গেল না?
--- তা তো হল। প্ল্যানিং তোমার বন্ধুর।
--সোহাগের সবতাতে পাকামি  শক্তিগড়ে থামব না ? ল্যাংচা?
--- যাওয়ার সময় হবে না।
   ওদের কথোপকথন শেষ হলে সোহাগ অভির লুই ফিলিপ স্যুট এর মসৃণ হাতা খামচে ধরে মিঠে ছুরিতে টান দেয়,  যাতে অন্যরা বুঝতে না পারে। বলে,
--- মেয়েটার বুকে কী শুঁকছিলে?
    অভিজিৎও তৎপর জবাবে জানায়,
--- চালসে হওয়ার পর কাছের জিনিষ ভাল দেখি না, পাওয়ার তিন। নাম পড়ছিলাম, নামে ডাকলে রেসপন্সটা ভাল হয়। শ্বেতার ফিগারটা কিন্তু দারুণ।
--- আর অলিভিয়ার?
--- ও তো টপ পরা।
--- এরকম প্যাশনেটলি আমাকে দেখেছ কখনও?
--- তোমাকে দেখব বলেই তো ওদের দেখি।
--- দেখ, না হামলে পড়।
--- না ম্যাডাম, তুমি আমার শূন্যবুকে নৃত্যময়ী তুমি  যে আমার অচল সিকি।
--- ওসব ভাবের কথা। সত্যি বলছ, ভালবাস?
ভালবাসার কথাটা রাই হঠাৎ এসে শোনে ফেলায় সোহাগ থামে। রাই-সোহাগের গসিপ না হলে চলে না। ভ্রমণের ইটিনিনারি তছনছ করে শৌচালয় যাওয়ার অছিলায় শক্তিগড়েও নামে অভিজিৎ ল্যাংচার সাইজ দেখায় দয়া ডাক্তারকে, মাঝে মাঝে দুএকটা খায়ও দুই পেটুক। ওদের পেছন ঘুরার কোন মানে হয় না তাই সোহাগ রাইকে টানে। বলে,
 --- কুছতো গড়বড় হ্যায়। আমি ভেবেছি আমার কপালেই ওরকম, এখন দেখছি দয়াদাও কম যায় না। আমি ওদের যত বলছি ল্যাংচা প্যালেসে যাও, ওরা বলেছে ল্যাংচা হাউসটা বিশাল, কোয়ালিটিও ভাল, ডাক্তার দয়া তো এর আগে এদিকে এসেছে বলে শুনিনি।
---আমিও শুনিনি, তবে ইদানিং পূর্বজন্মের স্মৃতিকথা বলে।
--- দেখ না কেমন কাউন্টারে দাঁড়িয়ে মেয়েগুলোর সঙ্গে হাসি মস্করা করছে, সাইজ দেখাচ্ছে, উফ্‌তবে ডাক্তারবাবু তো আমারটার মতো ইডিয়ট নয়, কথা বলছে না জরিপ করছে।
--- বুক মুখ পশ্চাৎ। কী করবে বল, শিলচরে তো সুনাম রক্ষা করতে হয়। হাইওয়েতে এসে ছাড়া গরু।
--- তুই সাপোর্ট করিস? রিরি করে না গায়ে, মনে হয় না কষে লাগাই?
--- আমার তো মনে হয় ছেড়ে চলে যাই।
--- যাস না কেন?
--- পটাতে জানে, বলে ভালবাসে।
--- তখনও তোকে বলেছিল ভালবাসে। ঝুট।
--- মানে?
--- অভিদা কী ন্যাকা কথা বলতে পারে রে টেলিফোনে।
--- কোথায় শুনলি?
--- তোকে ফোন করে নাকি?
--- মোবাইল ধরার পোজ দেখেই ধরতে পারি, এমনি এমনি পাছাভারি হয় নি। তুই কফি করতে গেলি সকালে, একটি মেয়ে। মেয়েটিকে বলছে নতলার ব্যালকনি থেকে কলকাতা দেখতে কী সুন্দর।
 --- সুন্দর বলেছে?
 --- না, বলেছে মনোরম। বলল তোমার গলাটা ভারি লাগছে কেন? ঠাণ্ডা লাগিয়েছ? কড়া করে চা খাওয়ার পরামর্শ দিল।
 --- ধুর, ও তো সুব্রত, ওর জুনিয়র, মেয়েদের মতো গলা।
 --- আমি চিনি না? দেখিস কেস আছে, রাই মিশির নতলা থেকে পাখির পালক গুণতে পারে।
       সুলতান সব চেনে, পাকা ড্রাইভার। শান্তিনিকেতন যে তার চেনা জায়গা বুঝাই যাচ্ছে। কাউকে কিছু না বলে তো বেশ এগিয়ে যাচ্ছে। তাও অভিজিৎ একবার জেনে নেয়,
--- কোন দিকে যাবে সুলতান, বর্দ্ধমান দিয়ে তো?
--- হ্যাঁ স্যার গুসকরা দিয়ে যাব। শর্টকাট হবে, পানাগঢ় দিয়ে গেলে দেরি হয়ে যাবে। ৫০ কিলোমিটার বেশি, তিনটে বেজে যাবে।
--- খড়িমাটি হোটেল কোথায় জান?
--- জেনে নেব স্যার, শান্তিনিকেতন ডানদিকে হোটেলটা শুনেছি বাঁদিকে। হাইওয়ে থেকে কখন যে শালবনের ভিতর ঢুকে গেছে গাড়ি, কয়েক মাইল চলেও এসেছে শুকনো পাতায়।  দয়াশঙ্করের হিসি পায় না গাড়ি থেকে নেমে দেখার ইচ্ছে হয় কে জানে, সে রাইকে  সংকেতে জানায় ইচ্ছে, রাইও সুলতানকে গাড়ি থামাতে বলে। এই ফাঁকে সবাই নেমে যায় শালবন দেখার আনন্দে। হঠাৎ সুলতান আতঙ্কিত হয়ে বলে,
 --- গাড়িতে উঠুন তাড়াতাড়ি।
      বেচারি দয়া বিড়ম্বনায় মাঝামাঝি থামিয়ে গাড়িতে ওঠে। ব্যস সুলতানের মুখে এবার স্বস্তি, গাড়ি পিছিয়ে নেয়, দেখায় পথের পাশে এক শুকনো সর্পচর্ম। সবাই ভয় পায় আবার, যদিও দয়ার রাগ কমে না  বলে,
 --- তুমিও না সুলতান,  কী ভিতু!  এখন শীতকাল ওরা বেরোয় না।
      অন্যরা কিন্তু সমবেত জানায়,
 --- তাও বাবা।
       সোহাগের মনটা একটু দমে যায়। শান্তিনিকেতন বেড়াতে এসে এতদূরে থাকা, কোন মানে হয়। তবে সরাইখানাটি খাসা। গাছগাছালি ফুলে ফলে ঘেরা কী প্রশস্ত খাওয়ার ঘর খোলামেলা। হোটেল ভেতরে। ওয়াও, স্যুইমিং পুলও আছে, এত এত হরিণ, ক্যাম্প ফায়ারের ধুনিও আছে। দয়া ডাক্তারের চয়েস আছেতবে শান্তিনিকেতনের আটপৌরে রতনকুঠির কাছে কিছুই নয় সরকারি কাজে থেকেছে অভিজিৎ পূর্বপল্লী অতিথিশালায়ও থেকেছে সোহাগ। সোনাঝুরিতে থেকেছে অভি-সোহাগ। রাই আর দয়াশঙ্করের চোখে সবই নতুন। হোটেলের রুম সার্ভিস এ খেতে চাইল না দুই পুরুষ। অভি বলল,
 --- আ! বেগুন ভাজার সাইজ দেখে প্রেমে পড়ে গেছি।
     রাই টিপ্পনিতে বলল,
 --- রুমে এলেকি সাইজ ছোট হয়ে যেতো অভিদা ?  
 --- তা নয়, তোমরা না হয় একটু রেস্ট নিয়ে এসো, আমরা মেনু ঠিক করি, আধঘণ্টা তো লাগবে।
    সোহাগ চেনে তার মালখোর বরকে, এখন নতুন বন্ধু দয়াশঙ্করকেও বশ করে নিয়েছে। বুঝতে পারছে কিছু একটা আছে আঠা। হয় মদ নয় নারী। প্রথমটাই হবে। রাইও বলল,
 --- আমি শিওর মদ খাবে। কিন্তু বার তো দেখলাম না।
   --- তুই ওদের চিনিস না। দয়াদাও অভির ব্যাগ এর ড্রিংকস এখন খাবে না, এখন খরচ করবে দুহাতে, শিলচরে তো শুধু রোজগার। আর আমার জনও যে কোন রসে মজেছে ধরতে পারছি না।
   --- ফোন করছে না তো?
   --- সে কি আর থামে, ওর চাকরির তো ছুটি হয় না।
   --- ওরে ভোলুরাম এত ভোলেবাবা হইও না, তুলেমূলে যাবে বলে দিচ্ছি।
       খাওয়ার জায়গা যত সুন্দর, ড্রিংকস এর ব্যবস্থা ততোধিক খারাপ। একটা ছোট এসিরুম, লুকিয়ে খেতে হবে। একটা করে করোনা এক্সট্রা লেজার মেরে বাইরে আসতেই বাঘিনীর মুখে। ঢুলুঢুলু মুচকি হাসিতে টেবিলে বসে তো অবাক, ওরা খাবার অর্ডার দেয় নি,  তাহলে। ধবধবে ফুঁইফুলের মতো কোহিনূর চালের ভাত, পাহাড়ের উপর বিশাল বেগুন ভাজা। ঘি, সুক্তো, সোনামূগের ডাল। অভিজিৎ মুগ্ধ চোখে বলে,
--- ম্যাজিক।
      ইলিশ চিংড়ি চিতল মাছের মুইঠ্যা আর খাসির মাংস দেখে ডাক্তার দয়া বলে,
--- এতো ?
      কেলিন ওয়ার্থের খাবারের অর্দ্ধেক পড়ে আছে গাড়িতে সুলতানের জিম্মায়, দয়াশঙ্কর বলেছে খেলে খেও। বলে ভোজন দক্ষিণা দিয়েছে পাঁচশ টাকার নোটখাওয়ার পর সুলতানকে পাঠিয়েছে বোলপুর পান আনতে। সুলতান ফিরে এসে বলে,
--- পৌষ মেলায় যাবেন তো ?
   সোহাগ বলে,
--- কোথায় মেলা? শেষ হয়ে গেছে কাল।
   আফসোষ হল।
--- তাহলে কী করা যায়, কোথায় যাবে?
    ডাক্তার সোহাগকে প্রশ্ন করে। অভি বলে,
--- আমি আর নাড়তে পারব না এখন। শপিং টপিং করে নাও তোমরা। শাড়ি বাটিক ব্যাগ স্যুভেনির।
    সুলতান মুখের উপর কথা বলে না। ঠিক সন্ধেবেলা নতুন মেলার মাঠে নিয়ে যায়। মেলা শেষ হয়ে গেলেও ভাঙা মেলা তো আছে।
       একেবারে গ্রামীণ মেলা, কিন্তু এতবড়। মেলার মাঠে জিলিপি বাদামভাজা, হাওয়া মিঠাই, কী নেই, হাতাখুন্তি খেলনা শীতের কাপড়। দয়াশঙ্কর মেলার এ মাথা থেকে ও মাথায় ঘুরে   বেড়ায় রাই এর হাত ধরে। কিছু খুঁজছে, হারানো কিছু যেন ফিরে পেয়েছে। সে তার যৌবনের গল্প করে যাচ্ছে একা একা, রাই এর হাত ছুঁয়ে। অভিজিৎ সোহাগও শুনছে। দয়া আপনমনে   বলে,
---ডাক্তার হওয়ার কোন ইচ্ছে ছিল না, শান্তিনিকেতনে পড়ব বলে চলে আসি তবলা দুটো ঝোলায় ভরে। একটা হোটেল অভিজিৎ, বনবানী, হোটেলও নয় বাড়িও নয়, মালিক সৌমেন গুহ ঠাকুরতা। আমাদের কেন যে থাকতে দিলেন, পিলুআর আমি, মানে বিপুল শঙ্কর ভৌমিক, আমার বন্ধু, দুজন এসেছিলাম। কেন এসেছিলাম, তিনমাস কাটিয়ে গেলাম অমিতা সেন এর প্রতিবেশি হয়ে, জানি না। ট্রেনে এসেছি ট্রেনে গেছি, জানি না কোথায় আছে হোটেলটা, এতদিনে তো সব পাল্টে যাওয়ার কথা। সোহাগ বাদাম ভাঙ্গতে ভাঙ্গতে বলে,
 --- সুলতান বলেছে, বাংলার সব পাল্টে গেলেও শান্তিনিকেতন পাল্টায় নি।
অভিজিৎ বলল,
 --- যাক শান্তিনিকেতন এসে একটা কাজ তো জুটল। দয়াকে বনবানী ফিরিয়ে না দিয়ে আমি  খড়িমাটি ছাড়ছি না বলে দিলাম।
     রাই সোহাগের কোমরে চিমটি কাটে। বলে,
 --- খড়িমাটির মেয়ে গুলো কালো হলেও স্বাস্থ্যবতী, জহুরি বটে অভিদা, বলছে হোটেল ছাড়বে না।
       কাজের মেয়ে রানীর জন্য দুশো টাকা দিয়ে চাদর কেনার পর থেকেই সোহাগের চোখে জল। বড় কেরোসিনের কুপির মতো গ্যাসের আলোয় চোখ জ্বালা করে। সোহাগ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওরা তাড়াতাড়ি হোটেলে ফিরে আসে। খড়িমাটির রুমগুলি বেশ বড়, রাই বলে,
    --- আমরা এক ঘরেই তো থাকতে পারি।
     সোহাগ বলে,
      --- না রে আজ পারব না। ট্রিপটা নষ্ট করব না। সুস্থ হয়ে নিই, কাল থেকে তো যেমন ইচ্ছে। তখন একসাথে।
       সোহাগের মনে উচাটন। সবাই বলে অভির কথা, অভি মেয়ে দেখলেই আকর্ষিত হয়। এতে সোহাগের কিছু হয় না, বরং দেখেছে বাইরের আকর্ষণ তাকে ঘরের প্রতি আকৃষ্ট করে বেশি। ওদের কাছে পাওয়ার কল্পনাও করে না তার ভিতু স্বামী। কিন্তু ইদানীংকার কানুঘুষোটা ভিন্ন। অভিজিত কোন একটি মেয়ের সঙ্গে নাকি কথা বলে সর্বক্ষণ। বলে অফিসের কাজে। পঁচিশ বছরের বিবাহিত জীবনে সোহাগ কখনও ভাবতেও পারেনি অভিজিত সিরিয়াসলি কোন মেয়েকে নিয়ে ভাবে, ভাবতে পারে। সোহাগ জানে ওদের সম্পর্ক নিয়ে ঈর্ষা করে অনেক কাছের মানুষ। সোহাগের মন মানতে চায় না, অভিকে কখনও একান্ত কথা কারো সঙ্গে বলতে শুনেনি। বাড়ি থেকে বেরোলেও ঘণ্টায় ঘণ্টায় ফোন করে। বোম্বে দিল্লি গেলে পারফিউম আনে ডিজাইনার নাইটি আনে। বোম্বের  কলিগ নাগচেতনের বউ কথায় কথায় দুটো নাইটি কেনার কথা বলে সন্দেহ ঢুকিয়েছিল মনে, একটাই তো এনেছ। এরকম প্রমাণহীন অনেক তথ্য অনেকে তার কানে দিয়েছে। ভারি হতে হতে বিমর্ষ হয়ে থেকেছে, কিন্তু অভিজিতএর কোন হেলদোল নেই, যেমন ছিল তেমনই আছে, তার প্রিয় একান্ত। এখনও বর্ষার রাতে ব্যালকনিতে ওকে জড়িয়ে গায় অতুলপ্রসাদের গান। এত স্ট্রেস সহ্য হচ্ছিল না, কেমন এক সন্দেহজনক শীতলতায় আক্রান্ত হচ্ছিল সোহাগ। তাই একটা আকাশ চাইছিল একা একা। শান্তিনিকেতন ওদের প্রিয় জায়গাও বটে। তবে রাইকে নিয়ে তার সমস্যা নেই, রাইকে তো স্কুলকলেজ জীবন থেকেই চেনে,  বন্ধুরা বলে ক্লোন কপি। কাউকে তো বলতে হবে মনের কথা, যদি দরকার হয় রাইকেই খুলে বলবে মনোব্যথা। দয়াদাও কুচুটে মানুষ নয়, অভির বন্ধু হয়ে গেছে মাত্র দুবারের দেখায়। তবে রাইও মাঝে মাঝে আনতাবড়ি কথা বলে, সোহাগের রাগ হয়। তখন হোটেলের কালো মেয়েদের কথা বলায় ওর রাগ হয়। শুধু অভির কথা কেন বলল। ওরা তো এডাল্ট ভ্রমণেই এসেছে, ডাক্তার বলে কী দয়াদা গাছের গোটা। চোখ জ্বালাটালা কিছু নয়। রাগে শরীর খারাপ হয়। অভির সঙ্গে খুব একলা থাকার সাধ হয়। তাই তাড়াতাড়ি রুমের দিকে পা বাড়ায় যাওয়ার আগে রাইকে বলে,
---রুম সার্ভিস বলে দিস।
     দয়াশঙ্কর অভিজিতকে ঈশারায় থেকে যেতে বলে। সোহাগ বলে,
--- তুমি থেকে যাও ওদের সঙ্গে। রাই, ও থাকুক, বাট হেণ্ডেল উইথ কেয়ার।
    সোহাগ জানে উল্টো কথায় কাজ হয় তার গৃহপালিত প্রভুর। দয়াশঙ্করকে কাটাতে বুদ্ধি খাটিয়ে বলে,
--- স্যুইমে যাবে দয়া?
     এক ঘণ্টায় ফ্রেশ। ওদের স্যুইম স্যুট নেই, অভি সোহাগের আছে। আবার জোর দিয়ে বলে,
--- ওয়ান আওয়ার প্লিজ।
       সোহাগের উত্তেজনা হলে ভুল ভাল হয়। লক কার্ড উল্টো ঢুকিয়ে বিরক্ত হয়ে অভিজিতকে দেয়, দরজা খুলেই জাপটে ধরে চকাশ করে স্বামীকে দেয় এক চুমু। অনেকক্ষণ পর শ্বাস ফেরাতে মুখ খুলে বলে,
--- ইউ লাভ মি? অভিজিত তার ভুবনমোহন মুচকি হাসি বিকশিত করে। সোহাগ আবার বলে,
--- বলো, ভালবাস কি না?
--- ও, ইয়েস।
   বলে অভিও নিবিড় হয়।
--- ওকে,  তাহলে চলো।
--- চলো। কোথায় যাবে এই রাতে?
--- রাত কোথায়? এখন চান করব, ড্রেস করব, তারপর তো। কী পরব বল, টুনাইট ইজ ইওরস, সে।
--- ঘরে তো রাতের পোষাকই পরবে।
--- নো, মনে করো বাইরে যাবো। রুবিকন পরব? পিচ কালারটা? অফ শোল্ডার?
--- ওহ নাইস। কোল্ড শোল্ডার এনেছ ? পি কা বুএকটু বডিহাগিং হলে ভাল লাগবে।
--- গট ইওর পয়েন্ট, মোটা হয়েছি? আর তুমি কী পরবে? ওরেঞ্জ প্রিন্টেড শর্ট এনেছি, ফুল স্লিভ হেনলে টি-শার্টটা পরবে?  
--- ওকে ম্যাডাম।
--- দুঘণ্টার জন্য হারিয়ে যাব আমরা। ওয়ান আওয়ার গ্রেস টু ডক্টর দয়াশঙ্কর।
       সুলতানকে ডিনারের জন্য পাঁচশ টাকা নাচিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে ওরা নৈশ অভিযানে। শান্তিনিকেতন ওদের চেনা জায়গা বলে প্রান্তিক পৌঁছে যায় পাঁচ মিনিটে। প্রিয় সোনাঝুরি ক্লাব এর নিরিবিলিতে। একই আছে দক্ষিণের জানালা  সামনের আঁকাবাঁকা পথ চলে গেছে ইস্টিশনের দিকে। শুক্লপক্ষের চাঁদ আর ভেপার আলোয় কাঁচের জানালা কথা বলে। ইচ্ছে না হলেও হারিয়ে যাওয়ার কথা বলে। ড্রিংকস এর ব্যাপারে সোহাগ অভির উপর কথা বলে না, তাই রাজকীয় ঢংয়ে বসে দুটো হাই বল দিতে বলে। কিন্তু সোহাগের মন আজ শুধু স্কচ আর সোডায় মানছে না সামান্য পরিবর্তন চেয়ে বলে,
  --- একটু লুকোচুরি হোক না। ভোদকা উইথ লাইম?
     অভিজিত উদারতায় মুক্ত হস্ত। বলে,
  --- না হয় তাই হল। কিন্তু এই গন্ধ বিধুর সমীরণে কেন নির্গন্ধ হতে চাইছ বউ?
  --- রবিঠাকুর আছেন না পথ রুধি? তাঁর বাড়ির উপর দিয়ে ফিরতে হবে যে।
  --- আর ইউ শিওর ম্যাডাম?
  --- কী?
  --- তিনি খেতেন না?
 --- কী জানি? ঠাকুর হয়েছেন যখন ও ব্যাপারে সন্দেহ না রাখাই ভাল। আচ্ছা,  বললে না তো হাও আই লুক?
--- এক দু পাত্র চড়ুক, একটু বিবশ হই।
--- বিবশ! রাইট ওয়ার্ড। এর জন্যই না তুমি একমাত্র। ওনলি ওয়ান। তুমি কার সঙ্গে এত কথা বল? বল তো ?
--- হঠাৎ।
--- তোমায় সন্দীপের কথা বলিনি?
--- তোমার লাভার বয়।
--- আমাকে দেখত আর প্রশংসা করত।
--- আমি পারি না।
--- মুখে বলতে হয় না, বডি টক।
--- কথা বলে কতটুকু হয়, মাত্র সাত শতাংশ, বেশিটাই শরীর ভাষ্য।
--- তোমার পুরুষালি ব্যাপারটা দারুণ। চোখ মুখ মাংসপেশী কথা বলে। তোমার ড্রেস, কেন যে সিগারেট ছেড়ে দিলে।
--- বাট ডোন্ট রেজিস্ট মি টুনাইট টু টক। ইউ আর জাস্ট র‍্যাভিসিং।  
--- বুড়ি হয়ে গেছি বলছ।
--- নো
---ও।
--- একটু ফ্ল্যাবি। ওটাও একটা রূপ। আর এই পরিধানও তোমার শরীরকে চায়।
       কথা না বলার কথা বলে ওরা অনেক কথা বলে। কথা বলা শেষ করে ওরা মুখোমুখি বসে থাকে। পেখম মেলা সোহাগ অভির দিকে তাকায় না। কাঁচের জানালা দিয়ে নীচের মায়াবি আলোর আঁধার দেখে। সোহাগ চাইছে তাঁর বর তাকে দেখুক অপার্থিব একান্ত সুন্দর পরিবেশে। ফিরে পেতে চাইছে তার রহস্যময় মানুষকে। দু পাত্র শেষ করে ওরা নীরবে। সোহাগ মুখোমুখি থেকে অভিজিতকে কাছে ডাকে। বলে,  
---তুমি তো শুনেছি তোমার অফিসের রবিন হুড। কত কিছু করতে পার।                             --- বাড়িতে কী আমি হিটলার?
--- হলে তো ভালই ছিল, তুমি এত কেয়ারিং? অন্যরকম ভাবতেই পারি না। রাই আমার বেস্ট ফ্রেণ্ড, সব কথা বলতে পারি না ওর সঙ্গে, দম আটকে আসে। তুমি কি জানো আমি কত একা। কতক্ষণ আর একসঙ্গে থাকি আমরা। তুমি তোমার ইমেজ বাঁচাতে অফিস অফিস কর বাড়িতেও। ফোনে কথা বল।
--- ইন্সট্রাকশন থাকে কতরকম।
--- গভীর রাতেও ইন্সট্রাকশন, আজ সকালেও কথা বলেছিলে।
--- কখন?
--- বেরোনোর আগে।
--- সুব্রত, তুমি চেনো।
---রাই বলল মেয়ে।
--- তোমার বন্ধুটি কি সিআইডিতে কাজ করে?
--- ব্যালকনি থেকে কলকাতার দৃশ্য বলছিলে, তাড়াতাড়ি সুস্থ হতে বললে।
--- মধুমিতা। সুব্রতর স্ত্রী।
--- তোমার সব ভাল। মেয়েদের প্রতি অগাধ কৌতূহল ভাল। ছোঁকছোঁক ভাল। সব কথা যে বলে দাও সেও ভাল। কার বাস্টলাইন সুন্দর, কার পাছা... ধুর চড়ে গেছে দেখছি। ইদানীং কেন মনে হচ্ছে তুমি ভার্চুয়াল থেকে রিয়েল হয়ে যাচ্ছো, যেন কেউ আছে, আমি হেরে যাচ্ছি আমি কি তোমার লাভ ইন্টারেস্ট নই আর? ফ্ল্যাবি হলে সেক্স ইন্টারেস্ট থাকে না? চলো, ওরা অপেক্ষায় আছে। ফিরতে ফিরতে একটা গান গাইবে?
--- গাইব। আজ হু হু হু।
--- বা, জ্যোৎস্নারাতে  আমাকেও গাইতে হবে।
       ঝড়ের বেগে শান্তিনিকেতনের ধারা বিবরণী শুনিয়ে যায় সোহাগ। আসলে বাল্যবন্ধুকে  জ্ঞান দিতেও একটু ভয় ভয়। দয়াশঙ্কর ডাক্তারের সামনে কী বলতে কী বলে ফেলবে। খুব রহস্যময় মানুষ। বলছে ওরা প্রথম এসেছে, রাই ঠিকই বলেছে, দয়াশঙ্কর নিজেকেই অস্বীকার করছে। বলছে বনবানী হোটেলে ছিল তিন মাস। তাও রাইকেই বলে দেবেন ঠাকুরের কুড়ি বিঘা জমির ইজারা নেওয়ার কথা। মহর্ষির শান্তিনিকেতন নামে ভুবনডাঙার অতিথিশালার নির্মাণকথা। রবীন্দ্রনাথের বাড়ি উত্তরায়ণ কমপ্লেক্সের ভিতর যে  উদয়ন কোনার্ক শ্যামলী পুনশ্চ আর উদিচি। ওদিকে নতুন বাড়ি দেহলি আম্রকুঞ্জ ছাতিমতলার ব্রাহ্মমন্দির। মাটি ভাঙা খোয়াই এ মেলা বসে সকাল থেকে। এগিয়ে গেলেই কোপাই নদী। শ্রীনিকেতন ছাড়িয়ে আমার কুঠিতে বাটিক সিল্ক আরও নানান ধরণের শাড়ি। ঘর সাজানোর সামগ্রী। বিশ্বভারতীর ভিতরে শুধু ভবন। চিনা হিন্দি নিপ্পন সঙ্গীত বিদ্যা শিক্ষা বিনয় পাঠ আর সবার সেরা কলাভবন। রামকিঙ্করের বিখ্যাত কলের বাঁশি সাওতাল পরিবার বুদ্ধ আর সুজাতা।
 --- উত্তরায়ণ বুধবার বন্ধ বলেই আমরা বৃহস্পতিবার এসেছি।
      সোহাগ দেখাতে দেখাতে মন্তব্য করে।
 --- বুধবারে এলেও ক্ষতিবৃদ্ধি কিছু হতো না।
      সেমসাইড  টিপ্পনি কাটে আবার সোহাগ।
       শান্তিনিকেতন এসে অমর্ত্য সেন এর বাড়ি দেখা হবে না, এ হয় নাকি। তার উপর অভিজিত যখন কথা দিয়েছে দয়াশঙ্করের লুপ্ত সরাইখানা বনবানী ফিরিয়ে দেবে। শান্তিনিকেতনের সব বাড়িই প্রায় যেমন ছিল তেমন আছে। রবীন্দ্রনাথ এলেও চিনতে অসুবিধে হবে না। বনবানীও পাওয়া গেল, সংকেত ফলকটি একই আছে, ছোট দোতলা বাড়ির সিঁড়ি ঘরের অফিসে নাকি হুবহু ওরকম বসে থাকতেন সোমেন কাকু। এখন অন্যজনও অনেকটা উনার আদলে। দয়াশঙ্কর লোকটাকে বলল,
 --- দুই ছেলে খুব উৎপাত করত, তবলা বাজাতে হত তাকে,  কী দারুণ গাইত দুভাই
লোকটি হাসে, বলে,
 --- আমি বড় ছোটটা এখন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়ক বনবিহারী গুহঠাকুরতা। বনবিহারী নাম শুনে  রাই সোহাগ এর মুখ উজ্জ্বল হয়, দয়া ভাবলেশহীন। বনবানী আবিষ্কারের ধাক্কা এখনও সামলাতে পারে নি, অভিজিত তৎপর হয়ে বলে,
    --- চা খাওয়া যাবে? কিংবা প্রাতরাশ?
   --- না, এখন আর আবাসিক থাকে না, বোলপুর স্টেশন রোডে চলে যান, অদ্বৈত হোটেলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব পাবেন।
     সোহাগ হাল ছাড়তে রাজি নয়, বলে,
 --- তাহলে হোটেল খোলা রেখেছেন কেন?
 --- এখন বাড়ি। বাবার আমলের আদলটা রেখেছি।  
 --- ও, তা বনবিহারীর ক্যাসেট পাওয়া যাবে?
 --- না। সুবর্ণরেখায় পাবেন, রতনকুঠির কাছেই।
      অভিজিত তাও নাছোড়বান্দা, বলে,
 --- বাথরুম যাওয়া  যাবে?
      লোকটা আর না করে না, ঐ দূরে বারান্দা দেখিয়ে দেয়।  রাই আবার সোহাগের জামদানির আঁচল ধরে টানে,
 --- বুঝলি তো দুই পাগলে চিবিয়ে খেয়েছে এক পাগলের মাথা। চল চল পালাই।
       ছেড়ে দেওয়া আঁচলটা আবার সজোরে টানে রাই,  বলে,
 --- আমি বেট ধরে বলতে পারি ঐ মেয়েটিই।
 --- কোন মেয়েটি?
 --- যাকে নতলা থেকে কলকাতা দেখিয়েছিল অভিদা। ঐ দেখ মোবাইল কানে।
       দুদিন তো ভালই কাটল।  রাই দয়া তৃতীয়বারের জন্যও পাকা কথা দিল, আসছে বছজ্র আবার হবে। তবে অন্য ভেনু, ঠিক করবে অভিজিৎ। বনবানীর বাথরুম থেকে ফেরার পর অভির মোবাইল চেক করেছে সোহাগ,  রাইর  ধারণা ভুল, সুব্রতকেই ফোন করেছে অফিসে। রাইটার সব ভাল, কিন্তু ছোট থেকেই মানুষের পিছনে লাগার, গোয়েন্দাগিরি করার অভ্যাস গেল না। তাই  রাইকে  তার জয়ের খবর জানাতে ভোলে না। রাইও  খুশি হয়ে বলে,
 --- যাক। তবে বন্ধু, শত্রুকে দুর্বল ভাবিও না। তইকিকাত জারি রেখো। রাই  মিশ্রর এত ভুল হয় না, এমনও হতে পারে কথা বলেই হিস্টরি ডিলিট করে দিয়েছে, সুব্রতকে একটা ফলস রিং করে দিয়েছে সঙ্গে সঙ্গে। কিংবা সেই বৃন্দাবন বিলাসিনীর মিথ্যে নামই সুব্রত।
--- সে আমি কল করে দেখেছি, সুব্রতদাকে চিনি।
--- তাহলে আর কী, মনকলা খাও।
       সোহাগ বিশ্বাস করে  রাইর  পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। জিরো ফেইলার। তাই নতলার ফ্ল্যাটে ফেরার পর অভিজিৎ এর দেখাশোনা খাওয়া দাওয়ার উপর তীক্ষ্ণ নজর দেয়, সব নিজের হাতে রান্না করে খাওয়ায়। স্বামী সেবা হয়, কিন্তু কিজানি কি একটা হারিয়ে ফেলে সোহাগ। অভিজিৎ এর এসবে সুখ হয়, তার মোবাইল কথা বলার সময়ও যায় বেড়ে। এখন আর সে স্বাভাবিক ভাবেও কথা বলে না ফোনে, ফিশফিশিয়ে বলে। সোহাগ আড়ি পাতে না, এমনকি মোবাইলও চেক করে না। ওদের বিবাহবার্ষিকীর দিনও যখন টেরেসে গিয়ে ফিশসিশ করল অভিজিত, তার পরদিনই সে একটা কাজ করল,  ভোডাফোন স্টোরে অভির সই নকল করে একটা কললিস্ট চেয়ে চিঠি দিয়ে এল, এখন অপেক্ষা কললিস্টেরবলেছে দুদিনেই হার্ড কপি পৌঁছে যাবে। বুদ্ধিটা কিন্তু তার নিজের। যদিও জানে না কললিস্ট আনিয়ে সে কী করবে। সত্যি সত্যি কি  কোন ঘুণপোকা আছে কোথাওথাকলেও দুদিন অপেক্ষায় থাকা যাবে না। এর চেয়ে ভাল অভির সইটা আবার নকল করে বলে দেওয়া লাগবে না। ডাটসুন গো র  চাবি নিয়ে বেরিয়ে পড়ে  সোহাগ সিটি সেন্টারের দিকে।





দৈনিক যুগশঙ্খ পত্রিকা
৩০/০৪/২০১৭। 



*****